
মোবাইল ফোন ব্যবসায়ীদের দাবি মেনে ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থা সংস্কারের আশ্বাস দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এতে আন্দোলনের কঠোর কর্মসূচি থেকে সাময়িকভাবে সরে এসেছেন ব্যবসায়ীরা। তবে, এখনও চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছেন তারা। আর সেটা না আসা পর্যন্ত দেশের সব মোবাইল ফোনের দোকান বন্ধ রাখছেন ব্যবসায়ীরা।
সে অনুযায়ী, সোমবার (৮ ডিসেম্বর) সারা দেশেই বন্ধ আছে মোবাইল ফোনের সব দোকান।
বিষয়টি নিশ্চিত করেছেন মোবাইল ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটির (এমবিসিবি) সাধারণ সম্পাদক আবু সায়ীদ পিয়াস।
তিনি বলেছেন, এনইআইআর সংস্কারের বিষয়ে একটি নীতিগত সিদ্ধান্তে পৌঁছাতে বিটিআরসি রাজি হয়েছে। আর বাকি দাবির বিষয়ে আলোচনা করতে মন্ত্রণালয়, এনবিআর, বিটিআরসি, মোবাইল কোম্পানিরসহ ৫টি সংস্থার বিষয়ে সভা ডেকেছে। সেখান থেকে সিদ্ধান্ত আসতে পারে। আশ্বাস পেয়ে আমরা মঙ্গলবার পর্যন্ত আন্দোলন স্থগিত করছি। তবে, সারা দেশে দোকান বন্ধ রেখে শাটডাউন কর্মসূচি চালিয়ে যাব।
প্রসঙ্গত, এনইআইআর সংস্কার, সিন্ডিকেট প্রথা বাতিল, আমদানির সুযোগ উন্মুক্ত করা, ট্যাক্স কাঠামো পুনঃনির্ধারণ করার দাবিতে রোববার (৭ ডিসেম্বর) দিনভর আন্দোলন করেন মোবাইল ব্যবসায়ীরা। এ সময় তারা দ্রুত দাবি মেনে নেয়ার পাশাপাশি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের পদত্যাগসহ বিভিন্ন দাবি জানান। এতে সারা দেশের কয়েক হাজার মোবাইল দোকান মালিক ও কর্মচারী অংশ নেন।
ওইদিন রাত পৌনে ৯টার দিকে আন্দোলনকারী ব্যবসায়ীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী। তিনি জানান, এনইআইআর সংক্রান্ত সব জটিলতা নিরসনে বিটিআরসিতে যৌথ বৈঠকের আয়োজন করা হবে। বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা, অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা, এনবিআর চেয়ারম্যান, বাণিজ্য সচিব, মোবাইল ফোন ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন এবং মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের (এমবিসিবি) প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
বিটিআরসি চেয়ারম্যানের এমন আশ্বাসে ব্যবসায়ীরা আশাবাদী। তারা আশা করছেন, আলোচনার মাধ্যমে এনইআইআর ইস্যুর কার্যকর সমাধান বের হবে এবং বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে।
আরটিভি/এসএইচএম




