ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গণপরিবহন মালিক-শ্রমিকদের প্রতি ডিএমপির কড়া নির্দেশনা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ মে ২০২৬, ০৪:৩৬ পিএম
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে বাস টার্মিনালকেন্দ্রিক গণপরিবহন মালিক-শ্রমিক, যাত্রী ও পথচারীদের জন্য ২৩ দফা নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ।

রোববার (২৪ মে) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ঈদযাত্রায় শৃঙ্খলা নিশ্চিত করতে গণপরিবহন মালিক ও শ্রমিকদের শিডিউল অনুযায়ী বাস ছাড়তে হবে এবং যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। একই সিট একাধিক যাত্রীর কাছে বিক্রি, বাসের ছাদে যাত্রী বহন এবং পণ্য ও পশুবাহী যানবাহনে যাত্রী পরিবহনও নিষিদ্ধ করা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, চালকদের গতিসীমা মেনে গাড়ি চালাতে হবে এবং বেপরোয়া গতিতে যান চালানো যাবে না। ওভারটেকিং নিষিদ্ধ এলাকায়, রাস্তার বাঁক ও সরু সেতুতে ওভারটেকিং থেকে বিরত থাকতে বলা হয়েছে। নেশাজাতীয় দ্রব্য সেবন, ঘুমঘুম ভাব বা শারীরিক অসুস্থতা নিয়ে গাড়ি চালানো যাবে না বলেও সতর্ক করা হয়েছে।

এ ছাড়া বৈধ ড্রাইভিং লাইসেন্স ও হালনাগাদ কাগজপত্র ছাড়া গাড়ি চালানো যাবে না। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন বা এয়ারফোন ব্যবহার এবং উচ্চস্বরে গান বাজানো থেকেও বিরত থাকতে বলা হয়েছে। চালকদের একটানা পাঁচ ঘণ্টার বেশি এবং দিনে আট ঘণ্টার বেশি গাড়ি চালাতে বাধ্য না করতেও মালিকদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

যাত্রীদের উদ্দেশে ডিএমপি জানিয়েছে, যত্রতত্র দাঁড়িয়ে বাসে না উঠে নির্ধারিত টার্মিনাল বা কাউন্টার ব্যবহার করতে হবে। অপরিচিত কারও দেওয়া খাবার বা পানীয় গ্রহণ না করা, মালামাল নিজের দায়িত্বে রাখা এবং নির্ধারিত সময়ের আগেই কাউন্টার বা টার্মিনালে উপস্থিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

পথচারীদের জেব্রা ক্রসিং, ফুটওভার ব্রিজ ও আন্ডারপাস ব্যবহার করে রাস্তা পারাপার করতে এবং মোবাইল ফোনে কথা বলতে বলতে বা দৌড়ে রাস্তা পার না হওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ফুটপাত ব্যবহার করে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

জরুরি প্রয়োজনে টার্মিনালের পুলিশ কন্ট্রোল রুম বা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে ডিএমপি।

আরটিভি/এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গোপালগঞ্জ-চুয়াডাঙ্গায় নতুন অতিরিক্ত পুলিশ সুপার
গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গা জেলায় নতুন দুই অতিরিক্ত পুলিশ সুপার পদায়ন করা হয়েছে।
গোপালগঞ্জ-চুয়াডাঙ্গায় নতুন অতিরিক্ত পুলিশ সুপার
কপ৩১ সম্মেলনে ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান পেল বাংলাদেশ
তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু সম্মেলনে দুটি আন্তর্জাতিক তহবিল থেকে প্রায় ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান নিশ্চিত করেছে বাংলাদেশ। বিশ্ব সুরক্ষায় গ্লোবাল শিল্ড থেকে অতিরিক্ত তহবিল পাওয়া গেলে এই অনুদানের পরিমাণ বেড়ে ১,০৫৮ কোটি টাকায় পৌঁছাতে পারে। রোববার (২২ নভেম্বর) ভোরে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, সম্মেলনে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস (সিআইএফ) থেকে ৩ কোটি মার্কিন ডলার (প্রায় ৩৭৪ কোটি টাকা) এবং গ্লোবাল শিল্ড থেকে ৩ কোটি ইউরো (প্রায় ৪১০ কোটি টাকা) নিশ্চিত করেছে বাংলাদেশ। তিনি বলেন, কর্মসূচির প্রথম পর্যায় সফলভাবে বাস্তবায়ন করতে পারলে গ্লোবাল শিল্ড থেকে আরও ২ কোটি ইউরো (প্রায় ২৭৩ কোটি টাকা) অতিরিক্ত পেতে পারে বাংলাদেশ। ড. সাইমুম বলেন, যদি এই অতিরিক্ত অর্থায়ন নিশ্চিত হয়, তবে সিআইএফ এবং গ্লোবাল শিল্ড থেকে মোট অনুদানের পরিমাণ দাঁড়াবে প্রায় ১,০৫৮ কোটি টাকা। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী স্পষ্ট করে বলেন যে, বাংলাদেশের প্রাপ্ত এই অর্থের সম্পূর্ণটাই অনুদান হিসেবে এসেছে এবং এগুলো পরিশোধ করতে হবে না। তিনি আরও বলেন, সিআইএফ-এর অনুদান সরকারের মাধ্যমে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে ব্যবহার করা হবে, অন্যদিকে গ্লোবাল শিল্ডের সহায়তা জলবায়ু বীমা উদ্যোগ সহ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করবে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এই বাস্তবায়ন প্রক্রিয়া তদারকি করবে। তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশ বৈশ্বিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ জলবায়ু অভিযোজনে বরাদ্দের আহ্বান জানিয়েছে এবং একই সঙ্গে নির্গমন হ্রাসে অর্থায়ন বাড়ানোর ওপর জোর দিয়েছে। অনুদান হ্রাস এবং ঋণ ও বিনিয়োগের ওপর ক্রমবর্ধমান নির্ভরশীলতা যে উন্নয়নশীল দেশগুলোর জন্য চ্যালেঞ্জ তৈরি করছে, তা উল্লেখ করে অনুদান ভিত্তিক অর্থায়নের সপক্ষে যুক্তি তুলে ধরে বাংলাদেশ। ড. সাইমুম বলেন, গ্লোবাল সাউথের অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশও অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়নের দাবি জানিয়েছে। যেখানে ঋণ নেওয়া অপরিহার্য, সেখানে নমনীয় বা সহজ শর্তে (কনসেশনাল) তা দেওয়ার বিষয়ে আমরা জোর দিয়েছি। কপ৩১ সম্মেলনে বাংলাদেশের পাঁচ দফা দাবি উপস্থাপনাকে একটি বড় সাফল্য উল্লেখ করে তিনি জানান, প্রায় ৪৮ ঘণ্টার সফরকালে প্রধানমন্ত্রী দেশের জাতীয় বক্তব্য তুলে ধরেন এবং বেশ কয়েকটি দ্বিপক্ষীক বৈঠক করেন। পরবর্তীতে প্রতিনিধি দল সেই দাবির আলোকে আলোচনা চালিয়ে যায়। সম্মেলনটি সময়সীমা পেরিয়ে গড়ালে শেষ ধাপের দরকষাকষিতে গ্লোবাল সাউথের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশও সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিল বলে জানান তিনি। ম্যানগ্রোভ বন সংরক্ষণ প্রসঙ্গে ড. সাইমুম বলেন, তিনি ম্যানগ্রোভ অ্যালায়েন্সের মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন, যেখানে অংশগ্রহণকারীরা ভবিষ্যৎ সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। তিনি আরও বলেন, আন্তর্জাতিক অনুদান ও অংশীদারিত্বের মাধ্যমে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধার ও প্রসার ঘটানো, সংরক্ষণে স্থানীয় সম্প্রদায়কে সম্পৃক্ত করা এবং এই বাস্তুতন্ত্রের ওপর নির্ভরশীল মানুষের জীবিকার উন্নয়ন করাই বাংলাদেশের লক্ষ্য। বাংলাদেশ প্রতিনিধি দলের আকার সম্পর্কে জানতে চাওয়া হলে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বলেন, সরকার সরকারি কর্মকর্তা, এনজিও, উন্নয়ন সহযোগী, তরুণ জলবায়ু কর্মী এবং সাংবাদিকদের অংশগ্রহণের ব্যবস্থা করেছে, যেখানে কিছু অংশগ্রহণকারী আন্তর্জাতিক সহযোগীদের কাছ থেকে আর্থিক সহায়তা পেয়েছেন। বাংলাদেশ প্যাভিলিয়নে ৪০টিরও বেশি পার্শ্ব-ইভেন্ট আয়োজিত হয়েছিল। তিনি জানান, আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় কার্যকর অবদান রাখার ক্ষেত্রে প্রতিনিধি দলের সদস্যদের সক্ষমতার ওপর আগামীতে আরও বেশি গুরুত্ব দেওয়া হবে। কার্বন ক্রেডিট বিক্রি প্রসঙ্গে ড. সাইমুম বলেন, গত সাত-আট মাস ধরে বাংলাদেশ প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করছিল। কপ৩১ চলাকালে কার্বন ক্রেডিটের মাধ্যমে রাজস্ব সংগ্রহের সুযোগ অন্বেষণ করতে প্রতিনিধি দল বিভিন্ন দেশের প্রতিনিধি, গোল্ড স্ট্যান্ডার্ড এবং গ্লোবাল কার্বন কাউন্সিলের সঙ্গে আলোচনা করেছে বলে তিনি জানান। তিনি আশা প্রকাশ করেন আগামী কয়েক মাসের মধ্যে এতে অগ্রগতি হবে এবং প্রক্রিয়াটি চূড়ান্ত হলে লেনদেনের বিস্তারিত প্রকাশ করা হবে। আরটিভি/টিআর
কপ৩১ সম্মেলনে ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান পেল বাংলাদেশ
ক্রেতারা ৬ কোটি পিস পোশাকের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছে: বিজিএমইএ
তৈরি পোশাক খাতে চলমান শ্রম অসন্তোষের জেরে উৎপাদন বন্ধ থাকায় বাংলাদেশ থেকে প্রায় ৬ কোটি পিস পোশাকের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছেন বিদেশি ক্রেতারা। এতে প্রায় ৩ হাজার ৯৬ কোটি টাকা (২৫৪ মিলিয়ন ডলার) ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বিজিএমইএ।
ক্রেতারা ৬ কোটি পিস পোশাকের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছে: বিজিএমইএ
শ্রমিকদের বেতন বাড়ার সুযোগ নিয়ে বাড়িভাড়া বাড়ানো যাবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিক অধ্যুষিত এলাকায় বাড়িভাড়া না বাড়ানোর বিষয়ে বাড়ির মালিকদের সতর্ক করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শ্রমিকদের বেতন বাড়ার সুযোগ নিয়ে বাড়িভাড়া বাড়ানো যাবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার
সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। রোববার (২২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে নেত্রকোনার কলমাকান্দায় জেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী পোলিং এজেন্টদের সম্মানে আয়োজিত কৃতজ্ঞতা ও ধন্যবাদ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডেপুটি স্পিকার বলেন, বিএনপি জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করে। দেশে একটি বিশেষ রাজনৈতিক দল কখনোই গণতান্ত্রিক ধারায় বিশ্বাস করেনি। স্বাধীনতার পর বাকশাল প্রতিষ্ঠা থেকে শুরু করে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন পর্যন্ত বিভিন্ন সময়ে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার নিয়ে প্রশ্ন উঠেছে। অতীতে জনগণের ভোটে নির্বাচিত না হওয়ার অভিযোগে জনপ্রতিনিধিদের জবাবদিহিও দুর্বল হয়ে পড়েছিল। তিনি অভিযোগ করেন, দেশের বাইরে অবস্থান করে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। লন্ডনে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং নিউইয়র্কে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ওপর হামলা, বিভিন্ন স্থানে পেট্রলবোমা নিক্ষেপ ও গার্মেন্টসশিল্পে হামলার অভিযোগ উদ্বেগজনক। দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি পোশাকশিল্প ক্ষতিগ্রস্ত হলে শ্রমিকসহ পুরো অর্থনীতি ক্ষতির মুখে পড়বে। তিনি বলেন, দেড় মাসে ১ হাজার ৪০০ মানুষ হত্যার অভিযোগসহ অতীতের সহিংসতার ঘটনা দেশবাসী ভুলে যায়নি। এখন আবার সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা কোনোভাবেই কাম্য নয়। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে ডেপুটি স্পিকার বলেন, এমন একটি দেশ গড়তে হবে, যেখানে প্রত্যেক নাগরিকের মানবিক মর্যাদা, আইনের শাসন ও সমান অধিকার নিশ্চিত হবে। কেউ আশরাফ, কেউ আতরাফ নয়; সবাই সমান নাগরিক মর্যাদা ভোগ করবেন। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের চেতনা ধারণ করে দল-মতনির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। বিএনপি একটি মানবিক ও সুন্দর বাংলাদেশ গড়তে চায়। এ জন্য দলের নেতাকর্মীদের ত্যাগ স্বীকার করতে হবে। আরটিভি/টিআর
সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার
আরও পড়ুন
ডিএমপির ৫ অতিরিক্ত উপপুলিশ কমিশনারকে বদলি
রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪
ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫৬০
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৮