
স্বাস্থ্য খাতে মৌলিক চিকিৎসা বিজ্ঞান নিয়ে গবেষণা এবং দক্ষ জনশক্তি গড়তে ওয়ার্ল্ড হার্ট ফেডারেশনের (ডব্লিউএইচএফ) সহযোগিতা চায় বাংলাদেশ।
শনিবার (৩ ডিসেম্বর) ডব্লিউএইচএফের নির্বাচিত প্রেসিডেন্ট ডা. জগৎ নরুলার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সহযোগিতার কথা বলেন।
প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাক্ষাৎ শেষে সাংবাদিকদের জানান, ডব্লিউএইচএফের প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন চিকিৎসা বিজ্ঞানের ওপর মৌলিক গবেষণা পরিচালনায় আমাদের সহায়তা করুন এবং আমাদের জনশক্তি বিকাশে অত্যাধুনিক প্রশিক্ষণ দিন। আমাদের সরকার স্বাস্থ্যসেবা খাতের উন্নতির জন্য চিকিৎসা বিজ্ঞানের ওপর গবেষণায় গুরুত্ব দিচ্ছে।
মো. নজরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী বর্তমান সরকারের আমলে কৃষি খাতে গবেষণার কথা উল্লেখ করে ডব্লিউএইচএফের প্রেসিডেন্টকে বলেছেন বাংলাদেশ দুধ, মাংস ও মাছ উৎপাদন বৃদ্ধির পাশাপাশি খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। কৃষি খাতে বাংলাদেশের সাফল্যের পেছনে গবেষণার অবদান রয়েছে। এখন আমাদের সরকারের প্রধান লক্ষ্য স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন সারাদেশে ১৮ হাজারেরও বেশি কমিউনিটি ক্লিনিক এবং স্বাস্থ্যসেবা কেন্দ্র স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে কাজ করছে। কমিউনিটি ক্লিনিক থেকে মানুষ বিনামূল্যে ৩০ ধরনের ওষুধ পাচ্ছেন। সরকার চিকিৎসা বিজ্ঞানে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য ইতোমধ্যে বিভাগীয় সদরে পাঁচটি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে এবং দেশের প্রতিটি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা ভাবছে।
এ সময় ডব্লিউএইচএফের নির্বাচিত প্রেসিডেন্ট জগৎ নরুলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নের প্রশংসা করেন।
জগৎ নরুলা বলেন, বাংলাদেশে অনেক প্রতিভাবান চিকিৎসক আছেন। তাদের দক্ষতা বাড়ানোর জন্য উপযুক্ত প্রশিক্ষণ ও সহায়তা প্রয়োজন। আমি আগামী জানুয়ারিতে ওয়ার্ল্ড হার্ট ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করব। দায়িত্ব নেওয়ার পর আমার প্রথমে বাংলাদেশ, ভারত ও মঙ্গোলিয়ার সঙ্গে কাজ করার চিন্তা রয়েছে।




