
বাংলাদেশে সম্প্রতি গ্রামীণ ব্যাংকের ২০টির বেশি শাখায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘ। প্রতিক্রিয়ায় সব ধরনের সহিংসতার ঘটনা জাতীয় কর্তৃপক্ষের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা উচিত বলে জানিয়েছে সংস্থাটি।
গত সোমবার (১৬ নভেম্বর) নিয়মিত সংবাদ সম্মেলনে এ প্রতিক্রিয়া জানান জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক। জাতিসংঘের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ তুলে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকেরা গ্রামীণ ব্যাংকের এক ডজনের বেশি শাখায় হামলা করেছেন। শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস ব্যাংকটির প্রতিষ্ঠাতা। তিনি অন্তর্বর্তী সরকারের নেতৃত্বও দিয়েছিলেন। তার প্রতি ক্ষোভ থেকেই ব্যাংকটিকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে বলে মনে হচ্ছে।
ওই সাংবাদিক জাতিসংঘের কাছে জানতে চান, সংস্থাটি ঘটনাটিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখছে কি না। এ বিষয়ে তাদের কোনো মন্তব্য আছে কি না, সেটিও জানতে চান তিনি।
জবাবে ফারহান হক বলেন, ‘সব ধরনের সহিংসতার ঘটনা জাতীয় কর্তৃপক্ষের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা উচিত।’
একইসঙ্গে, বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার রয়েছে বলেও উল্লেখ করেন জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র।
প্রতিবাদের নামে সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করে তিনি বলেন, ‘বিক্ষোভ অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে।’
গ্রামীণ ব্যাংক বাংলাদেশের একটি ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান। এর প্রতিষ্ঠাতা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। ২০২৪ সালের ৮ আগস্ট থেকে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্বও পালন করেন তিনি।
আরটিভি/এসএইচএম


