
দেশে তেল, চাল, ডাল, চিনি, সিলিন্ডার গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে চলমান কর্মসূচি ২৭ মার্চ পর্যন্ত অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বৃহস্পতিবার (১৭ মার্চ) সিপিবি সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, পর্যাপ্ত ন্যায্য মূল্যের দোকান ও রেশনিং চালু, সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে ১০ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত সারাদেশে সিপিবি বিক্ষোভ কর্মসূচি সফলভাবে পালন করা হয়েছে। টেকনাফ থেকে তেঁতুলিয়া সর্বত্র এসব দাবিতে সভা, সমাবেশ, পদযাত্রা, বিক্ষোভ হয়েছে।
কর্মসূচি সফল করায় পার্টির সংশ্লিষ্ট সব শাখা, উপলো-জেলা কমিটি ও সচেতন দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দের অভিযোগ সপ্তাহব্যাপী কর্মসূচি পালনে বরিশাল, খুলনা, নারায়ণগঞ্জ, সান্তাহারে ‘আওয়ামী সন্ত্রাসী’ ও পুলিশ বাধা দিয়েছে। বাধা দেওয়া তীব্র নিন্দা জানিয়ে তারা বলেন, বাধা দিয়ে, কমিউনিস্টদের জনস্বার্থের লড়াই থেকে পিছু হটানো যাবে না।
নেতৃবৃন্দ বাম গণতান্ত্রিক জোটের ডাকা ২৮ মার্চের হরতাল সফল করতে সর্বাত্মক প্রচেষ্টা নিতে এবং আগামী ২৮ মার্চ পর্যন্ত সারাদেশে সভা, সমাবেশ, পদযাত্রা, বিক্ষোভ অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।




