ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে: হুমায়ুন কবীর

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০৮:০৭ এএম
সংবাদ সম্মেলনে কথা বলছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর।

তিনি বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, বিমান চলাচল এবং প্রতিরক্ষা শিল্পসহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বিশেষ করে বাংলাদেশে প্রতিরক্ষা শিল্প গড়ে তোলা এবং যৌথ বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখতে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে তুরস্কের আন্তালিয়ায় পাপিলন জিউগমা রিলাক্সারি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হুমায়ুন কবীর বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ (মঙ্গলবার) তুরস্কে পৌঁছেছেন। সফরের প্রথম দিনেই তিনি তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

তিনি বলেন, ইস্তাম্বুলে যাত্রাবিরতিকালে তুরস্কের প্রেসিডেন্টের বিশেষ আতিথেয়তায় প্রধানমন্ত্রীকে ভিভিআইপি স্টেট গেস্ট হাউসে স্বাগত জানানো হয়। পরে আন্তালিয়ায় পৌঁছালে দেশটির সংস্কৃতিবিষয়ক মন্ত্রী তাকে অভ্যর্থনা জানান এবং গার্ড অব অনার প্রদান করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রেসিডেন্ট এরদোয়ান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘আমার মূল্যবান বন্ধু ও ভাই’ হিসেবে সম্বোধন করেন। তিনি বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি জ্বালানি খাতে অংশীদারত্ব, বিমান চলাচল খাতে বিনিয়োগ এবং প্রতিরক্ষা শিল্পে সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়।

হুমায়ুন কবীর বলেন, বাংলাদেশ সরকার দেশে একটি প্রতিরক্ষা শিল্প পার্ক গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। এ খাতে তুরস্কের বিনিয়োগ এবং যৌথ উদ্যোগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে এখনও কোনো চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়নি, বিষয়টি প্রাথমিক অনুসন্ধান ও আলোচনা পর্যায়ে রয়েছে।

তিনি আরও বলেন, জ্বালানি খাতে বিশেষ করে গভীর সমুদ্রে খনিজ ও জ্বালানি অনুসন্ধান, নবায়নযোগ্য জ্বালানি এবং এ খাতে তুরস্কের অভিজ্ঞতা ও সর্বোত্তম চর্চা কাজে লাগানোর বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ এসব খাতে তুরস্কের সঙ্গে শক্তিশালী বিনিয়োগ অংশীদারত্ব গড়ে তুলতে আগ্রহী।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে হুমায়ুন কবীর বলেন, বৈঠকে রোহিঙ্গাদের নিরাপদ, শান্তিপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের বিষয়ে দুই নেতা আলোচনা করেছেন। বিশেষ করে চলতি নভেম্বরে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা ইস্যুতে শুনানির পর কীভাবে যৌথ উদ্যোগ আরও এগিয়ে নেওয়া যায়, সে বিষয়েও মতবিনিময় হয়েছে।

তিনি আরও বলেন, নিজ দেশে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশ ও তুরস্ক একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করেছে। পাশাপাশি মুসলিম বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়টিও বৈঠকে উঠে আসে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও জলবায়ু অর্থায়নের ক্ষেত্রেও বাংলাদেশ বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর নেতৃত্বস্থানীয় ভূমিকা রাখতে চায়। বাংলাদেশ শুধু জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত দেশ নয়, বরং এ বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে সচেতনতা সৃষ্টি এবং জলবায়ু অর্থায়ন সহজলভ্য করার দাবিতেও সক্রিয় ভূমিকা পালন করছে।

তিনি বলেন, কপ-৩১ সম্মেলনের বিভিন্ন বিষয়ভিত্তিক সংলাপ ও অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিরা অংশ নেবেন এবং জলবায়ু অভিযোজন, অর্থায়ন ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন।

হুমায়ুন কবীর বলেন, তুরস্কের প্রেসিডেন্ট কপ-৩১ সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের মধ্যে নির্বাচিত কয়েকজনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করছেন। এর মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার বৈঠক বাংলাদেশের প্রতি তুরস্কের বিশেষ আগ্রহ ও গুরুত্বের প্রতিফলন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে নতুন সম্ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছে। গণতান্ত্রিক উত্তরণের পর বাংলাদেশের নতুন সরকারের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আগ্রহও বাড়ছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ও তার সহধর্মিণীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) প্রধানমন্ত্রীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। এর মধ্যে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকও রয়েছে বলে জানান হুমায়ুন কবীর।

সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধামমন্ত্রী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী সাইমুম পারভেজ, প্রেস সচিব সালেহ শিবলী, উপপ্রেস সচিব হাসান শিপলু উপস্থিত ছিলেন।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ ঢাকায় আসছেন মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার
মিয়ানমারের অবনতিশীল মানবাধিকার পরিস্থিতির প্রভাব মূল্যায়নে বাংলাদেশ সফর করবেন মিয়ানমারের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার কেলি ই. কারি। বুধবার (১১ নভেম্বর) থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন। মঙ্গলবার (১০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সফরে বিশেষ করে রাখাইন রাজ্যের পরিস্থিতি, মিয়ানমারের অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাত, রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা এবং ভবিষ্যতে সেখানে সহযোগিতার সুযোগের ওপর নজর দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কারি আনুষ্ঠানিকভাবে মিয়ানমার সফরের অনুমতি চেয়েছিলেন। তবে দেশটির ক্ষমতাসীন জান্তা সরকার তাকে জানিয়েছে যে, তারা এ সফর আয়োজনে প্রস্তুত নয়। বাংলাদেশ সফরকালে জাতিসংঘের এ বিশেষ প্রতিনিধি সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, ভুক্তভোগী ও বেঁচে যাওয়াদের সঙ্গে বৈঠক করবেন। তার সফরসূচির মধ্যে ঢাকায় বেশ কয়েকটি বৈঠক ছাড়াও কক্সবাজার ও সেখানকার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পরিকল্পনা রয়েছে। সফর শেষে আগামী ১৮ নভেম্বর তিনি এক সংবাদ সম্মেলন অংশগ্রহণ করবেন। বিশেষ র‌্যাপোর্টিয়ার ২০২৭ সালের মার্চে জাতিসংঘ মানবাধিকার পরিষদে তার পরবর্তী প্রতিবেদন উপস্থাপন করবেন। আরটিভি/এমএ  
আজ ঢাকায় আসছেন মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার
এরদোয়ানের স্ত্রীর সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী এমিন এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান।
এরদোয়ানের স্ত্রীর সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ
আগুন-ককটেল হামলা ঠেকাতে কড়া বার্তা দিলেন আইজিপি
দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঠেকাতে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির সারাদেশে বাড়তি পুলিশ মোতায়েন ও গোয়েন্দা নজরদারি জোরদার করার নির্দেশ দিয়েছেন।
আগুন-ককটেল হামলা ঠেকাতে কড়া বার্তা দিলেন আইজিপি
নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদ
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে তুরস্কের আন্তালিয়ায় পাপিলন জিউগমা রিলাক্সারি হোটেলের আর ফ্লোরের কনফারেন্স-১ কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এসব তথ্য জানান।
নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদ
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এই আহ্বান জানিয়েছেন।
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
আরও পড়ুন
নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদ
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক শুরু