বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামাজে জানাজা আগামীকাল বুধবার দুপুরে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে জানাজাস্থলে নেওয়া এবং জানাজা উপলক্ষে বেশ কয়েকটি সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামাজে জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বুধবার সকালে নিম্নবর্ণিত রুটে তার মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনা হবে।
রুটটি হলো: এভারকেয়ার হাসপাতাল–৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে–কুড়িল ফ্লাইওভার–নৌ সদর দফতর হয়ে বাসভবন ফিরোজা–গুলশান–২–কামাল আতাতুর্ক অ্যাভিনিউ–এয়ারপোর্ট রোড–মহাখালী ফ্লাইওভার–জাহাঙ্গীর গেট–বিজয় সরণি–উড়োজাহাজ ক্রসিং হয়ে বামে মোড় নিয়ে জাতীয় সংসদ ভবনের ৬ নম্বর গেট দিয়ে দক্ষিণ প্লাজা।
খালেদা জিয়ার মরদেহ বহনকারী কনভয়ের যাতায়াতের সময় সংশ্লিষ্ট সড়কসমূহে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। এ বিষয়ে জনসাধারণের সহযোগিতা কামনা করেছে ডিএমপি।
উল্লেখ্য, আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বেগম জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন রাজনৈতিক দল ও নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। এ ছাড়া সাত দিন শোক পালনের কর্মসূচি দিয়েছে বিএনপি।
আরটিভি/কেআই




