
পুলিশ পরিদর্শক মামুন হত্যা মামলায় আরাভ খান ওরফে রবিউল ইসলামসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন মনিন্দ্র মোহন সরকার নামে একজন।
বৃহস্পতিবার (৬ জুলাই) ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সল আতিক বিন কাদেরের আদালতে তিনি এই সাক্ষ্য দেন। এরপর আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন।
রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী মো. রুহুল আমিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ৯ এপ্রিল আদালতে মামুনের বোন রওশন আক্তার, দুলাভাই মোশারফ হোসেন খান, বাসার কেয়ারটেকার মিরাজুল ইসলাম ও সিকিউরিটি গার্ড মানিক সাক্ষ্য দেন। এরপর আসামিপক্ষের আইনজীবীরা তাদের জেরা করেন। মামলাটিতে ৩৮ জন সাক্ষীর মধ্যে এগারো জনের সাক্ষ্য শেষ হয়েছে।
এ মামলার অন্য আসামিরা হলেন- সুরাইয়া আক্তার কেয়া, রহমত উল্লাহ, স্বপন সরকার, মিজান শেখ, আতিক হাসান, সারোয়ার হাসান ও দিদার পাঠান। এদের মধ্যে আরাভ ও কেয়া পলাতক রয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালের ৭ জুলাই রাজধানীর বনানীতে খুন হন পুলিশ পরিদর্শক মামুন এমরান খান। এ ঘটনার তিন দিন পর তার ভাই বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৯ সালের ৩১ মার্চ আরাভ খান ওরফে রবিউল ইসলামসহ আটজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। ২০২১ সালের ২৫ নভেম্বর আদালত এ মামলার অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন।




