ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী-ভাতা দিচ্ছে সরকার

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ এএম

দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নীতিমালা জারি করেছে সরকার।

এর আওতায় ধর্মীয় প্রতিষ্ঠানের কর্মীদের মাসিক সম্মানী, উৎসব ভাতা ও দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ‘মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের জন্য সম্মানী ও কল্যাণ সহায়তা প্রদান নীতিমালা ২০২৬’ শীর্ষক প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার, সামাজিক মূল্যবোধের বিকাশ এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষায় মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের কর্মরত ব্যক্তিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

তাদের এ অবদান বিবেচনায় নিয়ে আর্থিক ও সামাজিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে নতুন এ নীতিমালা প্রণয়ন করা হয়েছে।

নীতিমালার আওতায় মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদের সম্মানী দেওয়ার ব্যবস্থা থাকবে। পাশাপাশি ধর্মীয় উৎসব উপলক্ষে উৎসব ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এর মাধ্যমে উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের নিয়মিত আয় ও আর্থিক নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করার লক্ষ্য নেওয়া হয়েছে।

শুধু আর্থিক সহায়তার মধ্যেই এ উদ্যোগ সীমাবদ্ধ থাকছে না। সংশ্লিষ্ট ব্যক্তিদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের ব্যবস্থা করার কথাও নীতিমালায় উল্লেখ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে তাদের বিভিন্ন দক্ষতা বৃদ্ধি ও বিকল্পভাবে আয় করার সুযোগ তৈরি করার উদ্যোগ নেওয়া হবে।

এতে ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি তাদের পেশাগত দক্ষতাও বাড়বে বলে আশা করা হচ্ছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সরকারের ২০২৬ সালের নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতির ধারাবাহিকতায় এ নীতিমালা প্রণয়ন করা হয়েছে।

দেশের সব ধর্মীয় সম্প্রদায়ের উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের কল্যাণ নিশ্চিত করার মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক মূল্যবোধ আরও সুদৃঢ় করার লক্ষ্য রয়েছে সরকারের।

ধর্মীয় উপাসনালয়গুলোতে কর্মরত ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও সেবকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ধর্মীয় শিক্ষা, নৈতিকতা ও সামাজিক সচেতনতা তৈরিতে ভূমিকা রেখে আসছেন।

নতুন নীতিমালার মাধ্যমে তাদের অবদানকে প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি আর্থিক সহায়তার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের আর্থিক অনিশ্চয়তা কমবে এবং তাদের সামাজিক নিরাপত্তা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অক্টোবর মাসের মূল্য সংযোজন করের (ভ্যাট) অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ২২ নভেম্বর পর্যন্ত সুদ ও জরিমানা ছাড়াই অক্টোবর মাসের ভ্যাট রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা। এনবিআর জানিয়েছে, ই-ভ্যাট সিস্টেমে সার্ভার জটিলতার কারণে এ সময় বৃদ্ধি করা হয়েছে। গতকাল সোমবার এসংক্রান্ত চিঠি ইস্যু করা হলেও আজ মঙ্গলবার তা ওয়েবসাইটে প্রকাশ করেছে এনবিআর। এনবিআরের দ্বিতীয় সচিব শেখ মো. মাসুদুর রহমান সই করা বিশেষ আদেশে বলা হয়েছে, ১৫ নভেম্বর থেকে ই-ভ্যাট সিস্টেমে কনকারেন্ট ইউজার এর সংখ্যা অত্যধিক হওয়ায় সার্ভার জটিলতার কারণে করদাতাদের অক্টোবরের কর রিটার্ন নির্ধারিত সময়সীমার মধ্যে দাখিলের কার্যক্রম বিঘ্নিত হয়। এ কারণে জনস্বার্থ বিবেচনায় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারার উপধারা (২) এ প্রদত্ত ক্ষমতাবলে রিটার্ন জমার সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ২২ নভেম্বর পর্যন্ত অক্টোবর মাসের ভ্যাট রিটার্ন অনলাইনে জমা দেওয়া যাবে। এ সময়ের মধ্যে রিটার্ন দাখিল করলে কোনো সুদ বা জরিমানা আরোপ করা হবে না। আরটিভি/এসআর    
রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর
‘নজরদারিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জড়িত কর্মকর্তারা’
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত সরকারি কর্মকর্তাদের বিষয়ে নজরদারি চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
‘নজরদারিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জড়িত কর্মকর্তারা’
ডিএফসির যোগ্যতা অর্জন বাংলাদেশের মার্কিন বিনিয়োগ বাড়াবে: মাহদী আমিন
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এর ফলে দেশে মার্কিন বিনিয়োগ বাড়বে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।  প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি. হাস ঢাকা সফরে এসে সরকারকে বিষয়টি অবহিত করেছেন। বাংলাদেশসংবাদ মাহদী আমিন বলেন, জ্বালানি, প্রযুক্তি ও ডিজিটাল প্ল্যাটফর্মের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে মার্কিন বিনিয়োগ বাড়বে। এতে বাংলাদেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। তিনি আরও বলেন, শ্রমবান্ধব নীতিমালা প্রণয়নের কারণেই বাংলাদেশ এই যোগ্যতা অর্জন করেছে। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ দেশে ও বিদেশে নাশকতা চালাচ্ছে। তবে গণতন্ত্রের পক্ষের সব শক্তি ঐক্যবদ্ধ থাকলে সব বাধা দূর হবে বলে মনে করেন তিনি। আরটিভি/এসআর
ডিএফসির যোগ্যতা অর্জন বাংলাদেশের মার্কিন বিনিয়োগ বাড়াবে: মাহদী আমিন
শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে মোট ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।  এর মধ্যে ঢাকার মিরপুর, সাভার, হেমায়েতপুর ও আশুলিয়ার ইউনুস কনভেনশন হল, কাঠগড়া, জিরাবো, হামিম গ্রুপ, মিডলার গ্রুপ ও জামগড়া এলাকায় ২০ প্লাটুন; গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সাতাইশ ও সালনা এলাকায় ১৫ প্লাটুন এবং নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় ৭ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ কার্যক্রমে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। শিল্পাঞ্চলের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে। পরিস্থিতির ওপর বিজিবির সার্বক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে। আরটিভি/এসআর
শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন
৩০ নভেম্বর কুষ্টিয়া সফর করবেন প্রধানমন্ত্রী
আগামী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সফরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন তিনি। কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বিন হাসানের বরাত দিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এ খবর জানিয়েছে। দলীয় সূত্রে জানা যায়, নির্বাচন পরবর্তী উন্নয়ন পরিকল্পনা ও নির্বাচনী ইশতেহারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডসহ দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান কুষ্টিয়া সফর করবেন।  পাশাপাশি জেলার ঐতিহ্যবাহী শিল্পপ্রতিষ্ঠান কুষ্টিয়া সুগার মিল লিমিটেড ও মোহিনী মিলস লিমিটেডের অর্থনৈতিক পুনরুজ্জীবন, কর্মসংস্থান সৃষ্টি এবং শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। দীর্ঘদিন ধরে নানা সংকট ও অব্যবস্থাপনায় কুষ্টিয়ার ঐতিহ্যবাহী শিল্পপ্রতিষ্ঠান দুটি ঘিরে স্থানীয় মানুষের প্রত্যাশা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর সফরে এসব প্রতিষ্ঠানের উন্নয়ন ও পুনরায় অর্থনৈতিক কর্মকাণ্ডে ফিরিয়ে আনার বিষয়ে কার্যকর উদ্যোগের সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফর এ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডসহ দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই তিনি কুষ্টিয়ায় আসছেন। সফরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। পাশাপাশি দীর্ঘদিনের প্রত্যাশা কুষ্টিয়া সুগার মিল ও মোহিনী মিলসকে ঘিরে নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরি, শিল্পপ্রতিষ্ঠানগুলোর পুনরুজ্জীবন এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানান তিনি। তিনি আরও বলেন, আমরা আশা করছি, প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে কুষ্টিয়ার উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। আরটিভি/এসআর
৩০ নভেম্বর কুষ্টিয়া সফর করবেন প্রধানমন্ত্রী
আরও পড়ুন
হজের প্রাথমিক নিবন্ধন শুরু আজ
হজে গিয়ে ৪ বাংলাদেশির মৃত্যু