ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

কিছু রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী 

অনলাইন ডেস্ক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পিএম

দেশের বিদ্যমান বিভিন্ন সমস্যাকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভিন্নভাবে বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভ্রান্তি ছড়িয়ে কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে সে বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে সরকারপ্রধান এই হুঁশিয়ারি দেন।

প্রধানমন্ত্রী বলেন, এই মুহূর্তে দেশের বহু মানুষ বিদ্যুৎ-জ্বালানির ক্ষেত্রে কষ্ট পাচ্ছে, আমরা সেটি অস্বীকার করছি না। যেহেতু বিএনপি জনগণের দ্বারা নির্বাচিত একটি সরকার, সেজন্য বিএনপি এ বিষয়ে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। তবে কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে কিছু সময়ের প্রয়োজন রয়েছে। কিন্তু বিএনপি এমনভাবেই কর্মপরিপরিকল্পনা গ্রহণ করছে যে, ভবিষ্যতে আবারও বিশ্বে বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে এবং সমস্যা তৈরি হলে যেন দেশের মানুষকে জ্বালানি সংকটে পড়তে না হয়। এ সময় বিদ্যুৎ ও জ্বালানির কারণে মানুষের সাময়িক এই ভোগান্তির জন্য দলের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করেন তিনি।

সরকারপ্রধান বলেন, স্বৈরাচারের রেখে যাওয়া সমস্যাগুলোর কারণে আজকে দেশ ও দেশের মানুষ কষ্ট ভোগ করছে। কিন্তু আমরা অজুহাত হিসেবে এটি বলতে চাই না, বরং অজুহাত না দিয়ে আমরা মানুষের কাছে বাস্তবতা তুলে ধরতে চাই। সেই সঙ্গে আমরা এমন পদক্ষেপ গ্রহণ করতে চাই যাতে দেশের মানুষকে ভবিষ্যতে এই সমস্যায় না পড়তে হয়।

তারেক রহমান বলেন, বিএনপি প্রতিষ্ঠার শুরু থেকেই আমাদের লক্ষ্য দেশকে গণতান্ত্রিকভাবে পরিচালিত করা। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে সমুন্নত রাখা। বর্তমান সময়েও আমরা দৃঢ়ভাবে এটি বিশ্বাস করি। কারণ, এই গণতন্ত্রের জন্যই আমাদের শত শত, হাজার হাজার নেতা-কর্মী জীবন উৎসর্গ করেছে। একইসঙ্গে আমরা একটি মানবিক রাষ্ট্রও তৈরি করতে চাই। আমরা এমন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই যেখানে রাজনৈতিক দলের হোক কিংবা সাধারণ একজন নিরপেক্ষ মানুষ, প্রত্যেকে তাদের বক্তব্য তুলে ধরতে পারে।

তিনি বলেন, যেসব সমস্যা আমরা ইনহেরিট করেছি- স্বৈরাচারের সময়ের হোক বা অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া সমস্যাই হোক না কেন, সেগুলো আমরা সমাধানের চেষ্টা করছি। সমস্যা নেই আমরা কখনো বলছি না, বিভিন্ন ক্ষেত্রে সমস্যা আছে। কিন্তু সমস্যাগুলোকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল, কিছু ব্যক্তি বিভিন্নভাবে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। এই বিভ্রান্তি তৈরির মাধ্যমে তারা দেশে একটি অরাজকতা তৈরি করার চেষ্টা করছে।

হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী বলেন, বিভ্রান্তি ছড়িয়ে যারা অরাজকতা তৈরির চেষ্টা করছেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই- অবশ্যই দেশের জনগণ এই সরকারকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে, অবশ্যই আমরা গণতন্ত্রের ধারা সমুন্নত রাখব। গণতন্ত্রের যেসব নীতি-নৈতিকতা রয়েছে, আমরা সেগুলো রক্ষার সর্বোচ্চ চেষ্টা করব। কিন্তু কেউ যদি অরাজকতা সৃষ্টি করতে চায় অবশ্যই দেশের আইনে বলে দেয়া আছে কীভাবে অরাজকতাকে কন্ট্রোল (নিয়ন্ত্রণ) করতে হবে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
রংপুরে শারদীয় দুর্গাপূজার আয়োজন দেখতে নীলফামারীর সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টায় বিশেষ সামরিক বিমানযোগে তিনি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন।
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
নাহিদের উদ্দেশে ইশরাকের কড়া বার্তা
মাদকের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার করে সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ইশরাক হোসেন। এর আগে, অস্ত্র হাতে মাদক প্রতিরোধে নামতে গিয়ে বিতর্কের মুখে পড়েন তিনি।
নাহিদের উদ্দেশে ইশরাকের কড়া বার্তা
দুর্গাপূজার নিরাপত্তায় সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সেজন্য সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। 
দুর্গাপূজার নিরাপত্তায় সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি শুরু হওয়ায় রাজধানী ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল থেকেই রাজধানীর যাত্রাবাড়ী, সায়েদাবাদ, ধোলাইপাড় ও আশপাশের এলাকার বাস টার্মিনালগুলোতে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে।
টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
শারদীয় দুর্গোৎসবের নবমীতে ঢাকার বাইরে পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান