চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত সার কারখানা ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সার তৈরির প্রধান কাঁচামাল অ্যামোনিয়া গ্যসের তীব্র সংকটের কারণে শনিবার (১৮ এপ্রিল) রাতে কারখানা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়।
কারখানাটির ব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান আলমগীর জলিল সংবাদমাধ্যমকে জানান, প্রধান কাঁচামাল অ্যামোনিয়ার অভাবে এখন আর উৎপাদন চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তারা মূলত নিকটস্থ চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড থেকে প্রয়োজনীয় অ্যামোনিয়া সংগ্রহ করে থাকেন।
কিন্তু দুঃখজনকভাবে ওই দুটি কারখানা গত ৪ মার্চ থেকে গ্যাস সংকটের কারণে বন্ধ রয়েছে। ফলে কাঁচামালের যোগান না পাওয়ায় বাধ্য হয়ে ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে উৎপাদন স্থবির হয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এবং ওই কারখানাগুলো চালু না হওয়া পর্যন্ত তাদের পক্ষে উৎপাদন শুরু করা কোনোভাবেই সম্ভব নয়।
২০০৬ সালে যাত্রা শুরু করা এই কারখানাটি দেশের কৃষি খাতে সুষম সারের ব্যবহার নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফসলের উৎপাদন বাড়াতে ডিএপি সারের ভূমিকা অনন্য। এটি বিশেষ করে নাইট্রোজেন এবং ফসফরাস সমৃদ্ধ যৌগিক সার উৎপাদনের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় অবস্থিত এই কারখানায় দৈনিক আট শ টন ক্ষমতার দুটি পৃথক ইউনিট রয়েছে যা ডিএপি ১ এবং ডিএপি ২ নামে পরিচিত। কৃষি উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণে এই কারখানার অবদান অনেক। কিন্তু বর্তমানের এই অচলাবস্থা দীর্ঘায়িত হলে আসন্ন মৌসুমে সারের সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরটিভি/এআর




