
প্রায় ৩ ঘণ্টা তল্লাশি চালানোর পর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ান এয়ারলাইনসের (এমএইচ-১৯৬) ফ্লাইটে কোনো বোমা পাওয়া যায়নি বলে জানিয়েছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল আহসান।
বুধবার দিবাগত রাত সোয়া ১টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল আহসান বলেন, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র্যাবের মাধ্যমে ইনফরমেশন পাই যে মালয়েশিয়ান ওই উড়োজাহাজে বোমাসদৃশ বস্তু থাকতে পারে। এই তথ্যের ভিত্তিতে এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করেছি। সবার পরামর্শে উড়োজাহাজটি একটি নিরাপদ জায়গায় রেখে তল্লাশি চালানো হয়। পরে যাত্রী, উড়োজাহাজ ও লাগেজের কোথাও বোমার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে।
তিনি বলেন, বিমানটি রাত সাড়ে ৯টায় ল্যান্ড করলেও নিরাপত্তা তল্লাশির কারণে রাত ১টার দিকে লাগেজ স্ক্যান করা শেষ হয়। পরে যাত্রীদের ছেড়ে দেওয়া হয়েছে। বিমানটি নিরাপদ হওয়ায় পরবর্তী ফ্লাইট পরিচালনার জন্য অনুমতি দেওয়া হয়েছে।
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, তথ্য ছিল সেটা যাচাই করতে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তল্লাশি চালানো হয়। এখন পর্যন্ত সন্দেহজনক কোনো কিছু পাওয়া যায়নি।
এর আগে, বোমা আতঙ্কে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট জরুরি অবতরণ করে। বুধবার (১ ডিসেম্বর) রাত ৯টা ৩৮ মিনিটে এমএইচ ১৯৬ নামের ওই ফ্লাইটটি কুয়ালালামপুর থেকে ঢাকায় অবতরণ করে।
এসএস/এসকে




