
আগামী অক্টোবরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা কয়েক দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে। সরকারি ছুটির সঙ্গে ঐচ্ছিক ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে নির্দিষ্ট শ্রেণির সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ৭ দিন পর্যন্ত ছুটি ভোগ করতে পারবেন। তবে, সবাই এই সুবিধা নিতে পারবেন না।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজার মূল সরকারি ছুটি শুরু হবে ২০ অক্টোবর (মঙ্গলবার)। এদিন মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি থাকবে। পরদিন ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে থাকবে সাধারণ ছুটি।
এর পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য রয়েছে আরও দুই দিনের ঐচ্ছিক ছুটি। ১৮ অক্টোবর (রোববার) মহাসপ্তমী এবং (১৯ অক্টোবর) সোমবার মহাষ্টমী উপলক্ষে এই ঐচ্ছিক ছুটি নিতে পারবেন তারা।
১৮ ও ১৯ অক্টোবরের ঐচ্ছিক ছুটি এবং ২০ ও ২১ অক্টোবরের সরকারি ছুটি মিলিয়ে সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা চারদিন ছুটি ভোগ করতে পারবেন।
এর সঙ্গে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) এক দিনের ছুটি নিতে পারলে এরপরের দুইদিনের সাপ্তাহিক ছুটিও যুক্ত হবে। ফলে, সব মিলিয়ে একটানা ৭ দিনের ছুটি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। তবে, এই সুবিধা কেবলমাত্র সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রযোজ্য।
অন্য ধর্মাবলম্বী সরকারি চাকরিজীবীদের জন্য ঐচ্ছিক ছুটি নেওয়ার সুযোগ থাকবে না। তবে, সরকারি ছুটির সঙ্গে মিলিয়ে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) এক দিনের ছুটি নিতে পারলে তারাও পাবেন টানা পাঁচদিনের লম্বা ছুটি ভোগ করার সুযোগ।
এদিকে দুর্গাপূজার সরকারি ছুটির দিনে সাধারণত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও বন্ধ থাকে। তবে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কিছু শাখা বা নির্দিষ্ট ব্যাংকিং সেবা চালু থাকতে পারে। এছাড়া, এটিএম, কার্ড ও অনলাইন ব্যাংকিংয়ের মতো ডিজিটাল সেবাগুলো সাধারণত চালুই থাকে।
ছুটি পাবেন না জরুরি সেবার কর্মীরা
সরকারি ছুটি ঘোষণা হলেও জরুরি ও অত্যাবশ্যকীয় সেবার সঙ্গে যুক্ত কর্মীদের ছুটির দিনেও দায়িত্ব পালন করতে হতে পারে। জনসেবা সচল রাখতে প্রয়োজন অনুযায়ী কর্মীদের দায়িত্বে রাখতে পারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।
এই তালিকায় রয়েছেন হাসপাতাল ও চিকিৎসাসেবা, পুলিশ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ, গ্যাস ও পানি সরবরাহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, গণমাধ্যম ও অন্যান্য জরুরি সেবার কর্মীরা।
এছাড়া, সরকারি ছুটির পাশাপাশি নিজস্ব সিদ্ধান্ত ও ছুটির ক্যালেন্ডার অনুযায়ী বেসরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংস্থা তাদের ছুটির সময় নির্ধারণ করতে পারে।
আরটিভি/এসএইচএম

