
দেশবাসীকে সরকারের যেকোনো উস্কানি পরিহার করে শান্তিপূর্ণভাবে বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ দেশজুড়ে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সর্বাত্মক হরতাল পালনের জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও গণতান্ত্রিক বাম মোর্চা।
বুধবার রাজধানীর মুক্তিভবনে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান বাম নেতারা।
বিদ্যুতের বর্ধিত দাম প্রত্যাহারের দাবি ও চালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামবৃদ্ধির প্রতিবাদে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মো. শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক সাইফুল হক।
উপস্থিত ছিলেন ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী’র) কেন্দ্রীয় নেতা মানস নন্দী, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক ফিরোজ আহমেদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ঢাকা, চট্টগ্রাম, জয়পুরহাট খুলনাসহ বিভিন্ন স্থানে হরতালে প্রচারণায় বাধা প্রদান করা হয়েছে। তবে এরই মধ্যে কয়েকটি রাজনৈতিক দল, ৩০ জন বুদ্ধিজীবী, ২০ জন আইনজীবী, ছাত্র-যুব-শ্রমিক-নারীসহ বিভিন্ন প্রতিনিধিত্বশীল সংগঠন ও জনগণের বিভিন্ন অংশ এই হরতালের প্রতি তাদের সমর্থন ও একাত্মতা প্রকাশ করেছেন।
তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি হরতালের প্রতি সমর্থন জানিয়েছে।
বক্তারা অবিলম্বে বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ওষুধের দোকান, জরুরি চিকিৎসা, খাবারের দোকান হরতালের আওতামুক্ত থাকবে।
এদিকে বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে হরতাল সফল করার জন্য প্রচার মিছিল বের হয়। মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি সাধারণ সম্পাদক মো. শাহ আলম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন ও ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম।
নেতৃবৃন্দ আগামীকাল সকাল ৬টা থেকে ঢাকাসহ সারাদেশের রাজপথে অবস্থান গ্রহণ করার জন্য দলীয় নেতাকর্মীসহ জনগণের প্রতি আহ্বান জানান।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে হরতালের সমর্থনে সন্ধ্যায় মশাল মিছিল করে প্রগতিশীল সংগঠনগুলো।
এসজে/জেএইচ




