
৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার-২০২১ প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২০ মে) এক অনাড়ম্বর অনুষ্ঠানে গণভবন থেকে তিনি এ পুরস্কার দেন।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে চার জন মরণোত্তর এ পুরস্কার পান। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য যাদের এ পুরস্কার দেয়া হলো। তারা হলেন- আহসান উল্লাহ মাস্টার, এ কে এম ফজলুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল খুরশীদ আহমেদ, আখতারুজ্জামান চৌধুরী বাবু।
অন্যরা হলেন- বিজ্ঞান ও প্রযুক্তিতে ড. মুন্ময় গুহ নিয়োগী, সাহিত্যে মহাদেব সাহা, সংস্কৃতিতে আতাউর রহমান, গাজী মাজহারুল আনোয়ার, সমাজ সেবায় অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন। এছাড়া গবেষণা ও প্রশিক্ষণে অবদান রাখায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল স্বাধীনতা পুরস্কার পেয়েছে।
জাতীয় শ্রমিকনেতা বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মাস্টারের পক্ষে তার ছেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক এ পুরস্কার গ্রহণ করেন।
পুরস্কার গ্রহণকালে প্রতিমন্ত্রী তার বাবাকে স্বাধীনতা পুরস্কার প্রদান করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আমার বাবা শহীদ আহসানউল্লাহ মাস্টার আমৃত্যু দেশ ও জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে নিজের জীবনবাজি রেখে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। বঙ্গবন্ধুর মতোই তিনি কখনো ভাবতেই পারেন নাই তাকে হত্যা করা হতে পারে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, বিএনপি জামায়াত দোসররা তাকে প্রকাশ্য দিবালোকে নিজ বাড়ির সামনেই নির্মম ভাবে হত্যা করে। মহান মুক্তিযুদ্ধে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি আজ স্বাধীনতা পুরস্কার পেলেন কিন্তু আফসোস তিনি এ খবরটি পর্যন্ত জানতে পারলেন না।
ওয়াই
আরটিভি’র সর্বশেষ নিউজ পেতে ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন...
https://www.facebook.com/rtvnews247




