
ঢাকা- আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পসহ পাঁচটি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়।
এতে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভা শেষে প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
তিনি বলেন, প্রকল্পগুলোতে মোট ব্যয় হবে ৩৪ হাজার ৫৬৭ কোটি ৩৪ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন থেকে ব্যয় হবে ১২ হাজার ৪০২ কোটি ৬৫ লাখ টাকা। আর প্রকল্প সাহায্য থেকে আসবে ২২ হাজার ১৬৪ কোটি ৬৯ লাখ টাকা।
সভায় আরো উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব জিয়াউল ইসলাম, সাধারণ অর্থনৈতিক বিভাগের সদস্য ড. শামসুল ইসলাম প্রমুখ।
জানা গেছে, যানজট কমাতে রাজধানীর বিমান বন্দর থেকে আশুলিয়া পর্যন্ত ২৪ কিলোমিটার দীর্ঘ এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে। দীর্ঘসময় ধরে এ নিয়ে আলাপ আলোচনা হয়। এখন এটি আলোর মুখ দেখতে যাচ্ছে।
প্রকল্পটিতে মোট ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ৯০১ কোটি ৩২ লাখ টাকা। এর মধ্যে ১০ হাজার ৯৪৯ কোটি ৯০ লাখ টাকা ঋণ দেবে চায়না এক্সিম ব্যাংক। বাকি ৫ হাজার ৯৫১ কোটি ৪১ লাখ টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে দেয়া হবে। চলতি বছর থেকে ২০২২ সাল নাগাদ এ প্রকল্প বাস্তবায়ন হবে।
পরিকল্পনামন্ত্রী জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ (প্রথম পর্যায়) প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১৩ হাজার ৬১০ কোটি টাকা। এর মধ্যে জাপান সরকার ১১ হাজার ২১৫ কোটি টাকার যোগান দেবে।
আরও তিন প্রকল্প:
কুমিল্লার টমছম ব্রিজ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ পর্যন্ত আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীত করতে ২ হাজার ১৭১ কোটি টাকার প্রকল্প।
বালাশী ও বাহাদুরাবাদে ফেরিঘাটসহ আনুসঙ্গিক স্থাপনা নির্মাণে ১২৫ কোটি টাকার প্রকল্প।
১৭৬ কোটি টাকা ব্যয়ে বৃহত্তর ঢাকা অবকাঠামো উন্নয়ন-৩ প্রকল্প।
মন্ত্রী বলেন, ২০১৭-১৮ অর্থবছরের সেপ্টেম্বর পর্যন্ত প্রথম তিন মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বরাদ্দ থেকে ১৬ হাজার ৭৫৫ কোটি টাকার উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হয়েছে, যা মোট বরাদ্দের ১০ দশমিক ২১ শতাংশ।
চলতি অর্থবছরের এ বাস্তবায়ন গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৬ হাজার কোটি টাকা বেশি।
এসআর




