
তথ্যপ্রযুক্তি আইনে সঙ্গীতশিল্পী শফিক তুহিনের দায়ের করা মামলায় আরেক সঙ্গীতশিল্পী আসিফ আকবরের বিচার শুরু করা হবে কি না, তা জানা যাবে মঙ্গলবার।
সোমবার (৮ নভেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালতে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হয়। শুনানি শেষে আদালত আদেশের জন্য ৯ নভেম্বর দিন ধার্য করা হয়।
এদিন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম শামীম শিল্পী আসিফের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আবেদন জানান। অপরদিকে, আসিফের আইনজীবী জজ আহমেদ মামলা থেকে অব্যাহতি চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এ বিষয়ে আদেশের জন্য মঙ্গলবার (৯ নভেম্বর)দিন ধার্য করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নজরুল ইসলাম শামীম এ তথ্য নিশ্চিত করেছেন।
২০১৮ সালের ৪ জুন মাসে গীতিকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিন আসিফের বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, ২০১৮ সালের ১ জুন চ্যানেল টোয়েন্টিফোরের সার্চ লাইট অনুষ্ঠানের মাধ্যমে শফিক তুহিন জানতে পারেন, অনুমতি ছাড়াই তার এবং বিভিন্ন গীতিকার ও সুরকারের ৬১৭টি গান বিক্রি করেছেন আসিফ। ২ জুন এ বিষয়ে ফেসবুকে একটি পোস্ট দেন শফিক তুহিন। এর পরিপ্রেক্ষিতে পরদিন রাতে আসিফ ফেসবুক লাইভে এসে বাদীকে নিয়ে আপত্তিকর মন্তব্যসহ হুমকি প্রদান করেন বলে অভিযোগ ওঠে।
এমএন/এসকে




