
ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বাবা হুমায়ুনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অন্যদিকে, শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের বোনের বাসা সংলগ্ন এলাকা থেকে ১১ রাউন্ড গুলি, দুটি ভরা ম্যাগাজিন ও একটি চাকু উদ্ধার করেছে র্যাব-২।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব। এছাড়া, অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বোনের বাসা থেকে একটি ট্যাব, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি পুরাতন বাটন মোবাইল, দুটি জাতীয় পরিচয়পত্র, বিভিন্ন কোম্পানির পাঁচটি চেক, বিভিন্ন ব্যাংকের ১৫টি চেক বই, ছয়টি পাসপোর্ট এবং ৩৮টি ব্যাংক চেকের পাতা উদ্ধার করা হয় বলে জানান র্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল ইসলাম।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদের বাবা হুমায়ুনকে ফয়সালের শ্বশুর বাড়ি নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুকুর থেকে হত্যাচেষ্টায় ব্যবহৃত তিনটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এদিকে, ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, ফয়সালের বাবাকে র্যাব গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তারের পর আজ তাকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে, র্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল ইসলাম জানান, রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের বোনের বাসা সংলগ্ন এলাকা থেকে ১১ রাউন্ড গুলি, দুটি ভরা ম্যাগাজিন ও একটি চাকু উদ্ধার করেছে র্যাব-২।
তিনি আরও জানান, শেরেবাংলা নগর থানাধীন পশ্চিম আগারগাঁওয়ের পানির ট্যাংকি সংলগ্ন কর্ণেল গলির আশপাশে অবস্থিত প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের বড় বোন জিয়াসমিনের বাসার আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। এতে দেখা যায়, গত ১২ ডিসেম্বর বেলা ১১টা ৫ মিনিটে ফয়সাল করিম মাসুদ ও তার এক সহযোগী মোটরসাইকেলে করে ওই বাসা থেকে বের হন।
একই দিন বিকেল ৪টা ৫ মিনিটে সিসিটিভি ফুটেজে ফয়সাল, তার সহযোগী, মা ও ভাগিনাকে দুটি ভবনের মাঝের ফাঁকা স্থান থেকে কিছু বের করতে দেখা যায়। পরে বিকেল ৪টা ২০ মিনিটে ফয়সাল ও তার সহযোগী একটি সিএনজিচালিত অটোরিকশায় করে এলাকা ত্যাগ করেন।
মো. শামসুল ইসলাম আরও জানান, পরবর্তীতে গোপন তথ্য ও সিসিটিভি ফুটেজের ভিত্তিতে র্যাব-২ এর একটি আভিযানিক দল ওই দুই ভবনের মাঝের ফাঁকা স্থানে অভিযান চালিয়ে দুটি ভরা ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি ও একটি চাকু উদ্ধার করে।
এর আগে, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি একটি রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেল করে আসা দুই জনের একজন তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুলিতে হাদি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালানোর সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে শনাক্ত করে। তারা হলেন- ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান (প্রধান সন্দেহভাজন শুটার) এবং আলমগীর হোসেন (বাইক চালক)। এ ঘটনায় ফয়সাল করিমের স্ত্রী, প্রেমিকা ও শ্যালকসহ সাতজনকে গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়েছে পুলিশ।
আরটিভি/কেএইচ




