
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকীকে নিয়ে অশালীন বক্তব্য এবং বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করার অভিযোগে দৈনিক ‘আমার দেশ’পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ, কুমিল্লা ও সিরাজগঞ্জে মামলা হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আমলি আদালত ‘ক’অঞ্চলে রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলা করেন জেলা যুব মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা।
আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম অভিযোগটি আমলে নিয়ে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আদেশ দেন। এই মামলায় বাদীপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মিজানুর রহমান।
মামলার বাদী অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা জানান, বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর নাতনি টিউলিপকে নিয়ে কটূক্তি এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে অস্বীকার করে বক্তব্য দিয়েছেন মাহমুদুর রহমান। তাই মাহমুদুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তিনি রাষ্ট্রদ্রোহ ও মানমানির মামলা করেছেন।
একই অভিযোগে কুমিল্লায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে এক হাজার কোটি টাকার মানহানি মামলা করেছেন ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও কুমিল্লা শহর ছাত্রলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মো. জিয়াউল হাসান চৌধুরী সোহাগ। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজেস্ট্রেট ১নং আমলি আদালতে তিনি এ মামলা করেন। আদালতের বিচারক মোহাম্মদ মোস্তাইন বিল্লাহ মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।
মামলার বাদি অ্যাডভোকেট মো. জিয়াউল হাসান চৌধুরী সোহাগ তার লিখিত অভিযোগে বলেন, গত ১ ডিসেম্বর দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ঢাকা জাতীয় প্রেস ক্লাবে ‘গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের ভূমিকা’শীর্ষক অনুষ্ঠানে সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেন। এতে সরকার ও রাষ্ট্রের আনুমানিক এক হাজার কোটি টাকার সম্মান ক্ষুণ্ণ হয়েছে।
এদিকে মাহমুদুর রহমানের বিরুদ্ধে সিরাজগঞ্জেও একই অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সিরাজগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (সদর থানা আমলী আদালত) মামলাটি দায়ের করা হয়।
সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের কয়েলগাতি গ্রামের মৃত আলতাব হোসেন তালুকদারের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম আজম তালুকদার বাবলু মামলাটি দায়ের করেন।
মামলার (সদর থানার পিটিশন নং ১৭৬/১৭) মঙ্গলবার শুনানি শেষে বিচারক মোরশেদ আলম বিকেলে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। এই আদালতের বেঞ্চ সহকারী টি,এম মঞ্জুর শামীম এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর পরিবার ও তার বংশের সকল সদস্যর মানসম্মান ক্ষুণ্ণকারী ব্যক্তি। গত ১ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল (বিডিসি) কর্তৃক আয়োজিত গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক অনুষ্ঠানে শতশত মানুষের সামনে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র নয় শুধুমাত্র একটি ভূ-খণ্ড আর জনগণ থাকলেই স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হয় না, বাংলাদেশ এখন ভারতের কলোনি, শেখ মুজিবুর রহমান বাংলাদেশের গণতন্ত্র ও গণমাধ্যমকে হত্যা করেছে, কবর দিয়েছে, প্রেস ক্লাবে শেখ মুজিবুরের ম্যুরাল থাকতে পারে না, বর্তমান সরকার অবৈধ সরকার বলে উল্লেখ করে বক্তব্য দিয়েছেন।
একইসঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বর্তমান সরকার ও বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকীকে নিয়ে কটূক্তিমূলক কথা বলেন। এসব কথার কারণে বঙ্গবন্ধুর পরিবার, প্রধানমন্ত্রী, বর্তমান সরকার ও বাদীর রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের সুনাম ও সন্মানহানি হয়েছে।
এতে এক হাজার কোটি টাকার সম্মান ক্ষুণ্ণ হয়েছে। তাই আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ১২৩(ক)/১২৪(ক)/৫০১/৫০২/৫০৫ ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করে তাকে জেল হাজতে আটক রাখার কথা উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, একই অভিযোগে গত কয়েকদিনে মাহমুদুর রহমানের বিরুদ্ধে খুলনা, কুষ্টিয়া, যশোর, গাইবান্ধাসহ বেশ কয়েকটি জেলায় মামলা হয়েছে।
জেবি/পি




