ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

হরমুজে ১১৫ দিন আটকা, অবশেষে দেশে ফিরলেন ‘বাংলার জয়যাত্রার’ ১৭ নাবিক

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০৯:৪৩ পিএম
১১৫ দিন পর এমভি বাংলার জয়যাত্রার ১৭ বাংলাদেশি নাবিক দেশে ফিরেছেন। ছবি: সংগৃহীত

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর প্রায় চার মাস হরমুজ প্রণালিতে আটকে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এমভি বাংলার জয়যাত্রার ১৭ বাংলাদেশি নাবিক দেশে ফিরেছেন।

দক্ষিণ আফ্রিকার ডারবান থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুবাই হয়ে মঙ্গলবার (২১ জুলাই) বিকাল ৫টা ৪২ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। বাকি ১৪ নাবিক আরও কিছুদিন পর মালয়েশিয়া হয়ে দেশে ফিরবেন। বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক সন্ধ্যা ৭টার দিকে বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘সোমবার (২০ জুলাই) রাতে তারা দক্ষিণ আফ্রিকার ডারবান থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে রওনা হন। দুবাই হয়ে আজ বিকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এরপর তারা স্বজনদের সঙ্গে নিজ নিজ বাড়ির উদ্দেশে রওনা হন।’

বিএসসির তথ্য অনুযায়ী, দেশে ফেরা নাবিকদের মধ্যে জাহাজের মাস্টার, চিফ অফিসার, প্রকৌশলী, ক্যাডেট ও রেটিং রয়েছেন। এরই মধ্যে তাদের পরিবর্তে ১৭ জন নতুন নাবিককে ডারবানে পাঠানো হয়েছে। তারা জাহাজে উঠে দায়িত্ব গ্রহণ করেছেন।

আরও পড়ুন

বিএসসির মহাব্যবস্থাপক (শিপ পারসোনেল বিভাগ) ক্যাপ্টেন জিয়াউর রহমান বলেন, ‘এমভি বাংলার জয়যাত্রা জাহাজ পরবর্তী পণ্যবোঝাই শেষে আগামী কয়েক দিনের মধ্যে দক্ষিণ আফ্রিকার ডারবান ত্যাগ করবে। জাহাজটির পরবর্তী সম্ভাব্য গন্তব্য মালয়েশিয়া। সেখান থেকে ১৪ জন নাবিক দেশে ফিরবেন।’

তিনি বলেন, ‘দীর্ঘদিন জাহাজে দায়িত্ব পালন এবং টানা দুর্ভোগে নাবিকদের শারীরিক ও মানসিক অবস্থার কথা বিবেচনা করে অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে ১৭ জনকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়।’

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে হরমুজ প্রণালির আশপাশে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বাংলার জয়যাত্রা প্রায় ১১৫ দিন পারস্য উপসাগরীয় অঞ্চলে আটকে ছিল। জাহাজটি ২৭ ফেব্রুয়ারি কাতারের মেসাইয়িদ বন্দর থেকে ৩৮ হাজার ৮০০ টন স্টিল কয়েল নিয়ে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দরে পৌঁছায়। যুদ্ধের কারণে এবং হরমুজ প্রণালি বন্ধ থাকায় জাহাজসহ নাবিকরা আটকা পড়েন। বাংলাদেশের পতাকাবাহী এই বাল্ক ক্যারিয়ারটি গত ২৩ জুন হরমুজ প্রণালি অতিক্রম করে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরে যায়। সেখানে জ্বালানি নেওয়া ও জাহাজের তলদেশ পরিষ্কারের কাজ শেষে এটি দক্ষিণ আফ্রিকার ডারবান বন্দরে পৌঁছে।

বিএসসি সূত্রে জানা গেছে, ২০১৮ সালে বিএসসির বহরে যুক্ত হয় বাল্ক ক্যারিয়ার এমভি বাংলার জয়যাত্রা। ৩৯ হাজার টন ধারণক্ষমতার জাহাজটি নির্মাণ করে চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন (সিএমসি)। চীন সরকারের সঙ্গে যৌথ অর্থায়নে জাহাজটি কেনা হয়েছিল।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাহাড়ে কফি ও কাজুবাদাম চাষে ঘূর্ণায়মান তহবিল চালুর উদ্যোগ: পার্বত্য মন্ত্রী
পাহাড়ে জুম চাষ ও দ্রুত পচনশীল ফসলের ওপর নির্ভরতা কমাতে কফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণে ঘূর্ণায়মান তহবিল (রিভলভিং ফান্ড) চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু। তিনি বলেন, এর মাধ্যমে চাষিরা স্বাবলম্বী হয়ে ঋণমুক্ত হবেন। একই সঙ্গে আগামী এক দশকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নিজস্ব তহবিলে কয়েকশ কোটি টাকা জমা হবে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তহবিলের রূপরেখা তুলে ধরে সাচিং প্রু বলেন, এককালীন অনুদান বা ত্রাণের বদলে জবাবদিহি ও মালিকানাবোধ নিশ্চিত করতে ফেরতযোগ্য তহবিলের ব্যবস্থা রাখা হবে। নীতিমালা অনুযায়ী আগ্রহী ও প্রতিশ্রুতিবদ্ধ চাষিদের বাছাই করা হবে। কফি চাষে ছায়া লাগে বলে আম বা কলাবাগানের মালিকদের অগ্রাধিকার দেওয়া হবে, যেখানে প্রতি একরে প্রায় ১ হাজার ১৫০টি চারা লাগানো যায়। মন্ত্রী জানান, মে ও জুন মাসে চারা সংগ্রহ এবং ডিসেম্বরের মধ্যে রোপণের সময়সূচি ধরে চাষিদের তিন বছরের জন্য সমন্বিত সহায়তা দেওয়া হবে। রোপণের তিন বছর পর ফলন এলে পরবর্তী তিন থেকে চার বছরের মধ্যে চাষিরা ঋণ শোধ করবেন। জুম চাষের পর জমি ফেলে চলে যাওয়ার প্রবণতা বদলে ভূমির প্রতি স্থায়ী মায়া তৈরির আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি কফিগাছ ৭০ থেকে ৮০ বছর টিকে থাকে। এটি দুই থেকে তিন প্রজন্মের আয়ের উৎস হতে পারে। মন্ত্রী জানান, রুমার সোমশং এলাকায় ৪০-৫০ বছরের পুরোনো গাছ থেকে এখনো গাছপ্রতি ১৫ থেকে ২০ কেজি কফি পাওয়া যাচ্ছে। খাগড়াছড়িতেও এমন নজির আছে। শুধু তা-ই নয়, গত বছর শুধু থানচিতেই ২৫ হাজার মণ কাজুবাদাম উৎপাদিত হয়েছে, যা পাহাড়ের অর্থনৈতিক সম্ভাবনাকে স্পষ্ট করে। তিনি বলেন, অনুর্বর বা ফাঁকা পাহাড়গুলোকে কীভাবে উৎপাদনশীল করা যায়, তা নিয়ে নিয়মিত ভাবনাচিন্তা চলছে। একই সঙ্গে বৈষম্যমুক্ত পরিবেশ গড়তে সংখ্যাগরিষ্ঠের পাশাপাশি ক্ষুদ্র জনগোষ্ঠীর অগ্রগতিও সমানভাবে নিশ্চিত করার আহ্বান জানান তিনি। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিকল্পনার ধারাবাহিকতায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড গঠিত হয় বলে উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, তিন পার্বত্য জেলায় বোর্ডের প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও জনবল কাজে লাগিয়ে জেলা পরিষদের সঙ্গে সমন্বয় করে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এ জন্য বোর্ডের ঐতিহ্যবাহী বাজেট বরাদ্দ বজায় রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। সভায় মন্ত্রী বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন দাবি শোনেন এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমার সভাপতিত্বে সভায় রাঙ্গামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান, বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ আহম্মদসহ বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আরটিভি/টিআর
পাহাড়ে কফি ও কাজুবাদাম চাষে ঘূর্ণায়মান তহবিল চালুর উদ্যোগ: পার্বত্য মন্ত্রী
হজের বিমানভাড়া কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী
পাশাপাশি দেশের প্রায় ৮২ হাজার মসজিদের ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে ভাতা দেওয়ারও উদ্যোগ নেওয়া হয়েছে।
হজের বিমান ভাড়া কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী
গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি: পানিসম্পদ মন্ত্রী
গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, আগামী ১২ ডিসেম্বর এই চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। বিষয়টি সমাধানে ভারতকে নতুন করে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন আয়োজিত এক আলোচনা সভা ও বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেছেন, তিনি নিজেও ব্যক্তিগতভাবে চিঠি পাঠিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো উত্তর পাননি। দুপুরে রাজধানীর পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন আয়োজিত আলোচনা সভা ও বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন পানিসম্পদ মন্ত্রী। শহীদ উদ্দীন চৌধুরী বলেন, আগামী মাসের ১২ তারিখ গঙ্গা চুক্তির সময় শেষ হবে। ইতিমধ্যে আমাদের বিশেষ কমিটির থেকে টিআরসি আমরা দুইটা চিঠি পাঠিয়েছি পার্শ্ববর্তী দেশকে। একটা চিঠির উত্তর দেন নাই। আমি নিজে ব্যক্তিগতভাবে চিঠি পাঠিয়েছি। এখন পর্যন্ত সে উত্তর পাই নাই। আমরা জানি ষড়যন্ত্র কোথায়। আমরা জানি তাদের অবস্থান কী। তবে বাংলাদেশ বসে নেই জানিয়ে পানিসম্পদ মন্ত্রী বলেন, এই কারণেই আমরা ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করতেছি পানিটাকে ধরে রাখার জন্য। এ জন্যই আমরা পদ্মা ব্যারেজ হাতে নিয়েছি পানিটাকে রিজার্ভ করার জন্য। এ জন্যই আমরা তিস্তা মহাপরিকল্পনার কাজ হাতে নিয়েছি, যেন আমরা ওই পানিটাকে ধরে রেখে উৎপাদন উন্নয়ন বৃদ্ধি করতে পারি। গঙ্গার পানিবণ্টন চুক্তি নিয়ে সমাধানে পৌঁছাতে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, আমরা ইতিমধ্যে ভারতীয় হাইকমিশনার—ওনার সঙ্গে কথা বলেছি, আমন্ত্রণ জানিয়েছি। উনি এসেছেন, আশ্বস্ত করেছেন। কিন্তু নমুনা এখনো পাচ্ছি না। ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রত্যাশা জানিয়ে শহীদ উদ্দীন চৌধুরী বলেন, বাংলাদেশের মানুষের সঙ্গে প্রতিবেশী দেশ হিসেবে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা উচিত। সীমান্তে বিভিন্ন ধরনের অপতৎপরতা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশ যেভাবে রুখে দাঁড়াবে, ভারতেরও দায়িত্ব রয়েছে এসব বিষয়ে সহযোগিতা করা। পানিসম্পদ মন্ত্রী বলেন, বাংলাদেশ এমন কোনো সম্পর্ক চায় না, যেখানে খুনি, অপরাধী ও সাজাপ্রাপ্ত আসামিদের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেওয়া হবে। যারা বাংলাদেশে গুম, খুন, ছাত্র ও শিশু হত্যার সঙ্গে জড়িত ছিল, রাজনৈতিক কর্মীদের হত্যা করেছে, দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও দুঃশাসন করেছে এবং মানুষের অর্থ লুটপাট করেছে, তাদের সঙ্গে নয়; বাংলাদেশের সব মানুষের সঙ্গে ভারতের সম্পর্ক গড়ে তোলা উচিত। আরটিভি/টিআর
গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি: পানিসম্পদ মন্ত্রী
নতুন দায়িত্ব পেলেন রেজা কিবরিয়া
শিক্ষা খাতের বিভিন্ন দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ওঠা অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্তের দায়িত্ব পেয়েছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া। জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি তাকে সভাপতি করে চার সদস্যের একটি সাব-কমিটি গঠন করেছে। বুধবার (২৫ নভেম্বর) সংসদ সচিবালয়ের কমিটি শাখা-২ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সচিব মোহাম্মদ কাউছার আলম এতে সই করেন। সংসদের কার্যপ্রণালি-বিধির ১৯৬ বিধি অনুযায়ী গঠিত সাব-কমিটির অন্য সদস্যরা হলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন, রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান এবং কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদ। বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর, বিভিন্ন পরিদপ্তর, আঞ্চলিক ও জেলা শিক্ষা কার্যালয় এবং শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ওঠা অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্ত করবে সাব-কমিটি। অভিযোগের সত্যতা যাচাই করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশসহ প্রতিটি তদন্তের প্রতিবেদন ১০ কার্যদিবসের মধ্যে মূল কমিটির কাছে জমা দিতে বলা হয়েছে।  আরটিভি/টিআর
নতুন দায়িত্ব পেলেন রেজা কিবরিয়া
কার্যকর সংসদ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের
জাতীয় সংসদকে অধিকতর দক্ষ এবং কার্যকরভাবে গড়ে তুলতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।   তিনি বলেন, যারা সত্যিকার অর্থেই যোগ্য, দক্ষ এবং পেশাদারিত্বের সাথে কাজ করতে পারবে, দুঃখজনকভাবে তারা রাজনীতিতে আসতে চান না।   তিনি আরও বলেন, দেশের যোগ্য ও দক্ষ নাগরিকসহ তরুণ প্রজন্ম, সুশীল সমাজের প্রতিনিধি এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মেধাবী ও সচেতন মানুষকে সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করতে হবে। জনগণের প্রতিনিধিত্ব করে জাতীয় সংসদে এসে নিজেদের যোগ্যতা, মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে দেশ গঠন ও রাষ্ট্রের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে হবে। আজ গুলশানের দি সিক্স সিজনস হোটেলে ‘হাউ ক্যান দ্য জাতীয় সংসদ বি মেড মোর ইফিশিয়েন্ট অ্যান্ড ইফেক্টিভ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।   ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশে বারবার গণতন্ত্রকে হত্যা করা হয়েছে এবং জনগণের গণতান্ত্রিক অধিকারকে বাধাগ্রস্ত করা হয়েছে। ১৯৯১ সালে বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে দেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু করেছিলেন এবং একটি কার্যকর সংসদ প্রতিষ্ঠা করেছিলেন।  ‘কিন্তু ২০০৮ সালের পর বাংলাদেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ ক্রমাগত ভূলুণ্ঠিত হয়েছে এবং মানবাধিকার হরণ করা হয়েছে। নির্বাচন কমিশনকে ক্ষমতা নবায়নের এজেন্ট হিসেবে ব্যবহার করে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে প্রহসনমূলক এবং ডামি নির্বাচন করা হয়েছে।’ বাংলাদেশ জাতীয় সংসদ ও জাতীয় সংসদ সচিবালয়কে আরও দক্ষ, কার্যকর ও শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বিদ্যমান কিছু সীমাবদ্ধতার কথা উল্লেখ করেন তিনি। তার ভাষ্য, বাংলাদেশের সংবিধানের ৭৬(৩), ৭৭ ও ৭৯ অনুচ্ছেদে জাতীয় সংসদ ও সংসদীয় কার্যক্রমের কার্যকর পরিচালনা, সংসদীয় কমিটির ক্ষমতা এবং জাতীয় সংসদ সচিবালয়ের স্বাতন্ত্র্য ও স্বাধীনতার বিষয়ে সুস্পষ্ট বিধান রয়েছে। এসব সাংবিধানিক বিধানের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করার পাশাপাশি সংসদ ও সংসদ সচিবালয়ের প্রাতিষ্ঠানিক সক্ষমতা, দক্ষতা ও কার্যকারিতা আরও বৃদ্ধি করা প্রয়োজন। তিনি বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়েও আমাদের নতুন করে ভাবতে হবে এবং এর সংশোধন নিয়ে আলোচনা করতে হবে। সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতপ্রকাশ, ভিন্নমত তুলে ধরা এবং জনগণের স্বার্থে কার্যকরভাবে সংসদীয় দায়িত্ব পালনের সুযোগ কীভাবে আরও সম্প্রসারিত করা যায়, সে বিষয়ে গভীরভাবে চিন্তা করা প্রয়োজন।  ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বর্তমান সংসদ বিগত যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি কার্যকর। অনেক ত্যাগ ও সংগ্রামের পরে আমরা আজকের এই সংসদ পেয়েছি। এখানে সরকারি এবং বিরোধী দল একসাথে মিলেমিশে কাজ করার জন্য চমৎকার পরিবেশ রয়েছে। এখনই উপযুক্ত সময় এই সংসদকে সত্যিকার অর্থেই একটি কার্যকর সংসদ হিসেবে গড়ে তোলা।  দিনশেষে এই দেশটা আমাদের এবং আমাদের দেশটাকে সবাই মিলেই গড়ে তুলতে হবে। তিনি সুশীল সমাজের প্রতিনিধি এবং উন্নয়ন অংশীদারসহ প্রত্যেককে এই দেশকে নতুনভাবে গড়ে তোলার জন্য দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।  সেমিনারে সংসদ সদস্য মো. সাইফুল আলম, ফাহিমা নাসরিন এবং মোছা. নুসরাত তাবাসসুম জ্যোতিসহ বিশিষ্ট ফেলো, সংবিধান বিশেষজ্ঞ, নরওয়েজিয়ান অ্যাম্বাসির প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও রাষ্ট্রবিজ্ঞানীরা অংশগ্রহণ করেন এবং তাদের মূল্যবান মতামত জানান।   আরটিভি/এসআর          
কার্যকর সংসদ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের