ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড। ছবি: সংগৃহীত

তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনের (কপ-৩১) সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) কপ-৩১ সম্মেলনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বাংলাদেশের অভিযোজন কার্যক্রমে সহযোগিতা, অভিবাসন এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাজ্যের আরও সক্রিয় কূটনৈতিক ভূমিকা কামনা করেন। এ সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ একটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ দেশ। গত প্রায় এক দশক ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার ফলে দেশের অর্থনীতি, সমাজ, সংস্কৃতি ও পরিবেশের ওপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে স্থানীয় জনগোষ্ঠীর জীবিকার সুযোগের ওপরও প্রভাব ফেলতে পারে, আঞ্চলিক নিরাপত্তা হুমকির মধ্যে পড়তে পারে।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের ধারাবাহিকতায় জলবায়ু সহযোগিতা, মানবিক সংকট মোকাবিলা, অভিবাসন এবং অর্থনৈতিক অংশীদারত্ব আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সংসদে স্পিকারের সঙ্গে নাহিদ ইসলামের ‘তর্কবিতর্ক’
জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেওয়া নিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের ‘তর্কবিতর্ক’ হয়েছে। 
সংসদে স্পিকারের সঙ্গে নাহিদ ইসলামের ‘তর্কবিতর্ক’
কক্সবাজারে তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের কাজ পেল চীন
কক্সবাজারের মহেশখালীর কুতুবজোমে সরকারি পর্যায়ে (জিটুজি) চুক্তির আওতায় ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ ইউনিট (এফএসআরইউ) স্থাপনে চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের (সিএনইই) দাখিল করা দর প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।
কক্সবাজারে তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের কাজ পেল চীন
নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের আলামত পাওয়া যায়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শক সার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটতে পারে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ৪র্থ দিনের প্রশ্নোত্তর পর্বে এক সংসদ সদস্যের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি। এদিন নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগার বিষয়টি সংসদে উত্থাপন করে বিরোধী দলের চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম জানতে চান, ঘটনার পরপরই কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাবি করেছেন, সেখানে পেট্রোল বোমা হামলার কোনো আলামত পাওয়া যায়নি।  অথচ ঘটনাস্থলে কোনো ফরেনসিক দলই যায়নি। সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমা মেরে আগুন দেওয়ার পরও আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই বলা যাবে কিনা? জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যা অত্যন্ত দুঃখজনক। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। দিবাগত রাত ১টা ৫০ মিনিটের দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। একতলা টিনশেড বাড়িটির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে গেছে। দুটি ছাগল পুড়ে গেছে। তিনি বলেন, এঘটনায় পেট্রোল বোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শক সার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটতে পারে।  মন্ত্রী বলেন, এমপি নুসরাতের বাড়িতে আগুন লেগেছে, নাকি লাগানো হয়েছে- তা খতিয়ে দেখতে বিজিবি, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন যৌথভাবে তদন্ত করছে। আরটিভি/এসআর  
নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের আলামত পাওয়া যায়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ সম্প্রসারণ এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে দেশটির সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
মতপ্রকাশের স্বাধীনতা দমন নয়, অপতথ্যের বিরুদ্ধেও কঠোর সরকার: ডেপুটি স্পিকার
নিরাপত্তার অজুহাতে মতপ্রকাশের স্বাধীনতা দমন করা হবে না, তবে বাকস্বাধীনতার আড়ালে অপতথ্য ছড়ানোর বিরুদ্ধেও কঠোর অবস্থান নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, কারও মর্যাদাহানির উদ্দেশ্যে বাকস্বাধীনতার ছদ্মবেশে অপতথ্য ছড়াতে দেওয়া হবে না। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এর নিরাপত্তা ও কৌশলগত অধ্যয়ন অনুষদ (এফএসএসএস) কর্তৃক আয়োজিত ‘ডিজিটাল যুগে নিরাপত্তা ও মানবাধিকারের প্রতি চ্যালেঞ্জ: বাংলাদেশ প্রেক্ষাপটে ভুল তথ্য ও অপতথ্য মোকাবিলা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এক দশকেরও বেশি সময় ধরে পূর্ববর্তী সরকার আইসিটি আইন, ডিএসএ আইন এবং সাইবার নিরাপত্তা আইনের মতন কঠোর ডিজিটাল নিরাপত্তা আইনগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল।  ‘গুজব বন্ধ করার অজুহাতে সেই আইনগুলো ছাত্রদের কারারুদ্ধ করতে, সাংবাদিকদের মুখ বন্ধ করতে এবং ভিন্নমত দমন করতে প্রয়োগ করা হয়েছিল। সেই অন্ধকার ইতিহাসের পুনরাবৃত্তি যাতে আর না ঘটে তার জন্য বর্তমান সরকার দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ।’ সেমিনারে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডেপুটি স্পীকার বলেন, তরুণদের কেবল ডিজিটাল কনটেন্টের ভোক্তা হয়ে থাকলে চলবে না; বরং দায়িত্বশীলতা ও বিচারবুদ্ধিসম্পন্ন চিন্তাশক্তির মাধ্যমে তাদের সত্যের দূত হয়ে উঠতে হবে এবং ডিজিটাল জনপ্রিয়তার চেয়ে মানবিক মর্যাদাকে অধিক গুরুত্ব দিতে হবে।  তিনি বলেন, ডিজিটাল সাক্ষরতার এই অগ্রযাত্রায় তোমরা নেতৃত্ব দাও। কোনো চাঞ্চল্যকর পোস্ট শেয়ার করার আগে বা কোনো ক্ষোভ সৃষ্টিকারী ভিডিওতে প্রতিক্রিয়া জানানোর আগে থামো, উৎস যাচাই করো, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলো, যারা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়, তাদের হাতিয়ার হতে নিজের আঙুলকে প্রত্যাখ্যান করো। ডেপুটি স্পীকার বিইউপির সাবেক শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ জুলাই গণঅভ্যুত্থানে শহিদ সবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমাদের দিকে তাকালে আমি কেবল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরই দেখি না, বরং আমি দেখতে পাই ‘জুলাই বিপ্লব' এর অগ্রপথিকদের। ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে তোমরাই পনেরো বছরের এক স্বৈরাচারী ফ্যাসিবাদী শাসনের মুখোমুখি দাঁড়িয়েছিলে। যখন ক্ষমতাচ্যুত সরকার তাদের নৃশংসতা আড়াল করতে ইন্টারনেট ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন করে দিয়েছিল, তখন এই বাংলাদেশে তোমারাই সত্যকে বাঁচিয়ে রেখেছিলে।  তিনি বলেন, তোমরাই প্রমাণ করেছ যে, কোনো স্বৈরশাসকই একটি সচেতন ও নির্ভীক প্রজন্মকে চিরতরে স্তব্ধ করে রাখতে পারে না। তোমরাই সেই প্রজন্ম যারা আমাদের ভোটাধিকার পুনরুদ্ধার করেছ এবং আমাদের গণতন্ত্র উপহার দিয়েছ। আজ আমাদের মুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশে আমাদের নিরাপত্তা ও মানবিক মর্যাদার প্রতি এক নতুন ও গভীর ষড়যন্ত্রমূলক হুমকি হল ভুল তথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত অপতথ্যের সুপরিকল্পিত ব্যবহার।  ‘আমরা এমন এক যুগে বাস করছি যেখানে একটি মাত্র ক্লিকে লক্ষ লক্ষ মানুষকে সংযুক্ত করা সম্ভব; আবার একটি মাত্র মিথ্যা বার্তা আতঙ্ক, ঘৃণা, বিভ্রান্তি, এমনকি সহিংসতারও জন্ম দিতে পারে। ডিজিটাল প্রযুক্তি শিক্ষা, স্বাস্থ্যসেবা, আর্থিক পরিষেবা, জনতথ্য এবং অর্থনৈতিক সুযোগের পরিধিকে প্রসারিত করার মাধ্যমে আমাদের সমাজব্যবস্থাকে আমূলে বদলে দিয়েছে।’  তিনি বলেন, এই সুযোগগুলোর পাশাপাশি প্রযুক্তি কিছু গুরুতর চ্যালেঞ্জও নিয়ে এসেছে। ভুল তথ্য, উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা তথ্য, অনলাইন হয়রানি, পরিচয় চুরি, সাইবার অপরাধ, বিদ্বেষমূলক বক্তব্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার আমাদের সমাজ, ব্যক্তিগত নিরাপত্তা ও মানবিক মর্যাদার জন্য ক্রমবর্ধমান হুমকি হয়ে দাঁড়িয়েছে। ভুল তথ্য এবং অপতথ্যের পার্থক্য উল্লেখ করে তিনি বলেন, উভয়ই ব্যক্তি, সম্প্রদায় এবং রাষ্ট্রের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে এই চ্যালেঞ্জগুলো বিশেষ মনোযোগের দাবি রাখে। প্রতিনিয়ত পরিবর্তনশীল ডিজিটাল পরিমণ্ডলে বাংলাদেশের সংবিধানে প্রদত্ত মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রেখে কীভাবে এই চ্যালেঞ্জগুলোর মোকাবিলা করা যায় বলে জানা তিনি। ডেপুটি স্পিকারের ভাষ্য, আমাদের সমালোচনামূলক চিন্তাভাবনার সংস্কৃতি গড়ে তুলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও স্কুলগুলোর পাঠ্যক্রমে ডিজিটাল সাক্ষরতা, তথ্য যাচাইকরণ এবং দায়িত্বশীল অনলাইন আচরণের বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে হবে। গণমাধ্যমের উদ্দেশ্যে তিনি বলেন, সঠিকতা, নিরপেক্ষতা ও পেশাগত নৈতিকতা বজায় রাখার ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। তাদের উচিত স্বচ্ছতা বৃদ্ধি করা এবং ক্ষতিকর মিথ্যা তথ্য রিপোর্ট করার কার্যকর ব্যবস্থা রাখা। ভুল তথ্য এবং অপতথ্য রোধে বাংলাদেশের সরকারি সংস্থা, আইন প্রয়োগকারী বাহিনী, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম এবং সুশীল সমাজের মধ্যে কার্যকর প্রাতিষ্ঠানিক সমন্বয় প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।  তিনি আরও বলেন, এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে সরকারের পাশাপাশি শিক্ষাবিদ, সাংবাদিক, সুশীল সমাজ, ধর্মীয় নেতা, তরুণ এবং সাধারণ নাগরিকসহ দেশের সকলের সহযোগিতা প্রয়োজন। সেমিনারে প্যানেল আলোচক হিসেবে আলোচনা করেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, ওসমানী শান্তি ও নিরাপত্তা অধ্যয়ন কেন্দ্রের (ওসিপিএএসএস) চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ মাহফুজুর রহমান, বিইউপির আইন বিভাগের সহকারী অধ্যাপক প্রীতি কণা শিকদার এবং ওয়াকিলা হোসাইন। সেমিনারে বিইউপির উপাচার্য, উপ-উপাচার্যসহ অন্যান্য শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ এবং গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। আরটিভি/এসআর  
মতপ্রকাশের স্বাধীনতা দমন নয়, অপতথ্যের বিরুদ্ধেও কঠোর সরকার: ডেপুটি স্পিকার
আরও পড়ুন
মার্কিন চাপ না মেনে ইরানের পক্ষে তুরস্ক, ইরাক ও পাকিস্তান
কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
তুরস্কে বিশ্ব জলবায়ু সম্মেলনে আলোচক জাবিপ্রবি শিক্ষক ইমরুল কবির
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অনুদানভিত্তিক অর্থায়ন জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী