
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচির মধ্যেও যানবাহন চলাচল স্বাভাবিক রাখায় মালিক-শ্রমিক ও যাত্রীদের অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত গাড়ির মালিক-শ্রমিকদের ক্ষতিপূরণ প্রদানে সরকারের কাছে জোর দাবিও জানানো হয়।
সোমবার (১৭ নভেম্বর) সংগঠনটির সভাপতি কফিল উদ্দিন আহমদ, কার্যকরী সভাপতি এম এ বাতেন ও মহাসচিব মো. সাইফুল আলম যৌথ বিবৃতিতে এ অভিনন্দন জানান।
বিবৃতিতে বলা হয়, ভবিষ্যতেও দেশ ও জনবিরোধী এ ধরনের কর্মকাণ্ড দেশের মালিক-শ্রমিক এবং সর্বস্তরের জনগণ মিলে আমরা রুখে দেবো।
বিক্ষিপ্তভাবে গুপ্ত নাশকতার মাধ্যমে কিছু গাড়িতে আগুন দিয়ে শ্রমিকদের পুড়িয়ে মারার জন্য দায়ীদের আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত গাড়ির মালিক-শ্রমিকদের ক্ষতিপূরণ প্রদানে সরকারের কাছে জোর দাবিও জানিয়েছে মালিক সমিতি।
এর আগে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি জানিয়েছে, আওয়ামী লীগ ঘোষিত ১৭ নভেম্বরের কর্মসূচির দিনও সারা দেশে গণপরিবহন চলাচল স্বাভাবিক থাকবে।
সংগঠনটির যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদ জানান, অন্যান্য দিনের মতো আগামীকালও সড়কে গণপরিবহন চলবে। একই সঙ্গে সংগঠনটির পক্ষ থেকে পরিবহন মালিক ও শ্রমিকদের সতর্কভাবে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।
পরিবহন মালিক সমিতি আরও জানায়, কোথাও যাতে কোনো বাসে অগ্নিকাণ্ড না ঘটে, সেজন্য পরিবহন মালিক এবং প্রতিটি বাস টার্মিনালের সংশ্লিষ্টদের সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বাসগুলোতে আবশ্যিকভাবে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারের কথাও বলা হয়েছে।
আরটিভি/এএইচ




