
রাজধানী ঢাকার মিরপুরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় নাম জড়ানোয় ফেরদৌস আহমেদ মিষ্টিকে সংসদ সদস্য (এমপি) পদ ছাড়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই নির্দেশ মেনে নিজের পদত্যাগপত্র জমা দিতে জাতীয় সংসদের স্পিকারের কাছে যাচ্ছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের এই এমপি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে বিএনপির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে মিরপুরের রাড্ডা ক্লিনিক গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় মিষ্টির বিরুদ্ধে বিএনপি কঠোর সিদ্ধান্ত নিতে পারে— এমন তথ্যও দল ও সরকারের সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের বরাতে জানা গেছে।
গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে একইসঙ্গে। ঘটনার পর দলীয় পর্যায়ে মিষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আলোচনা শুরু হয়।
গতকাল বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানিয়েছিলেন, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের ঘটনায় সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির বিষয়টি তদন্তাধীন। তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।
অবশ্য রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন ফেরদৌস আহমেদ মিষ্টি।
তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক পদেও দায়িত্ব পালন করছিলেন। বুধবার রাতে মহানগর উত্তরের ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর তার সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের বিষয়টি আরও স্পষ্ট হয়।
এছাড়া, ফেরদৌস আহমেদ মিষ্টির অতীত রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও বিভিন্ন সময়ে অভিযোগ ও বিতর্ক ছিল। তিনি ওয়ার্ড কাউন্সিলর থাকাকালে চাঁদাবাজি, সন্ত্রাস ও জমি দখলসহ বিভিন্ন অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এসব অভিযোগের কারণে তার রাজনৈতিক ভূমিকা নিয়েও বিভিন্ন সময়ে প্রশ্ন তৈরি হয়েছিল।
দলীয় সিদ্ধান্তের অংশ হিসেবে সংসদ সদস্য পদ ছাড়ার পাশাপাশি তাকে বিএনপির প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগ করতে হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।
আরটিভি/এসএইচএম


