
গণপরিবহনে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী তাদের জন্য অর্ধেক ভাড়া কার্যকরের সিদ্ধান্ত নিয়েছেন বাসমালিকরা। তবে এ ক্ষেত্রে কিছু শর্তও নির্ধারণ করেছে তারা।
আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ শর্তসাপেক্ষ অর্ধেক ভাড়া কার্যকরের ঘোষণা দেন।
তিনি বলেন, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের ছবিযুক্ত পরিচয়পত্র দেখিয়ে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত হাফ ভাড়া দেওয়া যাবে। সাপ্তাহিক ছুটি, সরকারি ছুটি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের মৌসুমি ছুটির সময় হাফ ভাড়া দেওয়া যাবে না। শুধু ঢাকা মহানগরে চলাচলকারী বাসে হাফ ভাড়া দেওয়া যাবে; ঢাকার বাইরের জন্য এ সিদ্ধান্ত কার্যকর হবে না। এ সিদ্ধান্ত কাল ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।
খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ছাত্রদের দাবির ব্যাপারে তারা মালিক-শ্রমিক ও বিআরটিএ’র সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন। গতকাল সোমবার ১২০টি পরিবহন কোম্পানির এমডিদের সঙ্গে এবং পাঁচটি শ্রমিক সংগঠন ও ফেডারেশনে সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, গণপরিবহনের অর্ধেক ভাড়ার দাবিসহ ৯ দফা দাবিতে প্রায় দুই সপ্তাহ ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সম্প্রতি ডিজেলের মূল্যবৃদ্ধির পর রাজধানীর সড়কে এবং দূরপাল্লার বাসের ভাড়া বৃদ্ধি করেন পরিবহন মালিকরা। এরপরই এ আন্দোলনের শুরু। আজও রাজধানীর রামপুরা, ধানমন্ডির রাপা প্লাজাসহ বিভিন্ন এলাকায় নিরাপদ সড়কের দাবিতে সড়কে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।
এসএস/টিআই




