
বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি)। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের জন্ম হয়। সংগঠনটির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্যভাবে পালন করতে সংগঠনের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে পাঁচ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বরাবরের মতো এবারও নানা কর্মসূচি গ্রহণ করেছে ছাত্রলীগ। কর্মসূচির মধ্যে রয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়সহ সব সাংগঠনিক কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে সাতটায় রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা।
এদিন সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হবে। ঢাকার মধ্যে অবস্থিত ইউনিটগুলো ছাড়া দেশের সব সাংগঠনিক ইউনিটে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।
ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার বলা হয়েছে, জনদুর্ভোগের বিষয়টি বিবেচনা করে এবং ৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে সংগঠনের আলাদা কর্মসূচি থাকায়, ৪ জানুয়ারির পরিবর্তে আগামী ৬ জানুয়ারি শনিবার সরকারি ছুটির দিনে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। আগামী ৮ জানুয়ারি দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হবে।
এছাড়া, আগামী ৯ জানুয়ারি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং ১১ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে। উপমহাদেশের প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭০তম বার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা।
ঐতিহাসিক ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধসহ পাকিস্তানি সামরিক শাসন, স্বাধীন বাংলাদেশে স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ প্রতিটি আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে ছাত্রলীগ। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিটি গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলন-সংগ্রামে ছাত্রলীগ নেতৃত্ব দিয়েছে।
দীর্ঘ রাজনৈতিক পথ পরিক্রমায় ছাত্রলীগ ৫২’র ভাষা আন্দোলন, ৫৪’র প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়, ৫৮’র আইয়ুববিরোধী আন্দোলন, ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৬’র ৬ দফার আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭০’র নির্বাচনে আওয়ামী লীগের বিপুল বিজয়, ৭১’র মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, ১৯৭৫’র ১৫ আগস্ট জাতির পিতা সপরিবারে হত্যার পর জিয়া ও এরশাদ এর সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলন, ৯০’র গণআন্দোলনে গুরুত্বপূর্ণ ও অগ্রণী ভূমিকা পালন করে ছাত্রলীগ।
এসএস




