ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

এনআইডি নিয়ে বড় দুঃসংবাদ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পিএম
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের (ইসি) সার্ভারে সফটওয়্যার জটিলতা ও বিভিন্ন প্রশাসনিক কারণে প্রায় ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক হয়ে রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সংশ্লিষ্ট নাগরিকরা। এনআইডি লক থাকায় সিম কার্ড কেনা, ব্যাংক হিসাব খোলা, জমি নিবন্ধন ও পাসপোর্ট নবায়নের মতো গুরুত্বপূর্ণ কাজ করতে পারছেন না অনেকে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইসির এনআইডি শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বিভিন্ন কারণে নাগরিকদের এনআইডি লক করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো একাধিকবার ভোটার হিসেবে নিবন্ধন করা। এ ছাড়া আদালতের নির্দেশ, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চলমান মামলা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আবেদনের ভিত্তিতেও কিছু নাগরিকের এনআইডি লক করা হয়েছে।

ইসির কর্মকর্তারা জানান, একাধিকবার ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার কারণে যাদের এনআইডি লক হয়েছে, যাচাই-বাছাই শেষে তাদের একটি পরিচয়পত্র সচল রেখে অন্যটি বাতিল করা হচ্ছে। সাধারণত প্রথমবার ইস্যু করা এনআইডি বহাল রাখা হয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট সব তথ্য পর্যালোচনা করা হচ্ছে।

কবে থেকে এসব এনআইডি লক রয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের ভাষ্য, লক হওয়া পরিচয়পত্রের সংখ্যা বেশি হওয়ায় প্রতিটির সময়কাল আলাদাভাবে নির্ধারণ করা কঠিন। তবে এ সমস্যা নিয়ে যেসব নাগরিক ঢাকার নির্বাচন ভবনে যোগাযোগ করছেন, তাদের অভিযোগ ও তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে, এনআইডি আনলক করাতে বর্তমানে নাগরিকদের নির্বাচন কমিশনের কেন্দ্রীয় কার্যালয়ে যেতে হচ্ছে। এতে ঢাকার বাইরে বসবাসকারী নাগরিকদের ভোগান্তি আরও বাড়ছে। এ পরিস্থিতিতে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে কেন্দ্রীয় কার্যালয়ের পরিবর্তে মাঠপর্যায় থেকেই এনআইডি-সংক্রান্ত সমস্যার সমাধানের উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৫ বছর সাংবাদিকতা করেছি: আইনমন্ত্রী
নিজের পেশাগত জীবনের শুরুর দিকে প্রায় পাঁচ বছর সাংবাদিকতা করেছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
৫ বছর সাংবাদিকতা করেছি: আইনমন্ত্রী
বেগম খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে স্মারক গ্রন্থ প্রকাশের উদ্যোগ, লেখা আহবান
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ ডিসেম্বর রাজধানীতে নাগরিক স্মরণসভার আয়োজন করা হয়েছে। একই সঙ্গে তার জীবন, রাজনৈতিক দর্শন, নেতৃত্ব, কর্মময় অভিজ্ঞতা এবং দেশ ও জাতির প্রতি অবদান নিয়ে একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য দেশের বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে মৌলিক ও বিশ্লেষণধর্মী লেখা আহ্বান করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৮ ডিসেম্বর ২০২৬, সোমবার রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হবে। নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। এ ছাড়া দেশের বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট নাগরিকেরা স্মরণসভায় অংশ নেবেন বলে প্রত্যাশা করছেন আয়োজকেরা। স্মরণসভাকে অর্থবহ ও স্মরণীয় করে রাখতে বেগম খালেদা জিয়ার জীবন, রাজনৈতিক দর্শন, কর্মময় অভিজ্ঞতা, ব্যক্তিত্ব, নেতৃত্ব এবং জাতীয় জীবনে তার অবদান নিয়ে বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, সাংবাদিক, লেখক, গবেষক, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, পেশাজীবী এবং খালেদা জিয়ার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তিদের কাছ থেকে লেখা আহ্বান করা হয়েছে। স্মারকগ্রন্থে লেখার জন্য মোট ১২টি বিষয় নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে বেগম খালেদা জিয়ার জীবন, ব্যক্তিত্ব ও নেতৃত্ব; দলনিরপেক্ষ গণতান্ত্রিক রাজনীতি ও আন্দোলন; পররাষ্ট্রনীতি, সার্বভৌমত্ব ও দেশপ্রেম; নারীশিক্ষা, নারী নেতৃত্ব ও সামাজিক উন্নয়ন; বাংলাদেশের সংসদীয় রাজনীতির ইতিহাসে তার ভূমিকা; অর্থনৈতিক দর্শন; নির্বাচন, গণতন্ত্র ও সংগ্রাম; সংবাদপত্রের স্বাধীনতা; তার সঙ্গে প্রত্যক্ষ স্মৃতিচারণ ও জীবনের অজানা অধ্যায়; সরকার, প্রশাসন, সুশাসন ও দায়িত্ব; জীবনের শেষ সময়ের অভিজ্ঞতা এবং তার ব্যক্তিত্ব, রুচিবোধ ও মানবিক গুণাবলি। সংবাদ বিজ্ঞপ্তিতে লেখার ক্ষেত্রে কয়েকটি শর্তও উল্লেখ করা হয়েছে। প্রতিটি লেখা ১২০০ থেকে ১৫০০ শব্দের মধ্যে হতে হবে। লেখা অবশ্যই মৌলিক, তথ্যনির্ভর ও বিশ্লেষণধর্মী হতে হবে। নির্ধারিত বিষয়গুলোর আলোকে লেখকের নিজস্ব দৃষ্টিভঙ্গি, গবেষণা, অভিজ্ঞতা ও মূল্যায়ন তুলে ধরার সুযোগ থাকবে। তবে স্মারকগ্রন্থের সম্পাদকীয় বিবেচনায় নির্বাচিত লেখকদের লেখাই প্রকাশ করা হবে। আগ্রহীদের আগামী ৩০ নভেম্বর ২০২৬-এর মধ্যে ই-মেইলে লেখা পাঠাতে বলা হয়েছে। লেখার ঠিকানা: [email protected]। এদিকে বেগম খালেদা জিয়ার কর্মময় ও সংগ্রামী রাজনৈতিক জীবন, নেতৃত্ব, সাফল্য এবং জাতীয় জীবনে তার অর্জন নিয়ে একটি তথ্যসমৃদ্ধ প্রামাণ্যচিত্র নির্মাণেরও উদ্যোগ নেওয়া হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, স্মারকগ্রন্থ ও প্রামাণ্যচিত্রের মাধ্যমে বেগম খালেদা জিয়ার জীবন ও কর্মের বহুমাত্রিক মূল্যায়ন, রাজনৈতিক উত্তরাধিকার, রাষ্ট্রচিন্তা এবং বাংলাদেশের ইতিহাসে তার অবদান প্রামাণ্যভাবে তুলে ধরা সম্ভব হবে। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য তার জীবন ও রাজনৈতিক ভূমিকার একটি মূল্যবান ঐতিহাসিক দলিল তৈরি হবে। আরটিভি/টিআর
বেগম খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে স্মারক গ্রন্থ প্রকাশের উদ্যোগ, লেখা আহবান
বাংলা সাহিত্যের জাগরণে মীর মশাররফ হোসেন ভূমিকা অনস্বীকার্য: সংস্কৃতিমন্ত্রী
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, বাংলা সাহিত্যের জাগরণে মীর মশাররফ হোসেন ব্যাপক ভূমিকা রেখেছেন। তিনি ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী। তাকে গুরুত্ব দিয়ে এখানে জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে।
বাংলা সাহিত্যের জাগরণে মীর মশাররফ হোসেন ভূমিকা অনস্বীকার্য: সংস্কৃতিমন্ত্রী
বোমা হামলার ঘটনায় ইতোমধ্যে অনেকে গ্রেপ্তার হয়েছেন: আইনমন্ত্রী
বোমা হামলার ঘটনায় ইতোমধ্যে অনেকে গ্রেপ্তার হয়েছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার (১৩ নভেম্বর) বেলা সোয়া ১১টায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের ‌‘বিশেষ সাধারণ সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বোমা হামলার ঘটনায় ইতোমধ্যে অনেকে গ্রেপ্তার হয়েছেন। এসব ঘটনার সঙ্গে কারা কীভাবে জড়িত, সে বিষয়ে সরকারের কাছে তথ্য-উপাত্ত রয়েছে। আইনমন্ত্রী বলেন, যারা বোমা হামলা ও ভয়ভীতি দেখিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা করছেন, তারা দেশের মানুষকে এখনো চিনতে পারেননি। বাংলাদেশের মানুষ অতীতের ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে এ দেশে রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না। সরকারের গত নয় মাসের কর্মকাণ্ড তুলে ধরে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশ আমরা কোনো এক্সট্রা জুডিসিয়াল কিলিংয়ের পথ ধরে হাঁটি নাই। আমরা গুমের পথ ধরে হাঁটি নাই। পুলিশ বাদী হয়ে মিথ্যা মামলা করার সংস্কৃতি থেকে বের হয়ে আসার চেষ্টা করেছি। এসব বিষয় গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, শুধু সরকারের নেতিবাচক দিক নয়, মানুষের অধিকার নিশ্চিত করতে সরকার কী করছে, সেটিও সংবাদমাধ্যমে আসা উচিত। তবে সরকারের কার্যক্রমে নেতিবাচক কিছু থাকলে তা প্রকাশের স্বাধীনতাও সাংবাদিকদের রয়েছে। আসাদুজ্জামান বলেন, ওভারনাইট যদি মনে করেন যে আমরা সব চেঞ্জ করে ফেলতে পারবো, সেটা যেমন সম্ভব না, ঠিক একইভাবে আমাদের বিরুদ্ধে যদি কোনো রকম আমাদের কার্যক্রমে নেতিবাচক কিছু থাকে, সেটাও আপনারা তুলে ধরতে পারবেন। সাংবাদিকতার মর্যাদা ও মানুষের আস্থার জায়গা ধরে রাখতে অপসাংবাদিকতা ও ইয়েলো জার্নালিজমের বিরুদ্ধে সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি বলেন, সাংবাদিকদের সত্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কলম ধরতে হবে। একই সঙ্গে সরকারের ভালো কাজগুলোও তুলে ধরতে হবে। তবে সরকারের কোনো কর্মকাণ্ডে নেতিবাচক কিছু থাকলে সেটিও প্রকাশ করতে হবে। এমনকি কোনো প্রতিবেদন নিজের বিরুদ্ধে গেলেও তা প্রকাশে আপত্তি নেই। আইনমন্ত্রী বলেন, সাংবাদিকতা মানুষের আস্থা ও ভরসার জায়গা। মানুষ যখন কোথাও হয়রানির শিকার হয়ে প্রতিকার পায় না, তখন গণমাধ্যমের কাছে আসে। সাংবাদিকদের এই আস্থার জায়গা ধরে রাখতে হবে এবং পেশাটিকে আরও সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে হবে। ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সদস্যদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আসাদুজ্জামান বলেন, মতভেদ ভুলে সংগঠনটিকে এগিয়ে নিতে হবে। কারও নেতৃত্ব বা পদ না থাকার কারণে সংগঠনের কোনো কর্মসূচিতে অংশ না নেওয়া আত্মঘাতী সিদ্ধান্ত। ঢাকায় অবস্থানরত ঝিনাইদহের সাংবাদিকদের বছরে অন্তত এক থেকে দুটি কর্মসূচি নিজ জেলায় আয়োজনেরও আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খাঁন। ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মেহেদী হাসান পলাশ। আরটিভি/টিআর
বোমা হামলার ঘটনায় ইতোমধ্যে অনেকে গ্রেপ্তার হয়েছেন: আইনমন্ত্রী
প্রধানমন্ত্রীর জাপান ফেরত বিমানে ত্রুটি, তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য
জাপান সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে একটি নয়, অন্তত পাঁচটি যান্ত্রিক ত্রুটি শনাক্ত হয়েছিল। উড়োজাহাজটির কারিগরি নথি ও রক্ষণাবেক্ষণের রেকর্ড পর্যালোচনায় এসব ত্রুটির তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি উড়োজাহাজটির অতীতের ত্রুটি, রক্ষণাবেক্ষণ এবং ভিভিআইপি ফ্লাইটের জন্য সেটি নির্বাচনের যৌক্তিকতা খতিয়ে দেখছে। গত ২৯ অক্টোবর জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রার আগে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৭৭-এ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। উড়োজাহাজটি রানওয়ের দিকে যাওয়ার সময় ককপিটে একাধিক ত্রুটির সংকেত পান পাইলট। পরে উড্ডয়ন বাতিল করে উড়োজাহাজটিকে পার্কিং বে-তে ফিরিয়ে নেওয়া হয়। বিমানের প্রকৌশল দল ও জাপানি টেকনিশিয়ানদের প্রচেষ্টায় ত্রুটি মেরামত এবং প্রয়োজনীয় কারিগরি ব্যবস্থা নেওয়ার পর প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছিল, উড়োজাহাজটির হাইড্রোলিক স্পয়লার নম্বর-১-এর কার্যক্রমে সমস্যা দেখা দিয়েছিল। প্রকৌশলীরা সংশ্লিষ্ট স্পয়লারটি নিষ্ক্রিয় করে উড়োজাহাজটিকে উড্ডয়নের উপযোগী করেন। এ ঘটনার পরদিন, ৩০ অক্টোবর, চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কমিটিকে ত্রুটির প্রকৃত কারণ শনাক্ত, মেরামতপ্রক্রিয়া পর্যালোচনা, উড়োজাহাজটির উড্ডয়নযোগ্যতা যাচাই এবং এ ঘটনায় কোনো ধরনের অবহেলা বা সমন্বয়হীনতা ছিল কি না, তা নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়। তদন্তে উড়োজাহাজটির কারিগরি লগ বই এবং রক্ষণাবেক্ষণের রেকর্ড পর্যালোচনা করে স্পয়লার ও ফ্ল্যাপ সম্প্রসারণ, পিটট হিটিং ব্যবস্থা এবং ডান ও বাম পাশের র‍্যাম এয়ার ফ্যান ব্যবস্থায় ত্রুটির প্রমাণ পেয়েছে কমিটি। বিমানের একটি সূত্র জানায়, তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এখন পরবর্তী সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়। এদিকে ভিভিআইপি ফ্লাইটের নিরাপত্তায় অবহেলা প্রমাণিত হলে সংশিষ্টদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ বিমানের সাবেক পরিচালক নাফিজ ইমতিয়াজ উদ্দিন বলেন, স্পয়লার আপ-ডাউন করছে না, এটা সেন্সর এবং এয়ারক্রাফটের সমস্যা। এমনিতেই সবকিছুর আগে যাত্রীর নিরাপত্তা অগ্রাধিকার পায়। এরপরও প্রধানমন্ত্রীর মতো কেউ যাচ্ছেন, তখন তো বিমানের সবকিছুই পরীক্ষিত থাকবে। ঘটনাটি নিয়ে যারা তদন্ত করেছেন, তারা যদি কোনো ত্রুটি পেয়ে থাকেন অবশ্যই ব্যবস্থা নিতে হবে। আরটিভি/টিআর
প্রধানমন্ত্রীর জাপান ফেরত বিমানে ত্রুটি, তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য
আরও পড়ুন
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক, সমাধান মিলবে যেভাবে
পাসপোর্ট লাগবে না আপা, খাঁচায় আসতে হবে: আসিফ মাহমুদ
এনআইডি দিয়ে তোলা হয়েছে ১৮ সিম, মালেকের ‘মাথায় হাত’
এনআইডির জন্য নির্বাচন অফিসে প্রবাসী, দরজা লাগিয়ে পেটালেন কর্মকর্তা-কর্মচারীরা