ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

‘নজরদারিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জড়িত কর্মকর্তারা’

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০১:০৩ পিএম
সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন ডা. জাহেদ উর রহমান। ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত সরকারি কর্মকর্তাদের বিষয়ে নজরদারি চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় সরকারি বিভিন্ন পর্যায়ের অনেক কর্মকর্তা দলটির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বা তাদের সঙ্গে রাজনৈতিকভাবে ঘনিষ্ঠতা ছিল। সেটি সমস্যা নয়। তবে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দায়িত্ব পালনকালে কেউ যদি রাজনৈতিকভাবে কোনো দলের সঙ্গে সম্পৃক্ত থাকেন, সেটি উদ্বেগজনক। এ বিষয়ে সরকারের নিজস্ব নজরদারিব্যবস্থা ও বিভিন্ন উপায় রয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে একজন পুলিশ সুপার গ্রেপ্তার এবং সরকারি কর্মকর্তাদের ওপর নজরদারির বিষয়ে জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, কীভাবে নজরদারি করা হচ্ছে, তা প্রকাশ করা সম্ভব নয়। কারণ, এর সঙ্গে রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয় জড়িত।

তিনি বলেন, ‘বহু বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে বহু মানুষ তাদের সঙ্গে জড়িত আছেন, ছিলেন। সেটা সমস্যা না। তারা তো প্রজাতন্ত্রের কর্মচারী, কাজও করছেন। কিন্তু (কর্মচারী) থাকাকালে তারা যদি জড়িত থাকেন, এটা তো আসলে খুবই ভয়ংকর কথা।’

সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সরকারের নিজস্ব ব্যবস্থা রয়েছে। সরকারের বিভিন্ন উপায় ও সক্ষমতা আছে। সরকার চাইলে এ বিষয়ে প্রকৃত তথ্য সংগ্রহ করতে পারে।

গোপালগঞ্জের সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে
গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন জাহেদ উর রহমান। তিনি বলেন, যাদের ছবি ও ভিডিও ফুটেজে অস্ত্র হাতে দেখা গেছে, তাদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং বিচারের মুখোমুখি করা হবে।

তিনি জানান, গোপালগঞ্জের ঘটনা নিয়ে সংসদে আলোচনা হয়েছে। তথ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীও বিষয়টি নিয়ে কথা বলেছেন। সরকার বাংলাদেশে কোনো ধরনের নাশকতা সহ্য করবে না। আওয়ামী লীগের নামে বর্তমানে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডও নিষিদ্ধ। এ অবস্থায় মিছিল, সমাবেশ কিংবা সভা আয়োজন বেআইনি। সেখানে নৃশংসতা ও সহিংসতা, বিভিন্ন জায়গায় ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনা কোনোভাবেই সরকার সহ্য করবে না।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘যাদের ছবি দেখা গেছে, আপনারা দেখেছেন গতকাল থেকে ওখানে যৌথবাহিনী আছে, তারা গ্রেপ্তার হবেন এবং তারা নিশ্চয়ই বিচারের সম্মুখীন হবেন।’

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলপ্রয়োগের ক্ষেত্রে সতর্ক থাকার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। তিনি বলেন, পুলিশের বলপ্রয়োগের অধিকার রয়েছে। কিন্তু বলপ্রয়োগের পরিমাণ যেন পরিস্থিতির তুলনায় বেশি না হয়, সেটি গুরুত্বপূর্ণ। অতীতে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ নিয়ে সমালোচনা হয়েছে। সরকার সেই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি চায় না।

জাহেদ উর রহমান বলেন, যতটুকু প্রয়োজন, তার চেয়ে বেশি বলপ্রয়োগ করা যাবে না। পুলিশ যেন প্রয়োজন অনুযায়ী আনুপাতিকভাবে বলপ্রয়োগ করে দায়িত্ব পালন করে, সরকার সেটিই চায়।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ‘নন-পলাতক আওয়ামী লীগ’ প্রসঙ্গে তিনি বলেন, পলাতক আওয়ামী লীগ নেতাদের উসকানিতে দেশে অবস্থানরত যারা এসব কর্মকাণ্ডে জড়াচ্ছেন, তারা নিজেদের বিপদ ডেকে আনছেন। কারণ, এসব কর্মকাণ্ড ফৌজদারি অপরাধ। এসব অপরাধের দায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বহন করতে হবে।

১৯ নভেম্বর নিয়ে বড় কোনো সমস্যা দেখছে না সরকার
আওয়ামী লীগের আগামী ১৯ নভেম্বরের কর্মসূচি ঘিরে সরকারের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা বলেন, এ ধরনের কর্মসূচি ঢাকায় তেমন কোনো প্রভাব ফেলবে না। সারা দেশেও বড় ধরনের সমস্যা হবে বলে সরকার মনে করছে না।

তিনি বলেন, এর আগেও আওয়ামী লীগের কর্মসূচি ছিল। ওই কর্মসূচির বিষয়ে আগের ব্রিফিংয়েও তিনি সরকারের অবস্থান জানিয়েছিলেন। এসব কর্মসূচি নিয়ে সরকার বড় ধরনের কোনো সমস্যা দেখছে না।

পুলিশ-প্রশাসনের কর্মকর্তাদের বদলি কেন
গোপালগঞ্জের ঘটনায় পুলিশ সুপার ও জেলা প্রশাসককে প্রত্যাহার এবং এর আগে গুলশানের ঘটনায় দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের বিষয়ে প্রশ্ন করা হলে জাহেদ উর রহমান বলেন, কোথাও দায়িত্ব পালনে অবহেলা বা ব্যর্থতা দেখা গেলে সেখানে আরও দক্ষ ও আন্তরিক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

তিনি বলেন, প্রত্যাহার করা মানেই সংশ্লিষ্ট কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে ব্যর্থ হয়েছেন, বিষয়টি এমন নয়। কোনো না কোনো ধরনের ব্যর্থতা থাকলে সেটি স্বীকার করে সেখানে আরও দক্ষ ও আন্তরিক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হয়।

গোপালগঞ্জে সহিংসতার সময় পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, একটি স্বাধীন গণতান্ত্রিক দেশে পুলিশ অপরিহার্য প্রতিষ্ঠান। আধুনিক রাষ্ট্রে পুলিশ থাকতেই হবে। তবে পুলিশ যেন সবচেয়ে কম বলপ্রয়োগ করে এবং সবচেয়ে কম হতাহতের মধ্য দিয়ে দায়িত্ব পালন করতে পারে, সেভাবেই কাজ করতে হবে।

তিনি বলেন, গোপালগঞ্জে প্রথম দিন পরিস্থিতি যেভাবে সহিংস ছিল, তাতে আরও বেশি বলপ্রয়োগের প্রয়োজন হতে পারতো। কিন্তু পরবর্তী সময়ে পরিস্থিতি যেভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে, তা সরকারের কৌশলের অংশ ছিল। তার মতে, পরিস্থিতি ব্যবস্থাপনায় সরকার সঠিক পথেই এগিয়েছে। এমনকি সরকারের সমালোচকরাও গোপালগঞ্জের পরিস্থিতি ব্যবস্থাপনার প্রশংসা করছেন বলে তিনি উল্লেখ করেন।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ডিএফসির যোগ্যতা অর্জন বাংলাদেশের মার্কিন বিনিয়োগ বাড়াবে: মাহদী আমিন
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এর ফলে দেশে মার্কিন বিনিয়োগ বাড়বে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।  প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি. হাস ঢাকা সফরে এসে সরকারকে বিষয়টি অবহিত করেছেন। বাংলাদেশসংবাদ মাহদী আমিন বলেন, জ্বালানি, প্রযুক্তি ও ডিজিটাল প্ল্যাটফর্মের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে মার্কিন বিনিয়োগ বাড়বে। এতে বাংলাদেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। তিনি আরও বলেন, শ্রমবান্ধব নীতিমালা প্রণয়নের কারণেই বাংলাদেশ এই যোগ্যতা অর্জন করেছে। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ দেশে ও বিদেশে নাশকতা চালাচ্ছে। তবে গণতন্ত্রের পক্ষের সব শক্তি ঐক্যবদ্ধ থাকলে সব বাধা দূর হবে বলে মনে করেন তিনি। আরটিভি/এসআর
ডিএফসির যোগ্যতা অর্জন বাংলাদেশের মার্কিন বিনিয়োগ বাড়াবে: মাহদী আমিন
শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে মোট ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।  এর মধ্যে ঢাকার মিরপুর, সাভার, হেমায়েতপুর ও আশুলিয়ার ইউনুস কনভেনশন হল, কাঠগড়া, জিরাবো, হামিম গ্রুপ, মিডলার গ্রুপ ও জামগড়া এলাকায় ২০ প্লাটুন; গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সাতাইশ ও সালনা এলাকায় ১৫ প্লাটুন এবং নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় ৭ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ কার্যক্রমে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। শিল্পাঞ্চলের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে। পরিস্থিতির ওপর বিজিবির সার্বক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে। আরটিভি/এসআর
শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন
৩০ নভেম্বর কুষ্টিয়া সফর করবেন প্রধানমন্ত্রী
আগামী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সফরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন তিনি। কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বিন হাসানের বরাত দিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এ খবর জানিয়েছে। দলীয় সূত্রে জানা যায়, নির্বাচন পরবর্তী উন্নয়ন পরিকল্পনা ও নির্বাচনী ইশতেহারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডসহ দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান কুষ্টিয়া সফর করবেন।  পাশাপাশি জেলার ঐতিহ্যবাহী শিল্পপ্রতিষ্ঠান কুষ্টিয়া সুগার মিল লিমিটেড ও মোহিনী মিলস লিমিটেডের অর্থনৈতিক পুনরুজ্জীবন, কর্মসংস্থান সৃষ্টি এবং শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। দীর্ঘদিন ধরে নানা সংকট ও অব্যবস্থাপনায় কুষ্টিয়ার ঐতিহ্যবাহী শিল্পপ্রতিষ্ঠান দুটি ঘিরে স্থানীয় মানুষের প্রত্যাশা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর সফরে এসব প্রতিষ্ঠানের উন্নয়ন ও পুনরায় অর্থনৈতিক কর্মকাণ্ডে ফিরিয়ে আনার বিষয়ে কার্যকর উদ্যোগের সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফর এ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডসহ দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই তিনি কুষ্টিয়ায় আসছেন। সফরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। পাশাপাশি দীর্ঘদিনের প্রত্যাশা কুষ্টিয়া সুগার মিল ও মোহিনী মিলসকে ঘিরে নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরি, শিল্পপ্রতিষ্ঠানগুলোর পুনরুজ্জীবন এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানান তিনি। তিনি আরও বলেন, আমরা আশা করছি, প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে কুষ্টিয়ার উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। আরটিভি/এসআর
৩০ নভেম্বর কুষ্টিয়া সফর করবেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতার আহ্বান
বাংলাদেশের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, অর্থনৈতিক সংস্কার, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং জনসংখ্যাগত চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের দুটি গুরুত্বপূর্ণ সংস্থা ইউএনডিপি ও ইউএনএফপিএর আরও জোরালো সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। সোমবার (১৬ নভেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে সংস্থা দুটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠকে এ সহযোগিতা কামনা করেন তিনি। ইউএনডিপির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক ও সহকারী মহাসচিব কান্নি উইগ্নারাজা এবং ইউএনএফপিএর নির্বাহী পরিচালক দিয়েন কেইতার পক্ষে সংস্থাটির কর্মসূচি বিভাগের উপপরিচালক সোয়োলতুয়া বায়ারার সঙ্গে বৈঠক করেন জহির উদ্দিন স্বপন।  বৈঠকে জাতিসংঘে বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত সঞ্চিতা হকসহ সংশ্লিষ্ট সংস্থা ও বাংলাদেশ স্থায়ী মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইউএনডিপির আঞ্চলিক পরিচালক কান্নি উইগ্নারাজার সঙ্গে বৈঠকে বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা এবং মসৃণ উত্তরণ কৌশল (স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি-এসটিএস) বাস্তবায়নে কারিগরি সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরেন রাজনৈতিক উপদেষ্টা। এ সময় তিনি প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নয়ন, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা এবং রপ্তানি পণ্যের বহুমুখীকরণের ওপর গুরুত্ব দেন। জবাবে কান্নি উইগ্নারাজা এসব ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আশ্বাস দেন। পাশাপাশি প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, বাণিজ্যিক আইন আধুনিকায়ন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। অন্যদিকে, ইউএনএফপিএর উপপরিচালক সোয়োলতুয়া বায়ারার সঙ্গে বৈঠকে জনসংখ্যা গবেষণা, নির্ভরযোগ্য জনসংখ্যা উপাত্ত সংগ্রহ এবং তথ্য-প্রমাণভিত্তিক নীতিনির্ধারণে সংস্থাটির সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান জহির উদ্দিন স্বপন। এ সময় সোয়োলতুয়া বায়ারা মাতৃ ও প্রজননস্বাস্থ্যসেবা, ধাত্রীসেবা সম্প্রসারণ, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং রোহিঙ্গা নারীসহ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় ইউএনএফপিএর চলমান কার্যক্রম তুলে ধরেন। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ এবং সহযোগিতা সম্প্রসারণে সংস্থাটির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বৈঠকগুলোতে বাংলাদেশের সংসদীয় কমিটির সদস্যদের সরকারের কার্যক্রমের ওপর কার্যকর জবাবদিহি নিশ্চিত করার সক্ষমতা বৃদ্ধির বিষয়টিও গুরুত্ব পায়। এ লক্ষ্যে ইউএনডিপি ও ইউএনএফপিএর চলমান কর্মসূচিগুলো আরও সময়োপযোগী করার বিষয়ে পরামর্শমূলক প্রস্তাব দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা। জহির উদ্দিন স্বপনের এ প্রস্তাবকে স্বাগত জানান উভয় সংস্থার প্রতিনিধিরা। পাশাপাশি সংসদীয় কমিটির সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন তারা। আরটিভি/এসআর
বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতার আহ্বান
ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে বারিধারার একটি বাসা থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-০১। মঙ্গলবার (১৭ নভেম্বর) সাকাল ৭টায় বারিধারার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর সাঈদ খোকন গুলশান থানা পুলিশের হেফাজতে রয়েছেন। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আরটিভি/এসআর
ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
আরও পড়ুন
মিরপুর মডেল থানায় কার্যক্রম নিষিদ্ধ দলের ককটেল বিস্ফোরণ
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে সখ্যতা, জবির ৫ কর্মকর্তা বরখাস্ত
আটক কর্মকর্তাদের পুলিশে দেওয়ার দাবিতে মধ্যরাতে জবি ক্যাম্পাসে ছাত্রদল
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গভীর রাতে রেলস্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপ