ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেপ্টেম্বরে সড়কে ঝরল ৪২৩ প্রাণ, সর্বোচ্চ মৃত্যু মোটরসাইকেলে

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ০১:১৭ পিএম
সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা। ছবি: সংগৃহীত

সেপ্টেম্বর মাসে সারা দেশে ৪৪২টি সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন নিহত এবং ৬৭৪ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭৩ জন নারী ও ৬১টি শিশু রয়েছে। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। ১৫৪টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৩৯ জন, যা মোট নিহতের ৩২ দশমিক ৮৬ শতাংশ।

রোববার (৪ অক্টোবর) রোড সেফটি ফাউন্ডেশনের সেপ্টেম্বর মাসের সড়ক দুর্ঘটনা পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ১০৬ জন ছিলেন পথচারী। মোট নিহতের ২৫ দশমিক ০৫ শতাংশ পথচারী। এ ছাড়া যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৫৩ জন, যা মোট নিহতের ১২ দশমিক ৫২ শতাংশ।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে মোটরসাইকেল চালক ও আরোহী ১৩৯ জন, তিন চাকার যানবাহনের যাত্রী ৮৮ জন, বাসের যাত্রী ২৬ জন, মাইক্রোবাস-প্রাইভেটকার-অ্যাম্বুলেন্স ও জিপের আরোহী ২১ জন, ট্রাক-কাভার্ডভ্যান-ট্রলির আরোহী ১৯ জন, স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী ১৮ জন এবং বাইসাইকেল আরোহী ছয়জন।
আঞ্চলিক সড়কেই বেশি দুর্ঘটনা

রোড সেফটি ফাউন্ডেশনের বিশ্লেষণে দেখা যায়, সেপ্টেম্বরে সবচেয়ে বেশি ১৭৮টি দুর্ঘটনা ঘটেছে আঞ্চলিক সড়কে। জাতীয় মহাসড়কে ১৪৫টি, শহরের সড়কে ৬৩টি এবং গ্রামীণ সড়কে ৫৬টি দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনার ধরন বিশ্লেষণে ১৬৮টি দুর্ঘটনা ঘটেছে যানবাহনের নিয়ন্ত্রণ হারিয়ে। ১০৯টি ঘটনায় পথচারী চাপা বা ধাক্কার শিকার হয়েছেন। এ ছাড়া ৯৮টি মুখোমুখি সংঘর্ষ, ৬১টি পেছন থেকে আঘাত এবং ছয়টি অন্যান্য ধরনের দুর্ঘটনা ঘটেছে।

ঢাকায় ৫২ দুর্ঘটনায় নিহত ২১

বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে ঢাকা বিভাগে। এ বিভাগে ১৩২টি দুর্ঘটনায় ১৩৪ জন নিহত হয়েছেন। মোট দুর্ঘটনার ২৯ দশমিক ৮৬ শতাংশ এবং প্রাণহানির ৩১ দশমিক ৬৭ শতাংশই ঢাকা বিভাগে।

চট্টগ্রাম বিভাগে ১৭ দশমিক ৮৭ শতাংশ দুর্ঘটনা ও ১৭ দশমিক ৭৩ শতাংশ প্রাণহানি, খুলনা বিভাগে ১৭ দশমিক ৪২ শতাংশ দুর্ঘটনা ও ১৪ দশমিক ৪২ শতাংশ প্রাণহানি, রাজশাহী বিভাগে ১২ দশমিক ২১ শতাংশ দুর্ঘটনা ও ১০ দশমিক ৮৭ শতাংশ প্রাণহানি হয়েছে।

এছাড়া ময়মনসিংহে ৭ দশমিক ২৩ শতাংশ দুর্ঘটনা ও ৭ দশমিক ৮০ শতাংশ প্রাণহানি, বরিশালে ৫ দশমিক ২০ শতাংশ দুর্ঘটনা ও ৬ দশমিক ৬১ শতাংশ প্রাণহানি, রংপুরে ৫ দশমিক ৬৫ শতাংশ দুর্ঘটনা ও ৫ দশমিক ৯১ শতাংশ প্রাণহানি এবং সিলেটে ৪ দশমিক ৫২ শতাংশ দুর্ঘটনা ও ৪ দশমিক ৯৬ শতাংশ প্রাণহানি ঘটেছে।

একক জেলা হিসেবে গাজীপুরে সবচেয়ে বেশি ৩৮ জন নিহত হয়েছেন। আর সিলেট বিভাগে সবচেয়ে কম ২০টি দুর্ঘটনায় ২১ জন নিহত হয়েছেন।

রাজধানী ঢাকায় সেপ্টেম্বরে ৫২টি সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত এবং ৪৭ জন আহত হয়েছেন।

গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে নিহতদের পেশাগত পরিচয়ও তুলে ধরেছে রোড সেফটি ফাউন্ডেশন। এতে দেখা যায়, নিহতদের মধ্যে ২ জন পুলিশ সদস্য, একজন সেনা সদস্য, ১৩ জন শিক্ষক, তিনজন সাংবাদিক, দুজন চিকিৎসক, চারজন প্রকৌশলী, একজন কাস্টমস কর্মকর্তা, একজন বিদেশি নাগরিক, ব্যাংক-বীমার ১১ কর্মকর্তা-কর্মচারী, ১৮ জন এনজিও কর্মী এবং ২৪ জন রাজনৈতিক দলের নেতাকর্মী রয়েছেন।

এছাড়া বিভিন্ন পর্যায়ের ২৫ জন ব্যবসায়ী, ওষুধ ও বিভিন্ন পণ্যসামগ্রীর ২১ জন বিক্রয় প্রতিনিধি, তিনজন মসজিদের ইমাম বা খাদেম, চারজন মোটর মেকানিক, ছয়জন পোশাক শ্রমিক, একজন পরিচ্ছন্নতাকর্মী, ১৪ জন দিনমজুর এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৮ জন শিক্ষার্থী নিহত হয়েছেন।

সময় বিশ্লেষণে দেখা যায়, ভোরে ৮ দশমিক ১৪ শতাংশ, সকালে ২৪ দশমিক ৪৩ শতাংশ, দুপুরে ২১ দশমিক ২৬ শতাংশ, বিকেলে ১৭ দশমিক ৪২ শতাংশ, সন্ধ্যায় ১১ দশমিক ৭৬ শতাংশ এবং রাতে ১৬ দশমিক ৯৬ শতাংশ দুর্ঘটনা ঘটেছে।

নৌ ও রেল দুর্ঘটনাও বেড়েছে

সেপ্টেম্বরে ১১টি নৌ-দুর্ঘটনায় ১৬ জন নিহত, সাতজন আহত এবং চারজন নিখোঁজ হয়েছেন। একই সময়ে ২৩টি রেল ট্র্যাক দুর্ঘটনায় ১৯ জন নিহত ও ছয়জন আহত হয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশন বলছে, সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ১৪ জন নিহত হয়েছেন। অধিকাংশ দুর্ঘটনা ঘটছে অতিরিক্ত গতির কারণে যানবাহনের নিয়ন্ত্রণ হারানোর ফলে। গতি নিয়ন্ত্রণে প্রযুক্তির মাধ্যমে নজরদারি এবং চালকদের মোটিভেশনাল প্রশিক্ষণ প্রয়োজন।

সংস্থাটির মতে, যানবাহনের বেপরোয়া গতি ও পথচারীদের অসচেতনতার কারণে পথচারী নিহতের ঘটনা বাড়ছে। এ জন্য সরকারি উদ্যোগে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জীবনমুখী সচেতনতামূলক প্রচারণা চালানো প্রয়োজন।

প্রতিবেদনে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে ত্রুটিপূর্ণ যানবাহন ও সড়ক, বেপরোয়া গতি, চালকদের বেপরোয়া মানসিকতা, অদক্ষতা ও শারীরিক-মানসিক অসুস্থতা, অনির্দিষ্ট বেতন ও কর্মঘণ্টা, মহাসড়কে স্বল্পগতির যানবাহন চলাচল, তরুণদের বেপরোয়া মোটরসাইকেল চালানো, ট্রাফিক আইন না জানা ও না মানা, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, বিআরটিএর সক্ষমতার ঘাটতি এবং গণপরিবহন খাতে চাঁদাবাজির কথা উল্লেখ করা হয়েছে।

সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল পুনর্গঠন, বিআরটিএ, বিআরটিসি ও ডিটিসিএর ব্যবস্থাপনা ও কাঠামোগত সংস্কার, আধুনিক নিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাধ্যতামূলক করা, মেয়াদোত্তীর্ণ যানবাহন প্রত্যাহার, রাজধানীতে কোম্পানিভিত্তিক আধুনিক বাস সার্ভিস চালু, দক্ষ চালক তৈরির উদ্যোগ এবং চালকদের বেতন, কর্মঘণ্টা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার সুপারিশ করেছে রোড সেফটি ফাউন্ডেশন।

এছাড়া মহাসড়কে স্বল্পগতির যানবাহনের জন্য সার্ভিস রোড নির্মাণ, সব রেলক্রসিংয়ে গেটকিপার নিয়োগ, সড়ক ব্যবহারকারীদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিতে বাজেটে অর্থ বরাদ্দ এবং সড়ক, রেল ও নৌপরিবহনকে সমন্বিত করে অভিন্ন যোগাযোগ মন্ত্রণালয় গঠনের সুপারিশ করা হয়েছে।

সংস্থাটি বলেছে, সময়োপযোগী নীতিমালা প্রণয়ন, প্রযুক্তি ও অবকাঠামোর উন্নয়ন এবং সড়ক ব্যবহারকারীদের শিক্ষা ও সচেতনতা কার্যক্রমের মাধ্যমে নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। তবে এ ক্ষেত্রে সরকারের রাজনৈতিক সদিচ্ছা জরুরি।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৭ নভেম্বর: ঐক্যের বাংলাদেশ ও জিয়া পরিবার
৭ নভেম্বর। ১৯৭৫ সাল। বাংলাদেশের জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। জাতি তার মহান নেতাকে খুঁজে পায়। ঠিক ১৯৭১ সালে মতো।
৭ নভেম্বর: ঐক্যের বাংলাদেশ ও জিয়া পরিবার
খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে বাংলাদেশ ব্যাংকের বহুমুখী উদ্যোগ
সব তফসিলি ব্যাংককে বিশেষ এককালীন ঋণ নিষ্পত্তি সুবিধার কার্যকর ব্যবহার নিশ্চিত করে খেলাপি ঋণ আদায়ে গতি আনার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে বাংলাদেশ ব্যাংকের বহুমুখী উদ্যোগ
স্বচ্ছতা নিশ্চিত ও মামলা-মোকদ্দমা কমাতে ভূমি নিবন্ধন অটোমেশনের উদ্যোগ
দীর্ঘদিনের প্রক্রিয়াগত জটিলতা, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ও কাগজপত্র সংক্রান্ত ঝামেলায় দেশের ভূমি নিবন্ধন কার্যক্রম সাধারণ মানুষের জন্য অন্যতম জটিল সরকারি সেবায় পরিণত হয়েছে, যা নাগরিকদের দীর্ঘসূত্রতা, হয়রানি ও আর্থিক ক্ষতির সম্মুখীন করছে। দেশের অটোমেশন ল্যান্ড রেজিস্ট্রেশন বা স্বয়ংক্রিয় ভূমি নিবন্ধন ব্যবস্থার সরকারি উদ্যোগ এক্ষেত্রে বড় পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। প্রচলিত কাগজনির্ভর পদ্ধতির পরিবর্তে ডিজিটাল ব্যবস্থা চালুর মাধ্যমে এ খাতে স্বচ্ছতা নিশ্চিত, সেবার গতি বৃদ্ধি এবং জনগণের হয়রানি কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ব্যবহারের মাধ্যমে দেশব্যাপী দলিল নিবন্ধন সেবার আধুনিকায়নে ‘ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা অটোমেশন বা স্বয়ংক্রিয়করণ প্রকল্প’ বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটি সম্পূর্ণরূপে বাস্তবায়িত হলে, নাগরিকরা অনলাইনে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পাশাপাশি নিবন্ধনের বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরশীলতা ও নিবন্ধন কার্যালয়ে বারবার যাতায়াতের প্রয়োজন কমবে। ডিজিটাল পদ্ধতিতে দলিল যাচাই এবং নিবন্ধন প্রক্রিয়া সহজ করার ফলে সম্পত্তি হস্তান্তরে স্বচ্ছতা বাড়বে, অনিয়মের সুযোগ কমবে এবং নিবন্ধন সম্পন্ন করতে প্রয়োজনীয় সময়ও সাশ্রয় হবে। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এর আগে জানিয়েছিলেন, ২০২৭ সালের দ্বিতীয়ার্ধ বা ২০২৮ সালের প্রথমার্ধের মধ্যে অনলাইন দলিল নিবন্ধন চালুর লক্ষ্যে সরকার আইসিটি-ভিত্তিক অটোমেশন প্রকল্পটি বাস্তবায়ন করছে। এই উদ্যোগ দেশের বিচার ব্যবস্থার উপরও উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। বিচার বিভাগের বিভিন্ন স্তরে বিচারাধীন মামলার একটি বড় অংশই ভূমি-সংক্রান্ত বিরোধ নিয়ে, যা আদালতের উপর বাড়তি চাপ সৃষ্টি করে বিচারপ্রার্থীদের আর্থিক ও মানসিক দুর্ভোগ বাড়াচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, স্বচ্ছ ও ডিজিটালভাবে যাচাইকৃত নিবন্ধন ব্যবস্থা চালু হলে মালিকানা সংক্রান্ত নথির নির্ভুলতা বাড়বে এবং জালিয়াতির মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের সুযোগ কমবে। ফলে ভূমি সংক্রান্ত বিরোধের সূত্রপাত অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব হবে, যা আদালতে এ ধরনের মামলার চাপ কমাতে সহায়ক হবে। নিবন্ধন অধিদপ্তর জাতীয় অর্থনীতিতেও বড় অবদান রাখে। তারা বছরে প্রায় ২০,০০০ কোটি টাকা রাজস্ব আয় করে। জনপ্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ হিসেবে এই অধিদপ্তর সম্পত্তির মালিকানা স্বত্ব সুরক্ষা, আইনগত নথি সংরক্ষণ এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সুতরাং, ভূমি নিবন্ধন পরিষেবার আধুনিকীকরণ কেবল উন্নত জনসেবা প্রদানেই নয়, বরং প্রাতিষ্ঠানিক সুশাসন জোরদারে এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নেও অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। তবে, এই গুরুত্বপূর্ণ প্রকল্পের সফল বাস্তবায়ন বেশ কিছু দীর্ঘস্থায়ী প্রাতিষ্ঠানিক ও অবকাঠামোগত সীমাবদ্ধতা, বিশেষ করে মাঠ পর্যায়ের সীমাবদ্ধতাগুলো সমাধানের ওপর নির্ভর করবে। সম্প্রতি রাজধানীতে একটি কর্মসূচির ফাঁকে আলোচনায় নিবন্ধন মহাপরিদর্শক (আইজিআর) শামীমা আফরোজ সারাদেশে সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে অনেক জনবল সংকট, দলিল ও নথি সংরক্ষণের অপর্যাপ্ত ব্যবস্থা এবং অবকাঠামোগত সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। তিনি বলেন, অটোমেশন কার্যক্রম এগিয়ে চলার পাশাপাশি দেশব্যাপী অটোমেটেড চালান (এ-চালান) ব্যবস্থা চালুর প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে। তবুও অনেক উপ-রেজিস্ট্রি অফিসে এখনও কম্পিউটার অপারেটর এবং নৈশপ্রহরীসহ সাধারণ নিরাপত্তা কর্মীদের জন্য অনুমোদিত পদের অভাব রয়েছে। শামীমা আফরোজ বলেন, ‘নিবন্ধন অধিদপ্তর নাগরিকদের গুরুত্বপূর্ণ সম্পত্তির দলিল সংরক্ষণ করে। কিন্তু প্রয়োজনের তুলনায় জনবল না থাকায় এসব গুরুত্বপূর্ণ দলিল ঝুঁকির মধ্যে রয়েছে।’ এ অবস্থায় অধিদপ্তরের সক্ষমতা বাড়াতে প্রাতিষ্ঠানিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, অটোমেশন প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের যথাযথ প্রশিক্ষণ, নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ এবং নির্ভরযোগ্য সার্ভার অবকাঠামো নিশ্চিত করতে হবে। নতুন নিবন্ধন পদ্ধতি সম্পর্কে নাগরিকদের সচেতন করাও জরুরি উল্লেখ করে তিনি বলেন, নাগরিকরা যাতে নতুন নিবন্ধন পদ্ধতি বুঝতে পারেন এবং ব্যবস্থা ও বিদ্যমান নিবন্ধন বিধি সম্পর্কে জ্ঞানের অভাবে বিভ্রান্ত বা প্রতারিত না হন, তা নিশ্চিত করার জন্য জনসচেতনতাও অপরিহার্য। প্রযুক্তিগত আধুনিকীকরণের পাশাপাশি অধিদপ্তরের প্রশাসনিক কার্যক্রমের পরিধি বাড়াতেও উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে প্রায় ৪৫টি নতুন সাব-রেজিস্ট্রি কার্যালয় স্থাপন করা হচ্ছে। মন্ত্রণালয়ের অব্যাহত সহযোগিতা ও প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সহায়তা পেলে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা করে নিবন্ধন অধিদপ্তরের কার্যক্রম আরও শক্তিশালী করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। তিনি বলেন, ‘ভবিষ্যতের জন্য আমাদের অঙ্গীকার মূলত তিনটি প্রতিশ্রুতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত : স্বচ্ছতা, দ্রুত পরিষেবা প্রদান এবং জনসাধারণের হয়রানি সম্পূর্ণ অবসান করা।’ নিবন্ধন সেবাকে আরও দক্ষ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ব্যবস্থায় রূপান্তর করতে অধিদপ্তর প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। আরটিভি/এসআর
স্বচ্ছতা নিশ্চিত ও মামলা-মোকদ্দমা কমাতে ভূমি নিবন্ধন অটোমেশনের উদ্যোগ
দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি
দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে বৈশ্বিক র‍্যাংকিংয়ে অবস্থান উন্নীত করার পাশাপাশি দেশ ও বিদেশের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২২ নভেম্বর) সকালে বঙ্গভবনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান জনাব এম এ কাশেমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান তিনি। প্রতিনিধিদলে আরও ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব আজিজ আল কায়সার, আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান জনাব বেনজীর আহমেদ ও মিসেস রেহানা রহমান এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। সাক্ষাৎকালে এনএসইউর প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। প্রতিনিধিদল জানায়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের প্রায় ৪০০টি বিশ্ববিদ্যালয় এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে এনএসইউ যৌথ গবেষণা, একাডেমিক বিনিময় ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে যুক্ত রয়েছে।  এনএসইউ থেকে স্নাতক সম্পন্নকারী প্রায় ৯৫ শতাংশ শিক্ষার্থী দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন। প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সহযোগিতা, উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন এবং গবেষণাভিত্তিক জ্ঞানচর্চার বিভিন্ন কার্যক্রমও তুলে ধরে। এ প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে এবং দেশের শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। তিঁনি আরও বলেন, যে শিক্ষাব্যবস্থা বেকারত্ব সৃষ্টি করে এবং কর্মোপযোগী নয়, তা থেকে আমাদের ক্রমান্বয়ে বেরিয়ে আসতে হবে। সাক্ষাৎকালে এনএসইউর-এর আসন্ন ২৭তম সমাবর্তন অনুষ্ঠানে আচার্য (চ্যান্সেলর) হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার আশ্বাস দেন। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন। আরটিভি/এসআর
দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি
পোশাক কারখানায় প্রবেশে শ্রমিকদের পরিচয়পত্র যাচাইয়ের নির্দেশ
নিরাপত্তা নিশ্চিত করতে শ্রমিক-কর্মচারীদের পরিচয়পত্র যাচাই করে কারখানায় প্রবেশের অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। কারখানায় বহিরাগতদের প্রবেশ ঠেকাতে এবং ভাঙচুর ও উৎপাদন ব্যাহত হওয়ার ঝুঁকি কমাতে এ নির্দেশনা দিয়েছে সংগঠনটি। গত ১৯ নভেম্বর সংগঠনটির সদস্য কারখানার মালিকদের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ-সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।   বিজ্ঞপ্তিতে বলা হয়, পোশাকশিল্পের কারখানাগুলোতে সাম্প্রতিক শ্রম অসন্তোষের মধ্যে সকালে কাজে প্রবেশের সময় কয়েকটি কারখানায় বহিরাগত ব্যক্তিরা শ্রমিকদের ভিড়ে ঢুকে পড়ছেন। এতে কারখানার ভেতরে বিশৃঙ্খলা ও ভাঙচুরের মতো ঘটনা ঘটছে। একদিকে কারখানার জানমালের ক্ষতি হচ্ছে, অন্যদিকে উৎপাদনও ব্যাহত হচ্ছে। এছাড়া সাধারণ শ্রমিকদের মধ্যে বিরোধ তৈরির শঙ্কাও দেখা দিচ্ছে। এ পরিস্থিতিতে শ্রমিক-কর্মচারীরা সকালে কারখানায় প্রবেশের সময় পরিচয়পত্র  নিয়ে প্রবেশ করছেন কি না, তা নিশ্চিত করতে সদস্য কারখানাগুলোকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বিজিএমইএ।  একইসঙ্গে পর্যাপ্ত নিরাপত্তাকর্মীর মাধ্যমে পরিচয়পত্র যাচাই করে শ্রমিকদের কারখানায় প্রবেশের অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে। প্রসঙ্গত, গত ১ নভেম্বর থেকে মজুরি বৃদ্ধির দাবিতে বিভিন্ন শিল্পাঞ্চলে আন্দোলন শুরু হয় পোশাক শ্রমিকদের। তাদের প্রধান দাবি ছিল মাসিক ন্যূনতম মজুরি ১২,৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০,০০০ টাকা করা।   পাশাপাশি শ্রমিকদের কালো তালিকাভুক্ত করা বন্ধ এবং চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহালের দাবিও জানান তারা। এ আন্দোলন বিভিন্ন শিল্পাঞ্চলে ছড়িয়ে পড়ায় পোশাক কারখানার উৎপাদন ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। ফলে অনেক কারখানা বন্ধ রাখা হয়েছে।   আরটিভি/এসআর
পোশাক কারখানায় প্রবেশে শ্রমিকদের পরিচয়পত্র যাচাইয়ের নির্দেশ
আরও পড়ুন
গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের নিহত ৩
রেমিট্যান্সে সুবাতাস, সেপ্টেম্বরের ৩০ দিনে এলো ৩৪ হাজার কোটি টাকা
২৯ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার ৪৮৪ কোটি টাকা
সবাইকে কাঁদিয়ে বিদায় নিলেন রুয়েটের রাফিদ