
প্রতিবছর ফেব্রুয়ারিতে শুরু হয় অমর একুশে বইমেলা। কিন্তু চলতি বছর একই সময় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর আগে ১৭ ডিসেম্বর শুরুর তারিখ নির্ধারণ করা হলেও পরে তা স্থগিত করা হয়। ফলে এবার বইমেলা হবে কি না তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
তবে বইমেলা নিয়ে শঙ্কার সব মেঘ দূর করে দিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম। তার মতে, আসন্ন নির্বাচনের তারিখের উপর নির্ভর করছে বইমেলা ভাগ্য। তবে বইমেলা হবে এটা পরিষ্কার করেছেন তিনি।
রোববার (২৬ অক্টোবর) দেশের বেসরকারি একটি গণমাধ্যমে অধ্যাপক ড. মোহাম্মদ আজম বলেন, নির্বাচন এবং অপরাপর ব্যাপার নিয়ে আমরা সময় ঠিক করব। বইমেলা নির্বাচনের আগে না পরে হবে, সেটা নির্ভর করবে তারিখ ঘোষণার ওপর। যেহেতু ফেব্রুয়ারিতেই নির্বাচনের একটা ঘোষণা আছে, সে অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। সবাই মিলে বসে আমরা একটি সিদ্ধান্ত নেব।
এদিন অমর একুশে গ্রন্থমেলা নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলমও। তিনি বলেন, সরকার সর্বোচ্চ চেষ্টা করবে, বইমেলা যাতে খুব সুন্দর হয়। সময়ের ব্যাপারে জানি না, একই সময়ে করবে নাকি হেরফের করবে—সেটা বাংলা একাডেমির বিষয়। মেলা হবে—তাতে সন্দেহ নেই।
জাতীয় প্রেস ক্লাবে বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতি আয়োজিত ‘কেমন বইমেলা চাই’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন শফিকুল আলম।
তিনি বলেন, এমন বইমেলা চাই, যেখানে সব মানুষের বই থাকবে। পাঠক যেটা পড়তে চান, সেটা কিনবেন। এমন একটা মেলা, অবশ্যই সেটা বৈষম্যবিরোধী। কারও প্রতি যেন বৈষম্য না করা হয়।
আরটিভি/এসআর




