ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৩:৩২ পিএম
বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ই-কমার্স বাস্তবায়ন বিষয়ক সভা। ছবি: সংগৃহীত

দেশের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল পণ্যের সরবরাহ স্থিতিশীল রাখতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক ডেটা বিশ্লেষণ ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মঙ্গলবার (২৮ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ই-কমার্স বাস্তবায়ন বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান।

তিনি বলেন, দেশের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা বর্তমানে কৃষি, খাদ্য ও শিল্পসহ বিভিন্ন খাতের সংবেদনশীল পণ্য নিয়ে কাজ করছে। এসব পণ্যের কোনটি স্থানীয়ভাবে উৎপাদিত, কোনটি আমদানি নির্ভর এবং কোনটির ক্ষেত্রে দেশীয় উৎপাদন ও আমদানির সমন্বয় রয়েছে, তা বিশ্লেষণের মাধ্যমে একটি সমন্বিত ব্যবস্থাপনা গড়ে তোলা প্রয়োজন।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাজারে মূল্যবৃদ্ধির অন্যতম কারণ অনেক সময় সরবরাহ সংকট। কোনো পণ্যের উৎপাদন বা আমদানি উৎসে সমস্যা তৈরি হলে যাতে হঠাৎ সরবরাহ ঘাটতি তৈরি না হয়, সে জন্য আগে থেকেই প্রস্তুতি নিতে হবে।

তিনি বলেন, কোনো পণ্যের দাম বাড়লে সরকার ভর্তুকি দিয়ে কমাবে কি না, সেটি ভিন্ন বিষয়। কিন্তু সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার কারণে যেন বাজারে অস্থিতিশীলতা তৈরি না হয়, সেটি নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।

এ সময় খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, ডাল ও পেঁয়াজসহ বিভিন্ন কৃষিপণ্যের ক্ষেত্রে স্থানীয় উৎপাদন, মৌসুমি ঘাটতি, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ও রপ্তানিকারক দেশগুলোর উৎপাদন সক্ষমতা নিয়মিত বিশ্লেষণ করা প্রয়োজন।

বাণিজ্যমন্ত্রী উদাহরণ দিয়ে বলেন, কোনো বছর দেশে ডালের উৎপাদন কম হওয়ার সম্ভাবনা থাকলে ফসল ঘরে ওঠার আগেই প্রস্তুতি নিতে হবে। একই সঙ্গে বিশ্বের যেসব দেশ থেকে পণ্য আমদানি করা হয়, সেসব দেশের উৎপাদন পরিস্থিতি ও রপ্তানি সক্ষমতাও বিবেচনায় নিতে হবে।

তিনি আরও বলেন, আমাদের জানতে হবে যে কোন সময়ে কোন পণ্যের ঘাটতি তৈরি হতে পারে, কোন দেশ থেকে কখন আমদানি করলে ভালো হবে এবং কোন বাজারে দাম তুলনামূলক সুবিধাজনক থাকবে।

এ লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, এই ব্যবস্থা ১০ বছরের বাজার তথ্য, উৎপাদন, আমদানি-রপ্তানি ও আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমানে এ ধরনের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সভা করতে হয় এবং সিদ্ধান্ত নিতে দীর্ঘ সময় লাগে। কিন্তু এআইভিত্তিক ব্যবস্থা চালু হলে কয়েক মিনিটের মধ্যে প্রয়োজনীয় বিশ্লেষণ পাওয়া সম্ভব হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, এক সময় একটি তথ্য পেতে আন্তঃমন্ত্রণালয় সভা করতে হতো এবং আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাতে ঘণ্টার পর ঘণ্টা সময় লাগত। এআই ১০ বছরের তথ্য বিশ্লেষণ করে কয়েক মিনিটের মধ্যে সম্ভাব্য পরিস্থিতি তুলে ধরতে পারবে।

আরও পড়ুন

তিনি জানান, এআই ব্যবস্থা আগাম জানাতে পারবে যে কোন সময়ে কোন পণ্যের ঘাটতি তৈরি হতে পারে, কোন দেশ থেকে আমদানি করা সুবিধাজনক হবে, কোন দেশের রপ্তানি সক্ষমতা কতটুকু রয়েছে ও কখন ক্রয় করলে বাজার সুবিধা পাওয়া যাবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, এই উদ্যোগের মাধ্যমে সারা বছর গুরুত্বপূর্ণ পণ্যের সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখা সম্ভব হবে।

খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, বাণিজ্য মন্ত্রণালয় একা এই কার্যক্রম পরিচালনা করবে না। কৃষি ও খাদ্যসহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থাকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করা হবে। যেসব সংস্থা এ কার্যক্রমে যুক্ত থাকবে, তারা প্রয়োজনীয় তথ্য ব্যবহারের সুযোগ পাবে।

তিনি আরও বলেন, এআই প্রযুক্তির কার্যকারিতা বাড়াতে নির্ভরযোগ্য তথ্যের উৎস নিশ্চিত করা জরুরি। সরকারি তথ্যের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক ওপেন সোর্স ও সাবস্ক্রিপশন ভিত্তিক তথ্য উৎস ব্যবহার করে একটি সমৃদ্ধ ডেটাবেজ তৈরি করা হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, শুরুতে এ ব্যবস্থার উন্নয়নে সময় লাগলেও কয়েকটি ধাপ অতিক্রম করার পর এটি মানুষের চেয়ে দ্রুত ও কার্যকরভাবে বিশ্লেষণ দিতে সক্ষম হবে।

তিনি আরও বলেন, দ্রুত ও সঠিক তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা তৈরি করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে দেশের বাজার ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষিত থাকবে।

সভায় ই-কমার্স খাতের উন্নয়ন, প্রযুক্তিনির্ভর বাজার ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিতর্কিত বক্তব্য প্রত্যাহার, দুঃখ প্রকাশ করলেন প্রতিমন্ত্রী শাহে আলম
ঠিকাদারের কাছ থেকে উপহার গ্রহণ নিয়ে দেওয়া বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে তার বক্তব্যকে ঘুষের বৈধতা দেওয়ার প্রচেষ্টা হিসেবে তুলে ধরার অভিযোগ এনে একে রাজনৈতিক অপপ্রচার বলে দাবি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বুধবার (১১ নভেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. বোরহান উদ্দীনের সই করা এক ব্যাখ্যায় এ তথ্য জানানো হয়। ব্যাখ্যায় বলা হয়, মঙ্গলবার প্রতিমন্ত্রীর দেওয়া বক্তব্য নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে প্রতিমন্ত্রীর বক্তব্যকে ‘উপহারের মোড়কে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা’ হিসেবে উল্লেখ করা হয়েছে, যা অসত্য ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ভাষ্য, এলজিইডির নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের আনুষ্ঠানিক নির্দেশনা দিতে গিয়ে প্রতিমন্ত্রী সরকারি উন্নয়নকাজের মান বজায় রাখা এবং দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দিয়েছেন। ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে থেকে কাজের গুণগত মান নিশ্চিত করে নিয়ম মেনে ঠিকাদারদের বিল পরিশোধের নির্দেশনাও দিয়েছেন তিনি। পাশাপাশি সরকারি ব্যয় ও কেনাকাটার ক্ষেত্রে সরকারি ক্রয়বিধি (পিপিআর) ও সরকারি ক্রয় আইন (পিপিএ) কঠোরভাবে অনুসরণের কথা বলেছেন। ব্যাখ্যায় আরও বলা হয়, প্রতিমন্ত্রীর মূল বক্তব্য আড়াল করে নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের সঙ্গে অনানুষ্ঠানিক আলাপের কিছু বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এর মাধ্যমে তার বক্তব্যকে বিতর্কিত করার চেষ্টা করেছে একটি মহল। মন্ত্রণালয়ের দাবি, এসব বক্তব্যকে ঘুস লেনদেনের বৈধতা দেওয়ার সঙ্গে তুলনা করা অনভিপ্রেত এবং সরকারের দুর্নীতিবিরোধী অবস্থান নিয়ে রাজনৈতিক অপপ্রচারের শামিল। মন্ত্রণালয় জানায়, সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতে বিশ্বাসী এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। দায়িত্বশীল পদে থেকে বৈধ প্রক্রিয়ার বাইরে কোনো ধরনের অবৈধ সুবিধা নেওয়ার সুযোগ নেই। ব্যাখ্যায় উল্লেখ করা হয়, বুধবার সকালে এলজিইডি ভবনে পৌরসভার প্রশাসক, প্রধান নির্বাহী ও প্রকৌশলীদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় গণমাধ্যমের সামনে আগের দিনের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা চান প্রতিমন্ত্রী। একই সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় দেওয়া বক্তব্যগুলো প্রত্যাহার করেন তিনি। এসব বক্তব্যের সঙ্গে সরকারের কোনো কর্মকর্তার সংশ্লিষ্টতা নেই বলেও জানিয়েছে মন্ত্রণালয়। প্রতিমন্ত্রীর বক্তব্য নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে দুর্নীতি প্রতিরোধে সরকারকে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) আগারগাঁওয়ে এলজিইডি ভবনে নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘ঠিকাদার তার লভ্যাংশ থেকে যদি খুশি হয়ে একটা উপহার ইঞ্জিনিয়ারকে দেয়, এটা তো ঘুষের মধ্যে পড়বে না। এটা আপনি নিতে পারবেন।’ তার এ বক্তব্য প্রকাশের পর সমালোচনা শুরু হয়। পরে টিআইবি এর প্রতিবাদ জানায়।  আরটিভি/এসআর
বিতর্কিত বক্তব্য প্রত্যাহার, দুঃখ প্রকাশ করলেন প্রতিমন্ত্রী শাহে আলম
একযোগে ৭ সহকারী পুলিশ সুপারকে বদলি
বুধবার (১১ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
একযোগে ৭ সহকারী পুলিশ সুপারকে বদলি
সংসদে হইচই, ডেপুটি স্পিকার বললেন নিজেদের পাঠশালার ছাত্র-ছাত্রী বানাবেন না
সংসদে প্রশ্নের জবাব দেওয়ার সময় মন্ত্রীর বক্তব্যের মধ্যে হইচই করায় সংসদ সদস্যদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, এইভাবে হইচই করে নিজেদের পাঠশালার ছাত্র-ছাত্রী বানাবো কেন? প্লিজ ধৈর্যের সঙ্গে বসেন, উনার উত্তর শুনেন। বুধবার (১১ নভেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে সারের ডিলার নিয়োগ নিয়ে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের বক্তব্যের সময় সংসদে হইচই শুরু হলে এ কথা বলেন ডেপুটি স্পিকার। সংসদ সদস্য মো. নুরুল আমীনের লিখিত প্রশ্নের পর সম্পূরক প্রশ্ন করেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। সারের ডিলার নিয়োগে সংসদ সদস্যদের স্বজনদের ডিলারশিপ দেওয়া এবং নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে তিনি কৃষিমন্ত্রীর কাছে এ বিষয়ে ব্যাখ্যা চান। জবাবে কৃষিমন্ত্রী বলেন, সারের ডিলার নিয়োগে উপজেলা ও জেলা পর্যায়ে দুটি কমিটি করা হয়েছে। উপজেলা পর্যায়ে ইউএনও এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসকের নেতৃত্বে এসব কমিটি আবেদন যাচাই-বাছাই করে। এরপর জেলা পর্যায়ের কমিটি তিনজনের নাম ক্রমানুসারে মন্ত্রণালয়ে পাঠায়। মন্ত্রণালয় প্রথম ব্যক্তিকে ডিলার হিসেবে ঘোষণা করে। মন্ত্রীর বক্তব্যের একপর্যায়ে সংসদে ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা হইচই শুরু করেন। এ সময় মন্ত্রী বলেন, তিনি নতুন মন্ত্রী। বক্তব্য দেওয়ার সময় সাইড টক হলে তার অসুবিধা হয়। তার জবাব অপছন্দ হলে পরে আরেকটি প্রশ্ন করার সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। হইচই বাড়তে থাকলে ডেপুটি স্পিকার কায়সার কামাল বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলামের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, সংসদ সদস্যদের কথা বলার অধিকার রয়েছে, জবাব দেওয়ারও অধিকার রয়েছে। বিরোধী দলের সদস্যদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি। এরপর ডেপুটি স্পিকার বলেন, মাননীয় সদস্য, মন্ত্রী সাহেব একটু থামেন। মাননীয় সদস্যবৃন্দ, আপনারা সবাই বসেন। সবাই বসেন প্লিজ। মাননীয় সদস্য প্রশ্ন করেছেন, মাননীয় মন্ত্রী উত্তর দিচ্ছেন। উনার উত্তরে সন্তুষ্ট না হলে আমরা আরও একটা প্রশ্ন নেব। কিন্তু এইভাবে হইচই করে নিজেদের পাঠশালার ছাত্রছাত্রী বানাবো কেন? প্লিজ ধৈর্যের সঙ্গে বসেন, উনার উত্তর শুনেন। মাননীয় মন্ত্রী, আর এদিকে এভাবে দাঁড়াবেন না প্লিজ। এরপর মন্ত্রী তার বক্তব্য অব্যাহত রাখেন। তিনি জানান, জেলা পর্যায়ের কমিটির সব সদস্যের স্বাক্ষরসহ ডিলার নিয়োগের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আরটিভি/এসআর
সংসদে হইচই, ডেপুটি স্পিকার বললেন নিজেদের পাঠশালার ছাত্র-ছাত্রী বানাবেন না
প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক
তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ। বুধবার (১১ নভেম্বর) বিকেল পৌনে ৩টায় সম্মেলনস্থলে দুই নেতার এ বৈঠক শুরু হয়। প্রায় ৩০ মিনিট ধরে চলে তাদের আলোচনা। বৈঠকে বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পায়। এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। আরটিভি/এসআর
প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক
নতুন পে-স্কেলে আরও যুক্ত হলেন যারা
নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন পাবেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা। গত ১ জুলাই থেকে তাদের নতুন বেতন স্কেল কার্যকর করতে নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-২ শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়, সরকার ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য ‘জাতীয় বেতন স্কেল, ২০২৬’-এর সুবিধা দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে। তবে তাদের বেতন নির্ধারণ ও প্রদানের ক্ষেত্রে অর্থ বিভাগের গত ১৭ সেপ্টেম্বর জারি করা এসআরও যথাযথভাবে অনুসরণ করতে হবে। এতে আরও বলা হয়, ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) কর্মচারী চাকরি বিধিমালা, ২০১১ (সংশোধিত)’-এর বিধি ৮ অনুযায়ী, গত ১ জুলাই থেকে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের বেতন নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী নির্ধারণ করতে হবে। নির্দেশনাটি বাস্তবায়নের জন্য সব জেলা প্রশাসক, জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার), জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। আরটিভি/এসআর
নতুন পে-স্কেলে আরও যুক্ত হলেন যারা
আরও পড়ুন
টানা ৭ দিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
দুর্গাপূজার ছুটিতেও সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি
টানা ৮ দিন বন্ধ হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি
সোনাহাট স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি