
উন্নয়ন সহযোগী হিসেবে যুক্তরাষ্ট্র আরও স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বলে জানিয়েছেন বাংলাদেশে ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) নতুন মিশন পরিচালক রিড এশলিম্যান।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় আমেরিকান সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রিড এশলিম্যান বলেন, আমরা যেকোনো চ্যালেঞ্জের মুখোমুখি হই না কেন, ইউএসএআইডি বাংলাদেশি অংশীদারদের পাশে দাঁড়াতে এবং আরও স্থিতিশীল ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, যেকোনো দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে গণতান্ত্রিক নীতি শক্তিশালী করা একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। আমাদের দৃষ্টিভঙ্গি হলো উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বেসরকারি খাতের শক্তিকে আরও কাজে লাগানো।
ইউএসএআইডি মিশন পরিচালক বলেন, বাংলাদেশকে উচ্চ-মধ্যম আয়ের দেশে পরিণত করতে সরকারি খাত ও উন্নয়ন অংশীদারগণ একাই প্রবৃদ্ধি বাড়াতে পারে না।
তিনি বলেন, আমরা বিনিয়োগ উদ্দীপিত করতে এবং বেসরকারি খাতের সহায়তায় কৃষক এবং ছোট ব্যবসার জন্য অর্থায়নের সুযোগ বাড়ানোর ক্ষেত্রে সাফল্য দেখেছি।
রিড এশলিম্যান বলেন, মানুষের নিজেদের মধ্যে বিনিয়োগ করার এবং এই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনায় আরও অবদান রাখার সুযোগ রয়েছে।
তিনি বলেন, আমরা বাংলাদেশিদের আরও উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে সাহায্য করার জন্য ৫০ বছরেরও বেশি সময় ধরে একসঙ্গে কাজ করছি।
ইউএসএআইডি মিশন পরিচালক বলেন, ইউএসএআইডি কৃষক, ডাক্তার, নার্স, স্কুল শিক্ষক বা জরুরি সাড়াদাতাদের দক্ষতা তৈরি যে খাতেই হোক, বাংলাদেশিদের জন্য বিনিয়োগ অব্যাহত রাখবে এবং মানুষকে তাদের জীবন-মান উন্নতির জন্য প্রয়োজনীয় সরঞ্জামে সজ্জিত করবে।
তিনি বলেন, ইউএসএআইডির লক্ষ্য বাংলাদেশের জন্য একটি ভালো অংশীদার হওয়া এবং এর পদ্ধতি অন্তর্ভুক্তিমূলক ও সহযোগিতামূলক হওয়া নিশ্চিত করা।
তিনি আরও যোগ করেন, আমাদের যুব, মহিলা এবং প্রান্তিক জনগোষ্ঠীসহ বাংলাদেশের জনসংখ্যার মূল অংশগুলোকে অন্তর্ভুক্ত করতে হবে। যাতে তারা বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আরও সম্পূর্ণভাবে অবদান রাখতে পারে।
রিড এশলিম্যান বলেন, ইউএসএআইডি স্থানীয় প্রতিষ্ঠানে আমাদের বিনিয়োগ সম্প্রসারণ করছে। ইউএসএআইডির বিনিয়োগ ২০০০ সাল থেকে বাংলাদেশকে মা ও শিশু মৃত্যুহার প্রায় ৭০ শতাংশ কমাতে সাহায্য করেছে।
তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় ১১৫ মিলিয়ন ডোজ করোনা টিকা দান করেছে এবং ইউএসএআইডি স্বাস্থ্যসেবা কর্মীদের প্রশিক্ষণ দিতে এবং তাদের সামনের সারিতে জীবন বাঁচাতে সহায়তা করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে অংশীদার হতে পেরে গর্বিত।
এ ছাড়া ইউএসএআইডি গত ২০ বছরে ঘূর্ণিঝড়, বন্যা ও অন্যান্য দুর্যোগ থেকে মানুষকে রক্ষা করতে ৯০০টি বহুমুখী আশ্রয়কেন্দ্র নির্মাণ করেছে বলেও জানান ইউএসএআইডি মিশন পরিচালক।
তিনি বলেন, ইউএসএআইডি প্রশিক্ষিত কৃষক ও উৎপাদকরা সম্মিলিতভাবে বছরে গড়ে ৫০০ থেকে ৭০০ মিলিয়ন মার্কিন ডলারের সমমূল্যের পণ্য উৎপাদন করে।
সূত্র : বাসস




