
রুটিন রক্ষণাবেক্ষণ কাজের কারণে চট্টগ্রামের কর্ণফুলী টানেলে আগামী ছয় দিন রাতে নির্দিষ্ট সময় ধরে ট্রাফিক ডাইভারশনের মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে যান চলাচল করবে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
সেতু বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৫ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত এই নিয়ন্ত্রণ জারি থাকবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই সময়ে প্রয়োজন অনুযায়ী ‘পতেঙ্গা থেকে আনোয়ারা’ অথবা ‘আনোয়ারা থেকে পতেঙ্গা’ টিউবের ট্রাফিক ডাইভারসনের মাধ্যমে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বিদ্যমান ট্রাফিকের পরিমাণের ওপর নির্ভর করে টানেলের উভয় মুখে যাত্রী ও চালকদের সর্বনিম্ন ৫ মিনিট থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যে, কর্ণফুলী টানেলের নিরাপদ ও কার্যকর রক্ষণাবেক্ষণ কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে সবার সহযোগিতা প্রয়োজন। এই সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে এবং সংশ্লিষ্টদের ধৈর্য ও সহমর্মিতা কামনা করেছে।
আরটিভি/এএইচ




