
শারদীয় দুর্গোৎসবের নবমীতে ঢাকার বাইরে পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল পৌনে ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে যাত্রা করেন তিনি। একই দিনে রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপও পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, রংপুরের রাধা গোবিন্দ মন্দিরের ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। সেখানে পূজারি ও পুণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
প্রেস সচিব বলেন, তিন মহানগরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে রাতেই ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, সরকারের নীতি হলো—ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। সারা দেশে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এবার পূজার বরাদ্দ ও ছুটি বাড়ানো হয়েছে। পাশাপাশি পূজামণ্ডপগুলোতে বিভিন্ন ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহসভাপতি নিপুণ রায় চৌধুরী, বিএনপির সহকারী সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ড, প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচি অনুযায়ী, সকাল ১০টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুরের রাধা গোবিন্দ মন্দিরের ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনে যাবেন তিনি। সেখান থেকে দুপুর সাড়ে ১২টায় রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন।
দুপুর ১টা ১৫ মিনিটে রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ২টা ১৫ মিনিটে রাজশাহী সার্কিট হাউসে যাত্রাবিরতি করবেন। বিকেল ৩টায় হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে একটি জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
বিকেল ৪টা ১৫ মিনিটে রাজশাহী থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রামের রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। এরপর সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউসে যাত্রাবিরতি শেষে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হবেন। রাত ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
আরটিভি/জেএমএ


