
আগামী ১৫ ডিসেম্বর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সোমবারই ছিল তার শেষ মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিং।
সোমবার (১২ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে শেষ মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিংয়ে আনোয়ারুল ইসলাম বলেন, কৃতজ্ঞতা জানাই। আজ অফিসিয়ালি আপনাদের (সাংবাদিক) সঙ্গে শেষ (ব্রিফিং)। মন্ত্রিসভা ধন্যবাদ দিয়েছে।
দেশের কল্যাণে কাজ করতে গিয়ে ভুল ত্রুটি হয়েছে স্বীকার করে নিয়ে দেশবাসীর কাছে ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানান তিনি।
ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে সাংবাদিকদের তিনি বলেন, মাত্রই অবসর নিচ্ছি। আল্লাহর রহমতে দেখা যাক কী করা যায়।
সরকারের নতুন কোনো প্রকল্প বা খাতে দেখা যাবে কি না, এমন প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম বলেন, এগুলো নিয়ে আলোচনা হয়নি। আমি সরকারি চাকরিজীবী হিসেবে অনেক ভাগ্যবান। সম্ভবত ৪০ বছর। আমি সেক্রেটারিও ২০১১ সাল থেকে।
সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আপনাদের কথাও মনে থাকবে। আপনাদের সবার প্রতি আমার দোয়া রইল।
প্রসঙ্গত, মন্ত্রিপরিষদে সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। রোববার (১১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উপসচিব এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এ হিসেবে ২৩তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে কবির বিন আনোয়ার নিয়োগ পেয়েছেন। তিনি মোহাম্মদ খন্দকার আনোয়ারুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন।




