
সারসহ আটটি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট খরচ হবে এক হাজার ৭২২ কোটি ৬৩ লাখ ১২ হাজার ৯১৫ টাকা।
বুধবার (১৬ নভেম্বর) দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। বৈঠকটি অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৬তম এবং সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৪তম সভা।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাইদ মাহবুব খান সাংবাদিকদের ব্রিফ করেন।
অতিরিক্ত সচিব বলেন, ক্রয় কমিটিতে আটটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। প্রস্তাবনাগুলোর মধ্যে শিল্প মন্ত্রণালয়ের চারটি, কৃষি মন্ত্রণালয়ের দুটি, বিদ্যুৎ বিভাগের একটি এবং সেতু বিভাগের একটি প্রস্তাবনা ছিল।
আসন্ন বোরো মৌসুমে ব্যবহারের জন্য সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও কানাডা থেকে এক লাখ ৮০ হাজার টন সার কিনবে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে এক হাজার ২৯৩ কোটি ১৭ লাখ ৩৪ হাজার ৮০৭ টাকা। এছাড়া ২১৫ কোটি ১৪ লাখ টাকায় ৩০ হাজার টন ফসফরিক এসিড কেনারও অনুমোদন দেওয়া হয়েছে।
শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) কর্তৃক সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে।




