
চলন্ত অবস্থায় মেট্রোরেলের পেছনের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ার ঘটনায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
এমআরটি পুলিশের (অপারেশন) পরিদর্শক মো. মহসীন শেখ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সকালে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি মেট্রোরেলের পেছনের একটি দরজা চলন্ত অবস্থায় হঠাৎ খুলে যায়। বিষয়টি জানার পর যাত্রীদের নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।
তিনি বলেন, সকাল ৭টা ৩৭ মিনিটে উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়। পরে মেট্রোরেলের যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে সকাল ৮টা ৩ মিনিটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।
এর ফলে ওই রুটে প্রায় ২৬ মিনিট মেট্রোরেল সার্ভিস ব্যাহত হয়। বর্তমানে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে এমআরটি পুলিশ।
আরটিভি/এসকে


