দেশে বর্তমানে সারের কোনো ঘাটতি নেই, কৃষকদের চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত সার মজুত রয়েছে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শনকালে তিনি এ কথা জানান।
কৃষিমন্ত্রী বলেন, দেশে বর্তমানে সারের কোনো ঘাটতি নেই। কৃষকদের চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত সার মজুত রয়েছে তবে একটি মহল কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের তৎপরতা মোকাবিলায় সরকার সতর্ক রয়েছে এবং কৃষকদের কাছে নিরবচ্ছিন্ন সার সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন, দেশে কৃষিপণ্যের উৎপাদনের পাশাপাশি রপ্তানি সক্ষমতা বাড়াতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে। ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে আরও বেশি কৃষিপণ্য রপ্তানি করাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, কৃষি খাতকে আরও আধুনিক ও রপ্তানিমুখী করতে গবেষণা, প্রযুক্তির ব্যবহার এবং উৎপাদনের মান বৃদ্ধিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী নিরাপদ ও মানসম্মত কৃষিপণ্য উৎপাদনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকরভাবে কাজ করতে হবে।
আরটিভি/টিআর



