
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, দুর্গাপূজার মূল চেতনা অন্যায়, অবিচার ও বৈষম্য দূর করা। এ চেতনাকে ধারণ করে সবাইকে শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে হবে।
আইজিপি বলেন, সারা দেশে ৩১ হাজারের বেশি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষায় তিন লাখেরও বেশি সদস্য দায়িত্ব পালন করছেন। পূজা উদযাপন নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করছেন।
মো. আলী হোসেন ফকির বলেন, দায়িত্ব পালনের পরও একটি পক্ষের পক্ষ থেকে বলা হচ্ছে, নিয়ন্ত্রিতভাবে পূজা ও কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিষয়টি দুঃখজনক। যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে সুযোগ নিতে চায়, তারা এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে যেতে পারে।
আইজিপি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী দেশের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত দিকনির্দেশনা দিচ্ছেন। তার কর্মতৎপরতা ও দায়িত্বশীলতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উৎসাহিত করছে।
তিনি আরও বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে। সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সম্ভব।
আরটিভি/এমএ


