ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

বেনজীর আহমেদকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ১০:৫১ এএম
সংসদে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সব ধরনের আইনগত, কূটনৈতিক ও আন্তর্জাতিক পুলিশি পদক্ষেপ অব্যাহত রেখেছে সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে এ কথা জানান।

তিনি বলেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে বাংলাদেশের উপযুক্ত আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির উদ্যোগ নেওয়া হয়। ২০২৫ সালের ১১ এপ্রিল তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৬ সালের ১২ জুন সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোকে (এনসিবি) জানায়, বেনজীর আহমেদ দেশটিতে গ্রেপ্তার হয়েছেন। একইসঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট আইনের আওতায় ৩০ দিনের মধ্যে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠানোর জন্য বাংলাদেশকে অনুরোধ জানানো হয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, নির্ধারিত সময়ের অপেক্ষা না করে মাত্র চার দিনের মধ্যে ১৬ জুন বাংলাদেশ সরকার কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠায়। একই তারিখে তথ্য ও সমন্বয়ের জন্য সংশ্লিষ্ট এনসিবির কাছেও অনুরোধটি পাঠানো হয়।

প্রত্যর্পণ একটি বিচারিক ও রাষ্ট্রীয় প্রক্রিয়া জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইন্টারপোলের রেড নোটিশ জারি কিংবা সংশ্লিষ্ট ব্যক্তির গ্রেপ্তারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে প্রত্যর্পণ সম্পন্ন হয় না। অনুরোধ গ্রহণকারী রাষ্ট্রের কেন্দ্রীয় কর্তৃপক্ষ ও আদালত সে দেশের আইন অনুযায়ী প্রত্যর্পণ অনুরোধ, অপরাধের প্রকৃতি, গ্রেপ্তারি পরোয়ানা, প্রমাণাদি এবং অন্যান্য আইনগত শর্ত পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করে।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট ব্যক্তির জামিন পাওয়া প্রত্যর্পণ কার্যক্রমের সমাপ্তি নির্দেশ করে না। একইভাবে প্রত্যর্পণ সম্পন্ন করতে বিচারিক ও আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে চাওয়াকে সরকারের নিষ্ক্রিয়তা বা ব্যর্থতা হিসেবে বিবেচনা করাও যথাযথ নয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে বিদেশে থাকা সম্পদের বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) সংশ্লিষ্ট দেশগুলোর কাছে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠিয়েছে। প্রয়োজনীয় নথিপত্র, তথ্য ও প্রমাণ পাওয়ার পর প্রযোজ্য আইন, আদালতের আদেশ এবং আন্তর্জাতিক সহযোগিতার কাঠামোর আওতায় এসব সম্পদ অবরুদ্ধ, জব্দ, বাজেয়াপ্ত বা পুনরুদ্ধারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, বাংলাদেশ সময়মতো প্রত্যর্পণ অনুরোধ পাঠিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের চাহিদা অনুযায়ী অতিরিক্ত নথিপত্র সরবরাহ করেছে এবং স্থানীয় আইনজীবী নিয়োগ করেছে। বেনজীর আহমেদের অবস্থান ও চলাচল সম্পর্কে নিয়মিত অনুসন্ধান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় অব্যাহত রয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, আইনের শাসন, যথাযথ বিচারিক প্রক্রিয়া এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে সরকার এ বিষয়ে কাজ করছে। যাচাইবিহীন তথ্যের পরিবর্তে নির্ভরযোগ্য আনুষ্ঠানিক তথ্যের ভিত্তিতে এবং সংশ্লিষ্ট রাষ্ট্রের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ আইনের প্রতি শ্রদ্ধা রেখে তাকে দেশে ফিরিয়ে আনতে সম্ভাব্য সব ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে কার্যপ্রণালি বিধির ১৪৭ ধারার অধীনে গৃহীত প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার বিষয়ে সরকার কী পদক্ষেপ নিয়েছে, তা সংসদকে অবহিত করার নির্দেশনা দেন স্পিকার। এর পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বিষয়টি অবহিত করেন।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত
মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। প্রথমে ১৫ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হলেও পরে তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছে।
মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত
সংসদে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬ উত্থাপন
মঙ্গলবার (১০ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বিলটি উত্থাপন করেন। 
সংসদে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬ উত্থাপন
কপ৩১-এর তিন প্রধান অগ্রাধিকার তুলে ধরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর
তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠেয় কপ৩১ জলবায়ু সম্মেলনের জন্য তিনটি মূল অগ্রাধিকার তুলে ধরেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
কপ৩১-এর তিন প্রধান অগ্রাধিকার তুলে ধরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর
জুলাই যোদ্ধার স্বীকৃতি পেতে আবেদন করতে পারবেন চব্বিশের আহতরা
জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়েও যারা এখনো জুলাই যোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হননি, তাদের আবেদন করার সুযোগ দিয়েছে সরকার।
জুলাই যোদ্ধার স্বীকৃতি পেতে আবেদন করতে পারবেন চব্বিশের আহতরা
আজ ঢাকায় আসছেন মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার
মিয়ানমারের অবনতিশীল মানবাধিকার পরিস্থিতির প্রভাব মূল্যায়নে বাংলাদেশ সফর করবেন মিয়ানমারের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার কেলি ই. কারি। বুধবার (১১ নভেম্বর) থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন। মঙ্গলবার (১০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সফরে বিশেষ করে রাখাইন রাজ্যের পরিস্থিতি, মিয়ানমারের অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাত, রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা এবং ভবিষ্যতে সেখানে সহযোগিতার সুযোগের ওপর নজর দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কারি আনুষ্ঠানিকভাবে মিয়ানমার সফরের অনুমতি চেয়েছিলেন। তবে দেশটির ক্ষমতাসীন জান্তা সরকার তাকে জানিয়েছে যে, তারা এ সফর আয়োজনে প্রস্তুত নয়। বাংলাদেশ সফরকালে জাতিসংঘের এ বিশেষ প্রতিনিধি সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, ভুক্তভোগী ও বেঁচে যাওয়াদের সঙ্গে বৈঠক করবেন। তার সফরসূচির মধ্যে ঢাকায় বেশ কয়েকটি বৈঠক ছাড়াও কক্সবাজার ও সেখানকার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পরিকল্পনা রয়েছে। সফর শেষে আগামী ১৮ নভেম্বর তিনি এক সংবাদ সম্মেলন অংশগ্রহণ করবেন। বিশেষ র‌্যাপোর্টিয়ার ২০২৭ সালের মার্চে জাতিসংঘ মানবাধিকার পরিষদে তার পরবর্তী প্রতিবেদন উপস্থাপন করবেন। আরটিভি/এমএ  
আজ ঢাকায় আসছেন মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার
আরও পড়ুন
জালিয়াতি ও শর্তভঙ্গের অভিযোগে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী
শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
৭ নভেম্বর বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সার্বভৌমত্ব চূড়ান্তভাবে রক্ষা করেছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী