
মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াত নেতা আব্দুল খালেক মণ্ডলসহ ২ জনের রায় যেকোনো দিন ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আব্দুল খালেক সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমির ও সাবেক সংসদ সদস্য।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল রায়ের জন্য সিএভি (রায় যে কোনো দিন) রাখেন।
রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন জানান, আজ (বৃহস্পতিবার) আমাদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। পরে আদালত মামলাটি যেকোনো দিন রায় দেবেন বলে সিএভি করেন।
উল্লেখ্য, শিমুলবাড়িয়া গ্রামের রুস্তম আলীসহ ৫ জনকে হত্যার অভিযোগে ২০০৯ সালের ২ জুলাই খালেকের বিরুদ্ধে মামলা করেন শহীদ রুস্তম আলীর ছেলে নজরুল ইসলাম গাজী। এরপর ২০১৫ সালের ১৬ জুন সাতক্ষীরা সদর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ওই বছরের ২৫ আগস্ট খালেকের বিরুদ্ধে সাতক্ষীরায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের ৩টি মামলার মধ্যে শহীদ মোস্তফা গাজী হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখায় ট্রাইব্যুনাল।
আসামির বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, আটক, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের ৭টি অভিযোগ আনে প্রসিকিউশন। যার মধ্যে রয়েছে ৬ জনকে হত্যা, ২ জনকে ধর্ষণ, ১৪ জনকে শারিরীক নির্যাতনের অভিযোগ।
আরএ/




