ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

দেশব্যাপী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: প্রধানমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৪২ পিএম
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশব্যাপী ধাপে ধাপে এক লাখ স্বাস্থ্যকর্মী বা হেলথ কেয়ারার নিয়োগ করা হবে, যার মধ্যে প্রায় ৮০ শতাংশ হবেন নারী।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে সোমবার (৬ এপ্রিল) এক ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

পোস্টে তিনি লিখেছেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্বাস্থ্যকর এবং একটি নিরাপদ পৃথিবী গড়ে তোলার অঙ্গীকারকে সামনে রেখে ৭ এপ্রিল, ২০২৬ বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও 'বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬' উদ্‌যাপিত হচ্ছে। এ বছরের প্রতিপাদ্য 'স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ'।

‘মানুষ, পশুপাখি ও পরিবেশ-এই তিনটি উপাদান পরস্পরের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত। এদের নিরাপত্তা এবং সুস্থতা পরস্পরের ওপর নির্ভরশীল। এজন্য সকল প্রাণের সুরক্ষা আজ সময়ের দাবি। এটাই 'One Health' বা 'এক স্বাস্থ্য' ধারণা, যা মানুষের সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি তার চারপাশের প্রাণিকূল ও পরিবেশের সুস্বাস্থ্য রক্ষায় সমান তাগিদ দেয়। এই লক্ষ্য বাস্তবায়নে চিকিৎসাবিজ্ঞান, কৃষিবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান ও পরিবেশবিজ্ঞানকে সমন্বিত করে গবেষণা ও টেকসই প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা একান্ত প্রয়োজন।’

তিনি লিখেন, বিশ্বজুড়ে বিজ্ঞানের দ্রুত অগ্রগতি স্বাস্থ্যসেবায় অভূতপূর্ব সুযোগ ও সম্ভাবনা তৈরি করেছে। বিশেষ করে আমাদের দেশে প্রান্তিক অঞ্চল ও দরিদ্র বিপুল জনগোষ্ঠীর জন্য টেকসই, মানসম্পন্ন ও বৈষম্যহীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই। দ্রুত ও নির্ভুল রোগ নির্ণয় এবং কার্যকর চিকিৎসা প্রদানে ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর), অগমেন্টেড রিয়েলিটি (এআর), কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), কিংবা মেশিন লার্নিং (এমএল)-এর মতো প্রযুক্তির উদ্ভাবন, ব্যবহার ও প্রসারকে উৎসাহিত করতে হবে।

‘বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক সরকার বিশ্বাস করে 'Prevention is Better than Cure', অর্থাৎ 'প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম'। নির্বাচিত এই সরকার 'সবার জন্য স্বাস্থ্য' নীতির ভিত্তিতে উন্নত কল্যাণকামী রাষ্ট্রে বিদ্যমান ব্যবস্থার আলোকে সকলের জন্য সহজ ও সুলভ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। কারণ, স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার।’

আরও পড়ুন

‘মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ শুরু করেছে সরকার। সেই লক্ষ্যে শহর ও গ্রামে মানসম্মত চিকিৎসা, মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবাসহ রোগ প্রতিরোধমূলক কার্যক্রম সম্প্রসারণ করা হবে। দেশব্যাপী ধাপে ধাপে এক লাখ স্বাস্থ্যকর্মী বা হেলথ কেয়ারার নিয়োগ করা হবে, যার মধ্যে প্রায় ৮০ শতাংশ হবেন নারী। এছাড়া প্রতিটি নাগরিকের জন্য ই-হেলথ কার্ড, দীর্ঘমেয়াদি ও জটিল রোগের দ্রুত ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) ব্যবস্থা চালু করা, স্বাস্থ্য খাতে সেবার মান উন্নয়ন ও চিকিৎসা ব্যয় সহনীয় রাখতে প্রয়োজনীয় সংস্কার, স্বাস্থ্যবিমা চালু ও ধীরে ধীরে বিস্তার, চিকিৎসা শিক্ষা ও গবেষণা জোরদার এবং সেবাগ্রহীতা ও সেবাদাতার জন্য ন্যায়সঙ্গত আইন প্রণয়নের পরিকল্পনা সরকারের রয়েছে। এসব লক্ষ্য অর্জনে স্বাস্থ্য খাতে পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়া হবে।’

প্রধানমন্ত্রী লিখেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে আমাদের ওপর অর্পিত দায়িত্ব সম্মিলিতভাবে পালন করলে আমরা একটি সুস্থ ও সবল জাতি গঠনে সক্ষম হব।

তিনি আরও লিখেন, বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং এই দিবস উপলক্ষ্যে আয়োজিত সকল কর্মসূচির সর্বাঙ্গীণ সফলতা কামনা করি।

Posted by Facebook on Date:

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অক্টোবর মাসের মূল্য সংযোজন করের (ভ্যাট) অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ২২ নভেম্বর পর্যন্ত সুদ ও জরিমানা ছাড়াই অক্টোবর মাসের ভ্যাট রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা। এনবিআর জানিয়েছে, ই-ভ্যাট সিস্টেমে সার্ভার জটিলতার কারণে এ সময় বৃদ্ধি করা হয়েছে। গতকাল সোমবার এসংক্রান্ত চিঠি ইস্যু করা হলেও আজ মঙ্গলবার তা ওয়েবসাইটে প্রকাশ করেছে এনবিআর। এনবিআরের দ্বিতীয় সচিব শেখ মো. মাসুদুর রহমান সই করা বিশেষ আদেশে বলা হয়েছে, ১৫ নভেম্বর থেকে ই-ভ্যাট সিস্টেমে কনকারেন্ট ইউজার এর সংখ্যা অত্যধিক হওয়ায় সার্ভার জটিলতার কারণে করদাতাদের অক্টোবরের কর রিটার্ন নির্ধারিত সময়সীমার মধ্যে দাখিলের কার্যক্রম বিঘ্নিত হয়। এ কারণে জনস্বার্থ বিবেচনায় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারার উপধারা (২) এ প্রদত্ত ক্ষমতাবলে রিটার্ন জমার সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ২২ নভেম্বর পর্যন্ত অক্টোবর মাসের ভ্যাট রিটার্ন অনলাইনে জমা দেওয়া যাবে। এ সময়ের মধ্যে রিটার্ন দাখিল করলে কোনো সুদ বা জরিমানা আরোপ করা হবে না। আরটিভি/এসআর    
রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর
‘নজরদারিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জড়িত কর্মকর্তারা’
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত সরকারি কর্মকর্তাদের বিষয়ে নজরদারি চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
‘নজরদারিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জড়িত কর্মকর্তারা’
ডিএফসির যোগ্যতা অর্জন বাংলাদেশের মার্কিন বিনিয়োগ বাড়াবে: মাহদী আমিন
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এর ফলে দেশে মার্কিন বিনিয়োগ বাড়বে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।  প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি. হাস ঢাকা সফরে এসে সরকারকে বিষয়টি অবহিত করেছেন। বাংলাদেশসংবাদ মাহদী আমিন বলেন, জ্বালানি, প্রযুক্তি ও ডিজিটাল প্ল্যাটফর্মের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে মার্কিন বিনিয়োগ বাড়বে। এতে বাংলাদেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। তিনি আরও বলেন, শ্রমবান্ধব নীতিমালা প্রণয়নের কারণেই বাংলাদেশ এই যোগ্যতা অর্জন করেছে। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ দেশে ও বিদেশে নাশকতা চালাচ্ছে। তবে গণতন্ত্রের পক্ষের সব শক্তি ঐক্যবদ্ধ থাকলে সব বাধা দূর হবে বলে মনে করেন তিনি। আরটিভি/এসআর
ডিএফসির যোগ্যতা অর্জন বাংলাদেশের মার্কিন বিনিয়োগ বাড়াবে: মাহদী আমিন
শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে মোট ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।  এর মধ্যে ঢাকার মিরপুর, সাভার, হেমায়েতপুর ও আশুলিয়ার ইউনুস কনভেনশন হল, কাঠগড়া, জিরাবো, হামিম গ্রুপ, মিডলার গ্রুপ ও জামগড়া এলাকায় ২০ প্লাটুন; গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সাতাইশ ও সালনা এলাকায় ১৫ প্লাটুন এবং নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় ৭ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ কার্যক্রমে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। শিল্পাঞ্চলের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে। পরিস্থিতির ওপর বিজিবির সার্বক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে। আরটিভি/এসআর
শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন
৩০ নভেম্বর কুষ্টিয়া সফর করবেন প্রধানমন্ত্রী
আগামী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সফরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন তিনি। কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বিন হাসানের বরাত দিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এ খবর জানিয়েছে। দলীয় সূত্রে জানা যায়, নির্বাচন পরবর্তী উন্নয়ন পরিকল্পনা ও নির্বাচনী ইশতেহারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডসহ দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান কুষ্টিয়া সফর করবেন।  পাশাপাশি জেলার ঐতিহ্যবাহী শিল্পপ্রতিষ্ঠান কুষ্টিয়া সুগার মিল লিমিটেড ও মোহিনী মিলস লিমিটেডের অর্থনৈতিক পুনরুজ্জীবন, কর্মসংস্থান সৃষ্টি এবং শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। দীর্ঘদিন ধরে নানা সংকট ও অব্যবস্থাপনায় কুষ্টিয়ার ঐতিহ্যবাহী শিল্পপ্রতিষ্ঠান দুটি ঘিরে স্থানীয় মানুষের প্রত্যাশা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর সফরে এসব প্রতিষ্ঠানের উন্নয়ন ও পুনরায় অর্থনৈতিক কর্মকাণ্ডে ফিরিয়ে আনার বিষয়ে কার্যকর উদ্যোগের সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফর এ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডসহ দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই তিনি কুষ্টিয়ায় আসছেন। সফরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। পাশাপাশি দীর্ঘদিনের প্রত্যাশা কুষ্টিয়া সুগার মিল ও মোহিনী মিলসকে ঘিরে নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরি, শিল্পপ্রতিষ্ঠানগুলোর পুনরুজ্জীবন এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানান তিনি। তিনি আরও বলেন, আমরা আশা করছি, প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে কুষ্টিয়ার উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। আরটিভি/এসআর
৩০ নভেম্বর কুষ্টিয়া সফর করবেন প্রধানমন্ত্রী
আরও পড়ুন
৩০ নভেম্বর কুষ্টিয়া সফর করবেন প্রধানমন্ত্রী
নবম শ্রেণি থেকে ভোকেশনাল শিক্ষা বাধ্যতামূলক: প্রধানমন্ত্রী
১৯ নভেম্বর প্রধানমন্ত্রীর সামনে আলোকিত লালমনিরহাট সামাজিক আন্দোলনের চিত্র তুলে ধরা হবে: ত্রাণমন্ত্রী
শিক্ষার্থীদের চকলেট উপহার দিলেন প্রধানমন্ত্রী