
ইভিএম নিয়ে ভোটারদের কাছ থেকে ভাল সাড়া পাওয়া গেছে। আমরা কেন্দ্রের রিটার্নিং অফিসারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি ভোটাররা সন্তুষ্ট। ভোটাররা অভিভূত হয়েছেন। তারা নিজেদের ভোট নিজেরা দিতে পারছেন। বললেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহারের প্রতিক্রিয়া নিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ভবিষ্যতে ইভিএম ব্যবহার নিয়ে নুরুল হুদা বলেন, স্থানীয় পর্যায়ে নির্বাচনে কিছু কিছু কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে। তবে আগামী জাতীয় নির্বাচনে আমরা ইভিএম ব্যবহার করতে পারবো না। তবে পরবর্তী নির্বাচনের জন্য প্রস্তুত করে রাখতে পারবো বলে আশা করছি।
তিনি আরো বলেন, কাঁধে করে বৃষ্টি, রৌদ, শীত উপেক্ষা করে নির্বাচন সামগ্রী নিয়ে যাওয়া খুবই কষ্টসাধ্য। সনাতনী ভোট প্রথার পরিবর্তে দেশে যত তাড়াতাড়ি ইভিএম প্রয়োগ ও বিশ্বাসযোগ্য করতে পারি ততো আমাদের জন্য ভাল হবে বলে আমাদের বিশ্বাস।
তিনি বলেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম প্রয়োগটা পরীক্ষামূলক। আগামীতে ইভিএমের ব্যবহার বাড়ানো হবে।
এসময় প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন সুষ্ঠুভাবে ভোট চলায় রাজনৈতিক দল ও কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে নিউ শালবন ও শালবন এলাকার দুই হাজার ৫৯ ভোটারের জন্য ১৪১ নম্বর কেন্দ্রটিতেই শুধু ইভিএম ব্যবহার হচ্ছে।
সরকারি বেগম রোকেয়া কলেজ কেন্দ্রে ২ হাজার ৫৯ ভোটারের মধ্যে দুপুর ২টা পর্যন্ত ১ হাজার ১৬৪ ইভিএম এ ভোট দিয়েছেন।
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে রয়েছেন নৌকা প্রতীকে আওয়ামী লীগের সরফুদ্দিন আহমেদ ঝন্টু, লাঙল প্রতীকে জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান, ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী কাওছার জামান, মই প্রতীকে আব্দুল কুদ্দুস, হাতপাখা নিয়ে এটিএম গোলাম মোস্তফা, আম প্রতীকে সেলিম আখতার ও হাতি প্রতীকে হোসেন মকবুল শাহরিয়ার।
এ নির্বাচনে ৩ লাখ ৮৮ হাজার ৪২১ জন ভোটার তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে রয়েছে ১ লাখ ৯৬ হাজার ৬৫৯ জন পুরুষ ভোটার এবং ১ লাখ ৯১ হাজার ৭৬২ জন নারী ভোটার।
এমসি/পি




