ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

সারে ভেজাল ও নকল নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান কৃষি মন্ত্রণালয়ের

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১১:১১ পিএম
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ভেজাল ও নকল সার নিয়ে প্রচারিত বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবা প্রতি আহ্বান জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।

শুক্রবার (১৩ নভেম্বর) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ভেজাল সারসংক্রান্ত একটি ভিডিও পোস্ট মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। ভিডিওটি চলতি বছরের ২৭ আগস্ট মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার জাল্লা বাজারে অবস্থিত ভাই ভাই এন্টারপ্রাইজ নামের সার ডিলার প্রতিষ্ঠানে ভেজাল সার জব্দের ঘটনার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভাই ভাই এন্টারপ্রাইজের ডিলার পয়েন্টে ভেজাল ডিএপি সার বিক্রির বিষয়ে সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। এর পরিপ্রেক্ষিতে ওই দিন মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযুক্ত ডিলারকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভেজাল সার জব্দ ও ধ্বংস করা হয়। এ ছাড়া সংশ্লিষ্ট উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির মাধ্যমে অভিযুক্ত প্রতিষ্ঠান ভাই ভাই এন্টারপ্রাইজের ডিলারশিপ বাতিলের ব্যবস্থা নেয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত আগস্টে তাৎক্ষণিকভাবে আইনগত প্রক্রিয়ায় নিষ্পত্তি হওয়া একটি ঘটনাকে নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। ওই ভিডিও ও পোস্টে ‘সরকার ভেজাল সার সরবরাহ করছে’ মর্মে প্রচারিত তথ্য সম্পূর্ণ অসত্য। কৃষি মন্ত্রণালয় এ ধরনের অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার ও প্রকাশ না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করেছে।

মন্ত্রণালয় জানায়, ডিলার পর্যায়ে সার সরবরাহের আগে সরকার নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে পরীক্ষাগারে সারের গুণগত মান পরীক্ষা করা হয়। এ ছাড়া সার সংগ্রহ, সংরক্ষণ, পরিবহন ও বিতরণসহ সরবরাহের প্রতিটি পর্যায়ে কঠোর নজরদারি ও তদারকি নিশ্চিত করা হয়।

সরকারি ব্যবস্থাপনায় সরবরাহ করা সারের গুণগত মান বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অসত্য, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়।

আরটিভি/এমএ


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জলবায়ু সংক্রান্ত আগাম সতর্কবার্তার জন্য প্রযুক্তি ও আর্থিক সহায়তা চাইলেন শামা ওবায়েদ
জলবায়ুজনিত দুর্যোগ থেকে জীবন ও সম্পদ রক্ষায় আগাম সতর্কবার্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে উন্নত প্রযুক্তিগত ও আর্থিক সহায়তার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
জলবায়ু সংক্রান্ত আগাম সতর্কবার্তার জন্য প্রযুক্তি ও আর্থিক সহায়তা চাইলেন শামা ওবায়েদ
১৯৪৫ সালের নীতিতে আজকের বিশ্ব চলতে পারে না: ড. খলিলুর রহমান
১৯৪৫ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বাস্তবতায় গড়ে ওঠা জাতিসংঘের বর্তমান কাঠামো দিয়ে আজকের পরিবর্তিত বিশ্ব পরিচালনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান।  তিনি বলেছেন, বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যে ব্যাপক পরিবর্তন এলেও নিরাপত্তা পরিষদের কাঠামো এখনো আগের মতোই রয়ে গেছে। তাই বিশ্বব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে নিরাপত্তা পরিষদের সংস্কার জরুরি। তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর ফাঁকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের সাক্ষাৎকার অনুষ্ঠান ‘ওয়ান অন ওয়ান’-এ এসব কথা বলেন তিনি।  সাক্ষাৎকারে নিরাপত্তা পরিষদ সংস্কার, রোহিঙ্গা গণহত্যার বিচার, আন্তর্জাতিক সংঘাত এবং মাঠপর্যায়ে জাতিসংঘের কার্যকারিতা নিয়ে কথা বলেন ড. খলিলুর রহমান। নিরাপত্তা পরিষদের আধুনিকায়ন ও শক্তিধর দেশগুলোর একক কর্তৃত্ব নিয়ে সাংবাদিক জাফর হাসনাইনের প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৯৪৫ সালে জাতিসংঘ প্রতিষ্ঠার সময়কার বাস্তবতার সঙ্গে বর্তমান বিশ্বের ব্যাপক পার্থক্য রয়েছে।  তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ‘বিশ্ব পাঁচ দেশের চেয়েও বড়’ বক্তব্যের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বৈশ্বিক ক্ষমতার বিন্যাসে অনেক পরিবর্তন এসেছে। অথচ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ ও কাঠামো এখনো অপরিবর্তিত রয়েছে। নিরাপত্তা পরিষদ সংস্কারের বিষয়ে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে তিনি ইতোমধ্যে আন্তঃসরকার আলোচনার সমন্বয়ের জন্য কো-চেয়ারম্যান নিয়োগ করেছেন বলেও জানান। আফ্রিকার প্রতিনিধিত্বের প্রশ্নে ড. খলিলুর রহমান বলেন, ঐতিহাসিকভাবে সবচেয়ে বড় বৈষম্যের শিকার মহাদেশগুলোর একটি আফ্রিকা। নিরাপত্তা পরিষদে আফ্রিকার শান্তি ও নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলেও সিদ্ধান্ত গ্রহণের টেবিলে মহাদেশটির কোনো স্থায়ী প্রতিনিধিত্ব নেই। তাঁর ভাষায়, ‘আফ্রিকাকে সিদ্ধান্তের টেবিলে থাকতে হবে, তারা কোনো মেনু হতে পারে না।’ তিনি বলেন, নিরাপত্তা পরিষদের স্থায়ী বা অস্থায়ী সদস্যপদের কাঠামো পরিবর্তন করতে হলে জাতিসংঘ সনদ সংশোধন করতে হবে। এ জন্য নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের সম্মতি প্রয়োজন। ফলে রাতারাতি এ সংস্কার সম্ভব নয়, বরং ধাপে ধাপে এগোতে হবে। তাঁর সভাপতিত্বের মেয়াদে সংস্কার আলোচনায় দৃশ্যমান অগ্রগতি অর্জনের লক্ষ্য রয়েছে। বিশ্বজুড়ে যুদ্ধ ও সহিংসতা বন্ধে নিরাপত্তা পরিষদের ব্যর্থতা এবং সাধারণ পরিষদে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় গৃহীত প্রস্তাব নিরাপত্তা পরিষদে ভেটোর মুখে আটকে যাওয়ার বিষয়ে ড. খলিলুর রহমান বলেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার প্রধান দায়িত্ব নিরাপত্তা পরিষদের। কিন্তু স্থায়ী সদস্যদের স্বার্থের সংঘাত ও ভেটো প্রয়োগের কারণে গুরুত্বপূর্ণ অনেক আন্তর্জাতিক সংকটে পরিষদ সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে। এর ফলে বিশ্বের বিভিন্ন অঞ্চলে দীর্ঘস্থায়ী সংঘাত অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে তিনি বলেন, জাতিসংঘ সনদে সদস্য রাষ্ট্র বহিষ্কারের বিধান থাকলেও ইতিহাসে এর প্রয়োগ অত্যন্ত বিরল। অতীতে চীন প্রজাতন্ত্রের (তাইওয়ান) পরিবর্তে গণপ্রজাতন্ত্রী চীনকে জাতিসংঘে চীনের প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘটনা ঘটেছে। তবে কোনো সদস্য রাষ্ট্রকে সরাসরি বহিষ্কারের নজির নেই। রোহিঙ্গা গণহত্যার বিচার প্রসঙ্গে ড. খলিলুর রহমান আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ভূমিকার কথা তুলে ধরেন। তিনি জানান, জাম্বিয়া বনাম মিয়ানমার মামলার বিষয়ে আগামী ১৯ নভেম্বর আদালতের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণার কথা রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ও আইন লঙ্ঘনের ঘটনায় আইসিজে তার বিচারিক এখতিয়ার অনুযায়ী ভূমিকা পালন করছে বলেও উল্লেখ করেন তিনি। আন্তর্জাতিক অঙ্গনে জাতিসংঘের কার্যকারিতা নিয়ে সমালোচনার জবাবে ড. খলিলুর রহমান বলেন, নিরাপত্তা পরিষদের রাজনৈতিক অচলাবস্থার সঙ্গে মাঠপর্যায়ে জাতিসংঘের মানবিক ও সেবামূলক কার্যক্রমকে এক করে দেখা ঠিক নয়। জাতিসংঘকে বিলুপ্ত করার চিন্তা বাস্তবসম্মত নয়। কারণ আজ সংস্থাটি বিলুপ্ত করা হলে বিশ্বশান্তি ও সহযোগিতার স্বার্থে আগামীকালই আবার নতুন করে এমন একটি সংস্থা গড়ে তুলতে হবে। তিনি বলেন, জলবায়ু সংকট মোকাবিলা ও বৈশ্বিক সমস্যার সমাধানে বিশ্বের তরুণ সমাজ এবং সাধারণ মানুষ এখনো জাতিসংঘের ওপর আস্থা রাখে। মাঠপর্যায়ে জাতিসংঘের অবদানের উদাহরণ দিতে গিয়ে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী বিষয়ক দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। ড. খলিলুর রহমান বলেন, বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক অর্থায়নে তীব্র সংকট থাকলেও জাতিসংঘের কান্ট্রি টিম উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছিল। এ কাজে স্থানীয় প্রতিষ্ঠান, জনবল এবং রোহিঙ্গা শিবিরের তরুণদেরও যুক্ত করা হয়েছিল। এতে অর্থসংকটের মধ্যেও সেবা কার্যক্রম চালিয়ে নেওয়া সম্ভব হয়, এমনকি কিছু ক্ষেত্রে সেবার মানও উন্নত হয়েছিল। সম্প্রতি মধ্য আফ্রিকার দেশ কঙ্গো সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, দেশটির সরকার, জাতিসংঘের স্থানীয় দল এবং দাতা সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন তিনি। তাদের মতে, কঙ্গোয় সাধারণ মানুষের জীবন রক্ষা ও সেবা প্রদানে জাতিসংঘের কান্ট্রি টিম কার্যকর ভূমিকা রাখছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জাতিসংঘের ভূমিকা প্রসঙ্গে ড. খলিলুর রহমান বলেন, তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত কপ-৩১ সম্মেলন জাতিসংঘের বহুপক্ষীয় প্রক্রিয়ারই অংশ। বৈশ্বিক উষ্ণায়ন মোকাবিলা, তাপমাত্রা বৃদ্ধি নিয়ন্ত্রণ এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অর্থায়ন নিশ্চিত করতে প্রভাবশালী ও ক্ষতিগ্রস্ত দেশগুলোকে একই প্ল্যাটফর্মে আনার সুযোগ তৈরি করে জাতিসংঘ। সংস্থাটির অনুপস্থিতিতে এ ধরনের আন্তর্জাতিক সমঝোতা সম্ভব হতো না। জাতিসংঘের বর্তমান মহাসচিবের মেয়াদ শেষ হওয়ার পর নতুন মহাসচিব নিয়োগের প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, জাতিসংঘ সনদ অনুযায়ী, নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে সাধারণ পরিষদ মহাসচিব নিয়োগ দেয়। অতীতে নয়বার মহাসচিব নিয়োগের ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের সুপারিশ করা প্রার্থীদেরই সাধারণ পরিষদ সর্বসম্মতিক্রমে নিয়োগ দিয়েছে। আরটিভি/এসআর
১৯৪৫ সালের নীতিতে আজকের বিশ্ব চলতে পারে না: ড. খলিলুর রহমান
আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ডিসেম্বরে বাংলাদেশের বহুল প্রতীক্ষিত জাতীয় পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করবেন বলে আশা করা হচ্ছে।
আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী
১০০ আসনে নারীদের সরাসরি ভোট হওয়া উচিত: স্পিকার
সংরক্ষিত নারী আসনের পরিবর্তে সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
১০০ আসনে নারীদের সরাসরি ভোট হওয়া উচিত: স্পিকার
খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী
খেলাধুলার প্রসারের মাধ্যমেই সমাজে ইতিবাচক পরিবর্তন ও প্রকৃত সামাজিক বিপ্লব ঘটানো সম্ভব বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।  শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে বরুরা উপজেলার কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ‘এ কে এম আবু তাহের স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি। ১৯টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই জমজমাট টুর্নামেন্টের ফাইনালে কুমিল্লা আদর্শ সদর উপজেলা দল টাইব্রেকারে চান্দিনা উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলাবোধ, পারস্পরিক সৌহার্দ্য ও পারিবারিক বন্ধন সুদৃঢ় করে। এর মাধ্যমে একটি সুস্থ, মেধাবী ও সুশৃঙ্খল প্রজন্ম গড়ে তোলা সম্ভব।  তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রেখে সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি জানান, দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ এবং উপজেলা পর্যায়ে স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হবে এবং খুব দ্রুতই বরুড়া উপজেলা স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, খেলাধুলা শুধু বছরের নির্দিষ্ট কোনো সময়ে সীমাবদ্ধ না রেখে বছরব্যাপী ফুটবল, ক্রিকেট, ভলিবল ও টেবিল টেনিসসহ বিভিন্ন ডিসিপ্লিনের খেলা অব্যাহত রাখা হবে।  সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সমৃদ্ধশালী ও মানবিক বাংলাদেশ গড়াই তাদের মূল লক্ষ্য। এছাড়া পর্যায়ক্রমে ঢাকাসহ দেশের অন্যান্য বিকেএসপিগুলোকে আরও স্বয়ংসম্পূর্ণ করার পাশাপাশি খুব শীঘ্রই কুমিল্লায় একটি বিকেএসপি প্রতিষ্ঠার আশাবাদও ব্যক্ত করেন তিনি। দল-মত নির্বিশেষে ‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনা ধারণ করে একটি সুশৃঙ্খল জাতি গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। এ ছাড়াও অন্যান্যের মধ্যে সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী, সংসদ সদস্য মো. জসিম উদ্দিন, সংসদ সদস্য আতিকুল ইসলাম শাওন, বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি এবং বরুড়া উপজেলা বিএনপি সভাপতি কায়সার আলম সেলিম উপস্থিত ছিলেন। আরটিভি/এসআর
খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী
আরও পড়ুন
২৭ দিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরলো সিইউএফএল
এনভিডিয়া কেলেঙ্কারিতে এবার অপসারণের ঝুঁকিতে যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী!
নেতানিয়াহুর চেহারার সঙ্গে মিল, সেই ইরানি দোকানিকে বয়কটের ডাক!
মতপ্রকাশের স্বাধীনতা দমন নয়, অপতথ্যের বিরুদ্ধেও কঠোর সরকার: ডেপুটি স্পিকার