ট্রাইব্যুনালের রায় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

আরটিভি নিউজ

শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ , ১২:৩৫ পিএম


ট্রাইব্যুনালের রায় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে ভারত: পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ফাইল ছবি

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে ভারত এখনও ইতিবাচক কোনও সাড়া দেয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। নয়াদিল্লি এখন আন্তর্জাতিক অপরাধ আদালতের সেই রায় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে বলা জানান তিনি। 

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে রংপুর অঞ্চলে চার দিনের সরকারি সফরে গিয়ে সার্কিট হাউসে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন মো. তৌহিদ হোসেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরত দেওয়ার ব্যাপারে ভারত এখনও ইতিবাচক সাড়া দেয়নি। ট্রাইব্যুনালের রায় নিয়ে তারা পরীক্ষা-নিরীক্ষা করছে, আমরাও তাদের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি।

এরপর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে পররাষ্ট্র দপ্তরে কোনো তথ্য নেই। তার স্ত্রী সম্ভবত আজ দেশে আসবেন। একইসঙ্গে এয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটির কারণে আজও বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসায় নেওয়া সম্ভব হচ্ছে না। তবে, খুব দ্রুত সময়ে নেওয়ার প্রক্রিয়া চলমান।

এ ছাড়াও নীলফামারীতে প্রস্তাবিত চীনা হাসপাতালের কার্যক্রম দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার শুরু করে যেতে চায় বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। একই সঙ্গে নির্বাচিত সরকার এলে তা সমাপ্ত করবে বলেও আশা তার।

এ সময় পিছিয়ে পড়া রংপুরের প্রত্নতাত্ত্বিকসহ সবক্ষেত্রে নেয়ার ব্যাপারে ইতিবাচক সরকারের সদিচ্ছার কথা জানান তৌহিদ হোসেন।

এরপর উপদেষ্টা সপরিবারে রংপুর জমিদার বাড়ি তাজহাটে পরিদর্শনে যান। এছাড়াও বিকেলে রংপুর সার্কিট হাউসে চা-চক্রের কথা রয়েছে উপদেষ্টা তৌহিদ হোসেনের। আগামীকাল রংপুরের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং রংপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জিলা স্কুল পরিদর্শন করার কথাও রয়েছে তার।

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission