
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার(৩০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। একই সাথে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়ে দেশের সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারী সচিব এ বি এম আবু বাকার ছিদ্দিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নির্বাহী আদেশে বুধবার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম ও ইন্টারনেটের মতো জরুরি পরিষেবাগুলো এই ছুটির আওতামুক্ত থাকবে। এছাড়া হাসপাতাল, চিকিৎসক ও ওষুধ সরবরাহকারী যানবাহনগুলো স্বাভাবিক নিয়মেই চলাচল করবে।
সাধারণ ছুটি থাকলেও ব্যাংক এবং আদালতের কার্যক্রমের বিষয়ে ভিন্ন নির্দেশনা আসতে পারে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংক লেনদেনের বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং আদালতের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে। জরুরি কাজের সাথে সংশ্লিষ্ট অফিসগুলো এই ছুটির দিনেও খোলা রাখা হতে পারে।
মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, তিন দিনের রাষ্ট্রীয় শোক চলাকালীন বাংলাদেশের সকল সরকারি প্রতিষ্ঠান ও বিদেশের সকল মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। জোহরের নামাজের পর রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন সম্পন্ন করার প্রস্তুতির অংশ হিসেবে এই সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
এর আগে, আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
আরটিভি/এআর




