দুই উপদেষ্টা পদত্যাগ করলে কারা আসবেন দায়িত্বে, আলোচনায় যারা

আরটিভি নিউজ

বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ , ০৯:৩০ এএম


দুই উপদেষ্টা পদত্যাগ করলে কারা আসবেন দায়িত্বে, আলোচনায় যারা
দুই উপদেষ্টা পদত্যাগ করলে কারা আসবেন দায়িত্বে। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে সরকারের দুই ছাত্র উপদেষ্টা মো. মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সম্ভাব্য পদত্যাগ। তারা তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। পদত্যাগ কার্যকর হলে এসব মন্ত্রণালয়ের দায়িত্ব কার হাতে যাবে এ নিয়ে উপদেষ্টা পরিষদে চলছে তীব্র গুঞ্জন।

সরকারের বিভিন্ন সূত্র জানায়, শেষ মুহূর্তে এসে নতুন উপদেষ্টা নিয়োগের সম্ভাবনা খুবই কম। বরং বিদ্যমান উপদেষ্টাদের মধ্যেই দায়িত্ব বণ্টন করে দেওয়ার সম্ভাবনাই বেশি।

নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাব্য তারিখ ১০ বা ১১ ডিসেম্বর। আর নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে দুই উপদেষ্টার পদত্যাগের বিষয়টি দীর্ঘদিন ধরেই আলোচিত ছিল। নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করুন বা না করুন তাদের সরে দাঁড়ানোর বিষয়ে উপদেষ্টা পরিষদের বেশিরভাগ সদস্যই সম্মত।

সমসাময়িক পরিস্থিতি নিয়ে কথা বলতে বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৩টায় সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেখানেই তিনি পদত্যাগ ও নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিতে পারেন। জোর গুঞ্জন বৃহস্পতিবারই দুই উপদেষ্টার শেষ বৈঠক হতে যাচ্ছে।

মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি), এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দায়িত্বে আছেন। 

আলোচনা রয়েছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেতে পারেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বর্তমানে নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন। অতিরিক্ত হিসাবে উপদেষ্টা আদিলুর রহমান খানও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। তিনি বর্তমানে শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন।

অন্যদিকে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রিজওয়ানা বর্তমানে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিয়োগ পাওয়া অধ্যাপক আলী রীয়াজকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়েও আলোচনা হচ্ছে। তবে এসব বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সব জল্পনা–কল্পনা সত্ত্বেও কোন মন্ত্রণালয়ের দায়িত্ব কার হাতে যাবে তা চূড়ান্তভাবে নির্ধারণ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।বর্তমানে উপদেষ্টা আছেন ২২ জন। দুইজন পদত্যাগ করলে তা নেমে আসবে ২০-এ।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টা নিজেই পাঁচটি মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাচ্ছেন। দশজন ছাড়া বাকি সব উপদেষ্টাই একাধিক দপ্তর পরিচালনা করছেন।

আরটিভি/এসকে

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission