
পান্না দাশ সুমিকে হত্যা করে লাশ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করেন স্বামী অনুজ কর্মকার। নিহতের ছোট ভাই সঞ্জয় দাশ এমন অভিযোগ করেন।
গত ১ ডিসেম্বর রাজধানীর বাড্ডায় ৬তলা ভবনের একটি ফ্ল্যাট থেকে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো পান্নার লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় গত ১১ ডিসেম্বর ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা করেন নিহতের ভাই সঞ্জয় দাশ।
অনুজের বাড়ি চট্টগ্রামের বায়েজিদ থানার অক্সিজেন এলাকায়। পান্নার বাড়ি নগরীর কোতোয়ালি থানার দেওয়ান বাজার এলাকায়।
জানা গেছে, ২০২০ সালের ১৩ মার্চ পান্নার সঙ্গে অনুজের বিয়ে হয়। তারা ঢাকায় ঢাকায় বসবাস করতেন। এ দম্পতির ১৪ মাস বয়সী এক সন্তান রয়েছে।
মামলার বাদী নিহতের ভাই সঞ্জয় দাশ বলেন, এক নারীর সঙ্গে অনুজের সম্পর্ক জেনে যাওয়ায় পান্নার ওপর নির্যাতন চালায় অনুজ। এরই ধারাবাহিকতায় পান্নাকে হত্যা করে লাশ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করে সে।
অভিযোগ অস্বীকার করে অনুজ কর্মকার বলেন, পান্না আত্মহত্যা করেছে এবং ময়নাতদন্ত প্রতিবেদন পেলে সত্য বেরিয়ে আসবে। কারও সঙ্গে আমার অনৈতিক কোনো সম্পর্ক নেই।




