শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার (১৬ নভেম্বর) মেয়াদোত্তীর্ণ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতির দায়িত্ব উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা পর্যায়ে জেলা প্রশাসক (ডিসি) বা তাদের প্রতিনিধিকে দেওয়ার নির্দেশনা জারি করেছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখা থেকে এই নির্দেশনা প্রদান করা হয়েছে।
গত ৮ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পক্ষ থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি বিলুপ্ত করার পরিপত্র জারি করা হয়েছিল। তবে বিষয়টি হাইকোর্টে মামলা ওঠায়, সংশ্লিষ্ট প্রবিধানমালা স্থগিত করা হয়েছে।
বর্তমানে মেয়াদোত্তীর্ণ এডহক কমিটির স্থলাভিষিক্ত হিসেবে ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকাসহ অন্যান্য বোর্ডের প্রবিধানমালা, ২০২৪’-এর অনুচ্ছেদ ৬৯ অনুযায়ী উপজেলা পর্যায়ে ইউএনও ও জেলা পর্যায়ে ডিসি বা তার প্রতিনিধি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
৯টি সাধারণ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের এই নির্দেশনা বাস্তবায়নের জন্য অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়া, ১ ডিসেম্বর থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত আদালতের আদেশ পর্যন্ত স্থগিত রয়েছে। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখতে এই অন্তর্বর্তী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরটিভি/এসকে




