
দেশে বায়ুদূষণ নিয়ন্ত্রণে জাতীয় কমিটি গঠন করেছে সরকার। এ কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারকে পরামর্শ দেবে।
এ ছাড়াও কমিটি বায়ুদূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় করবে।
‘বায়ুদূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত জাতীয় কমিটি গঠন’ করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্প্রতি এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
২৭ সদস্যের কমিটিতে সভাপতি থাকবেন মন্ত্রিপরিষদ সচিব। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমিটিতে সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও দপ্তর-সংস্থার শীর্ষ কর্মকর্তারা সদস্য হিসেবে রয়েছেন।
‘বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২’-এর অধীনে বায়ুদূষণ নিয়ন্ত্রণে নির্ধারিত মানমাত্রা অর্জন ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট করণীয় নির্ধারণ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা, প্রতিষ্ঠানকে বাস্তবায়নের নির্দেশনা দেবে এ কমিটি।
এ ছাড়া জাতীয় কমিটি কোনো শহর, অঞ্চল বা নির্দিষ্ট স্থানের বায়ুদূষণের মাত্রা অস্বাস্থ্যকর পর্যায়ে উপনীত হলে উক্ত শহর, অঞ্চল বা স্থানে অবস্থিত শিল্পপ্রতিষ্ঠান বা প্রকল্প, যানবাহন বা বায়ুদূষণ সৃষ্টিকারী যে কোনো উৎসের চলাচল বা কার্যক্রমের ওপর বিধিনিষেধ আরোপ বা সীমিত করার নির্দেশনা দেবে।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জাতীয় কমিটি বছরে কমপক্ষে দুটি সভা করবে। তবে সভাপতি যে কোনো সময় জাতীয় কমিটির সভা আহ্বান করতে পারবেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এ কমিটিকে সহায়তা দেবে।




