ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে পূরণ হচ্ছে রাজনের আইরনম্যান স্বপ্ন

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০৪:৩৪ পিএম
ছবি : সংগৃহীত

খাগড়াছড়ি সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও বিশিষ্ট দৌড়বিদ মোহাম্মদ রাজন মিয়ার আইরনম্যান লাংকাউই মালয়েশিয়া ২০২৭-এ অংশ নেওয়ার স্বপ্ন পূরণে পাশে দাঁড়িয়েছে সরকার।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রয়োজনীয় সব ব্যয় বহনের আশ্বাস দিয়েছেন। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন রাজন মিয়া।

পেশায় শিক্ষক হলেও ক্রীড়াপ্রেমীদের কাছে মোহাম্মদ রাজন মিয়া এক অনুপ্রেরণার নাম। সুস্থ জীবনধারার বার্তা ছড়িয়ে দিতে বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদেরও খেলাধুলা ও শরীরচর্চায় উদ্বুদ্ধ করে আসছেন খাগড়াছড়ি সরকারি কলেজের এই সহকারী অধ্যাপক।

সম্প্রতি তিনি ১৬১ কিলোমিটার ও ২১৪ কিলোমিটার দীর্ঘপাল্লার দৌড় সম্পন্ন করে আলোচনায় আসেন। এখন তার স্বপ্ন আন্তর্জাতিক মানের ট্রায়াথলন প্রতিযোগিতা আইরনম্যান লাংকাউই মালয়েশিয়া ২০২৭-এ অংশ নেওয়া।

আইরনম্যান প্রতিযোগিতায় একজন অ্যাথলেটকে নির্দিষ্ট সময়ের মধ্যে ৩ দশমিক ৮ কিলোমিটার সাঁতার, ১৮০ কিলোমিটার সাইক্লিং এবং ৪২ দশমিক ১৯৫ কিলোমিটার ম্যারাথন দৌড় সম্পন্ন করতে হয়। সেই লক্ষ্য সামনে রেখে ২০২৩ সাল থেকে কোচের তত্ত্বাবধানে নিয়মিত অনুশীলন করছেন রাজন মিয়া।

তবে ব্যয়বহুল এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার পথে সবচেয়ে বড় বাধা আর্থিক সংকট। সম্প্রতি বিষয়টি নিয়ে প্রথম সময় নিউজে একটি প্রতিবেদন প্রচারিত হলে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। পরে আরও কয়েকটি গণমাধ্যমও তার সংগ্রামের গল্প তুলে ধরে।

এরই ধারাবাহিকতায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত প্রতিবেদন প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপর তিনি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হককে বিষয়টি দেখার নির্দেশ দেন।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর নির্দেশে সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদে রাজন মিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি আইরনম্যান লাংকাউই মালয়েশিয়া ২০২৭-এ অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় সব খরচ সরকারিভাবে বহনের আশ্বাস দেন।

এ বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে রাজন মিয়া লেখেন, তিনি কখনও ভাবেননি যে শত ব্যস্ততার মধ্যেও প্রধানমন্ত্রী তার প্রতিবেদনটি দেখবেন এবং তার বিষয়টি গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেবেন। এজন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও জানান, প্রতিমন্ত্রী তাকে আন্তরিকভাবে আশ্বস্ত করেছেন যে, আইরনম্যান প্রতিযোগিতায় অংশগ্রহণের সব ব্যয় সরকার বহন করবে। একজন সাবেক সফল ফুটবলার হওয়ায় প্রতিমন্ত্রী একজন ক্রীড়াবিদের সংগ্রাম সহজেই উপলব্ধি করতে পেরেছেন বলেও মন্তব্য করেন তিনি।

রাজন মিয়া বলেন, সারাদিন ক্লাস নেওয়া, পরীক্ষা ও খাতা মূল্যায়নের কাজের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে স্পন্সরের জন্য ঘুরে বেড়ানো একজন শিক্ষকের জন্য বিব্রতকর। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া এমন ব্যয়বহুল খেলাধুলা চালিয়ে যাওয়া কঠিন।

তিনি আরও বলেন, দেশের চার কোটি শিক্ষার্থী যেন তাকে দেখে শুধু একজন শিক্ষক নয়, বরং একজন আইরনম্যান, অ্যাথলেট, সুস্থতা ও খেলাধুলার প্রতীক হিসেবে অনুপ্রাণিত হয়। একই সঙ্গে দেশের মানুষ যেন বিশ্বাস করে, ইচ্ছাশক্তি ও পরিশ্রম থাকলে যে কোনো বয়সেই যে কেউ খেলাধুলার মাধ্যমে নিজেকে গড়ে তুলতে পারে।

সবশেষে রাজন মিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, তার ওপর অর্পিত দায়িত্ব সফলভাবে পালন করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পতাকা উঁচুতে তুলে ধরাই এখন তার একমাত্র লক্ষ্য।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুলের মৃত্যু
খেলতে গিয়ে অসুস্থ হয়ে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, রাতে একটি স্টেডিয়ামে খেলতে গিয়ে হঠাৎ ক্লান্ত হয়ে পড়েন তিনি। এক পর্যায়ে হাঁটু গেড়ে বসার সময়ই উপুড় হয়ে মাঠে পড়ে যান। পরে সেখানে থাকা অন্যরা তাকে ধরে বুকে চাপ দেওয়ার পাশাপাশি পানি দেওয়ার চেষ্টা করেন। তবে তার কোনো নড়াচড়া না থাকায় সবাই মিলে তাকে সেখান থেকে নিয়ে যান। আশরাফুল আফসারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। স্থানীয় সরকার বিভাগের জনসংযোগ কর্মকর্তা হৃদয় মাহমুদ চয়নের পাঠানো এক শোকবার্তায় তিনি এ শোক প্রকাশ করেন। শোকবার্তায় মন্ত্রী মরহুম মোহাম্মদ আশরাফুল আফসারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। মন্ত্রী বলেন, মোহাম্মদ আশরাফুল আফসারের মৃত্যুতে স্থানীয় সরকার বিভাগ একজন দক্ষ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল কর্মকর্তাকে হারিয়েছে। সরকারি দায়িত্ব পালনে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। এ সময় মরহুমের পরিবারের সদস্যদের এ অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার শক্তি দিতে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন ড. আবদুল মঈন খান। জানা গেছে, আশরাফুল আফসার বিসিএস ২৫তম ব্যাচের একজন ক্যাডার ছিলেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবচর ইউনিয়নের মিরপুর গ্রামে। আরটিভি/এসআর
খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুলের মৃত্যু
পারমাণবিক শক্তির নতুন যাত্রায় বাংলাদেশ, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তির ব্যবহার এবং বেসামরিক পারমাণবিক প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে একটি কৌশলগত সমঝোতা স্মারক (MoU) সই করেছে। 
পারমাণবিক শক্তির নতুন যাত্রায় বাংলাদেশ, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সঙ্গে সরকার বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন তিনি। রাজনীতিতে আসার আগে ব্যবসায় কর্মজীবন শুরু করার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, সেখান থেকে তিনি একটি সহজ শিক্ষা পেয়েছেন- বিনিয়োগের জন্য আস্থা, পূর্বানুমেয়তা এবং প্রবৃদ্ধির উপযোগী সঠিক পরিবেশ প্রয়োজন। জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী শুক্রবার স্থানীয় সময় সকালে ম্যানহাটনে জেপি মর্গানের সদর দপ্তর ২৭০ পার্ক অ্যাভিনিউয়ে ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ী নেতা ও বিনিয়োগকারীদের সঙ্গে এক প্রাতরাশ বৈঠকে একথা বলেন। প্রধানমন্ত্রী বৈঠকের আয়োজক জেপি মর্গান এবং অংশগ্রহণকারী ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ওয়াল স্ট্রিটের মানুষ নন; একজন বাংলাদেশি এবং রাজনৈতিক নেতা হিসেবে দেশের মানুষের স্বার্থ রক্ষার দায়িত্ব নিয়ে এখানে এসেছি। তিনি বলেন 'ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা তাদের ব্যবসা এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কাজ করেন, আর তিনি কাজ করেন বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষায়। দায়িত্ব ভিন্ন হলেও উভয়ের মূলনীতি একই-সাফল্য নিশ্চিত করা। প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশের অগ্রাধিকারগুলো তুলে ধরেছেন। আজ তিনি দেশের অর্থনীতি এবং বৈশ্বিক ব্যবসার জন্য বাংলাদেশে বিদ্যমান সুযোগগুলো সরাসরি তুলে ধরতে চান। তারেক রহমান বলেন, বাংলাদেশে ১৮ কোটিরও বেশি মানুষের বসবাস। দেশটির রয়েছে তরুণ ও কর্মঠ জনগোষ্ঠী, ক্রমবর্ধমান বাজার এবং কৌশলগত ভৌগোলিক অবস্থান। তিনি বলেন, বিশ্ব বাংলাদেশকে বড় উৎপাদন ও তৈরি পোশাকের কেন্দ্র হিসেবে চেনে। এটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ শক্তি এবং তা অব্যাহত থাকবে। তবে আজকের বাংলাদেশ এর চেয়েও অনেক বেশি সম্ভাবনা ধারণ করে। জ্বালানি, অবকাঠামো, লজিস্টিকস, প্রযুক্তি, ডিজিটাল সেবা, জলবায়ু অর্থায়ন, উৎপাদন, কৃষি ও স্বাস্থ্যসেবায় উল্লেখযোগ্য বিনিয়োগের সুযোগ রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা এবং বাংলাদেশকে বিশ্বব্যাপী সংযুক্ত উৎপাদন, বিনিয়োগ ও সেবা খাতের একটি কেন্দ্রে পরিণত করা সরকারের লক্ষ্য। তিনি বলেন,  এ লক্ষ্য অর্জনে বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশকে আরও সহজ, স্থিতিশীল ও নির্ভরযোগ্য করে তুলতে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, নিয়ন্ত্রণব্যবস্থা সহজ করা, বিনিয়োগকারীদের সুরক্ষা জোরদার করা, বিধিবিধান সহজ করা, কর ও ভ্যাট প্রশাসনের উন্নয়ন, মুনাফা সহজে দেশে ফেরত নেওয়ার ব্যবস্থা এবং অবকাঠামোর উন্নয়নে পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে চায় তার সরকার। একই সঙ্গে জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে নতুন অর্থনৈতিক ব্যবস্থা, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে নতুন অংশীদারত্বের উদ্যোগ এবং চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের কথা তুলে ধরেন তিনি। বিশ্বের প্রধান অর্থনীতিগুলোর সঙ্গে বাংলাদেশের আরও ঘনিষ্ঠ সংযোগ স্থাপনে এসব পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন। বাংলাদেশের প্রথম সার্বভৌম বন্ড ইস্যুতে জেপি মর্গ্যানের ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর মাধ্যমে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা বাংলাদেশের জন্য একটি নতুন রেফারেন্স পয়েন্ট পেয়েছেন এবং দেশের পুঁজিবাজারকে বৈশ্বিক আর্থিক ব্যবস্থার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করার সুযোগ তৈরি হয়েছে। তিনি বলেন, বিনিয়োগকারীরা শেষ পর্যন্ত কোনো বক্তব্যের পর কী ঘটে, তার ভিত্তিতেই একটি দেশকে মূল্যায়ন করেন। বিধিবিধান কতটা পূর্বানুমেয়, বিনিয়োগ কতটা সুরক্ষিত, মূলধন কতটা দক্ষতার সঙ্গে স্থানান্তর করা যায় এবং মুনাফা কতটা সহজে দেশে ফেরত নেওয়া যায়-এসব তাঁদের যৌক্তিক প্রশ্ন। প্রধানমন্ত্রী বলেন, নীতির মাধ্যমে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে তার কার্যকর বাস্তবায়নের মাধ্যমে আস্থা তৈরি করাই সরকারের দায়িত্ব। সরকার স্বল্পমেয়াদি লেনদেন নয়, উভয় পক্ষের জন্য মূল্য সৃষ্টি করবে এমন দীর্ঘমেয়াদি অংশীদারত্ব চায়। ওয়াল স্ট্রিটের প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে এমন একটি শক্তিশালী প্ল্যাটফর্মে পরিণত করতে চায় সরকার, যেখান থেকে বিনিয়োগকারীরা বৃহত্তর আঞ্চলিক বাজারে তাঁদের কার্যক্রম পরিচালনা করতে পারবেন। প্রধানমন্ত্রী বলেন, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি বিনিয়োগকারীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন এবং তাঁদের স্বার্থ ও সুনির্দিষ্ট বিষয়গুলো সরকারের সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করবেন। তিনি বলেন, সরকারের লক্ষ্য অত্যন্ত সরল- আরও বিনিয়োগ, আরও বাণিজ্য, আরও কর্মসংস্থান, আরও প্রযুক্তি এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্ব। বিনিয়োগকারীদের বাংলাদেশে আত্মবিশ্বাসের সঙ্গে বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদি ভিত্তিতে ব্যবসা গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আপনাদের সঙ্গে কাজ করতে, আপনাদের কথা শুনতে এবং যেখানে সম্ভব বাধা দূর করতে আমরা প্রস্তুত। আশা করি, আপনাদের অনেককেই শিগগিরই বাংলাদেশে দেখতে পাব। বৈঠকে ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ী নেতা, বিনিয়োগকারী ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। আরটিভি/এসআর
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী
৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ
দেশের সব উপজেলার প্রতিটি ইউনিয়নের হাট ও বাজারে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ
আসছে পুলিশের নতুন ইউনিট
আগামী সপ্তাহে পুলিশের একটা আলাদা সাইবার সিকিউরিটি ‘এসআরইউ’ নামে ইউনিট গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আসছে পুলিশের নতুন ইউনিট
আরও পড়ুন
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী
জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ বাংলাদেশ ও আন্তর্জাতিক আকাঙ্ক্ষার দূরদর্শী প্রতিফলন
জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে ব্যস্ত প্রশাসন ও নেতাকর্মীরা